স্টাফ রিপোর্টার।।
খুলনায় ডা. নিশাত আব্দুল্লাহর ওপর হামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখার নেতারা। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তদন্ত কমিটি গঠন করে দোষীদের শাস্তির আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার রাত ১০টার দিকে ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএমএ খুলনা শাখার সভাপতি ডা. শেখ বাহারুল আলম ও সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ জানান, আলোচনার পর মন্ত্রী সিদ্ধান্ত দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে প্রধান করে পুলিশের একজন কর্মকর্তা ও চিকিৎসকদের একজন প্রতিনিধি নিয়ে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন হবে। এই কমিটির তদন্তে যার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হবে, তিনি শাস্তি ভোগ করবেন। কমিটি গঠিত হওয়ার ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে।
সভায় উপস্থিত ছিলেন বিএমএর কেন্দ্রীয় সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এস কামাল হোসেন ও পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা।
গত ২৫ ফেব্রুয়ারি খুলনা নগরীর একটি ক্লিনিকে ডা. নিশাত আবদুল্লাহকে পুলিশের এএসআই নাইম মারধর করেন বলে চিকিৎসকদের অভিযোগ। মেয়ের ভুল চিকিৎসার অভিযোগ তুলে তিনি এ হামলা করেন।
এ ঘটনায় ২৮ ফেব্রুয়ারি ডা. নিশাত বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মামলা করেন। পরদিন এএসআই নাঈমের স্ত্রী বাদী হয়ে শ্লীলতাহানি ও মেয়ের অঙ্গহানির অভিযোগে একই থানায় মামলা করেন।
হামলাকারীকে গ্রেপ্তারের দাবিতে এক থেকে চার মাস খুলনার সরকারি-বেসরকারি সব হাসপাতালে কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা। পরে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের আশ্বাসে চিকিৎসকরা ৪ মার্চ এক সপ্তাহের জন্য কর্মবিরতি স্থগিত করেন। পরে ১১ মার্চ তারা কর্মবিরতির কর্মসূচি আরও ১৫ দিনের জন্য স্থগিত করেন।
গত ৯ মার্চ ওই মামলা দুটির চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছে সোনাডাঙ্গা থানা পুলিশ। সেই প্রতিবেদনে বলা হয়েছে, ভুল বোঝাবুঝির কারণে মামলা দুটি করা হয় এবং তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।











































