মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সরকারি রাস্তা কেটে ৮০ বিঘার মৎস্য ঘেরে পানি তুলছেন প্রভাবশালী ঘের ব্যবসায়ী মো. কামরুল হাসান বাবলু। এতে স্থানীয় দুটি ওয়ার্ডের ৫০০ পরিবারের প্রায় ২ হাজার মানুষের চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। সরজমিন খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের উত্তর ফুলহাতা গ্রামের ৬ ও ৭নং এ দুটি ওয়ার্ডের চলাচলের ১৪০নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে থেকে নারিকেলবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় অভিমুখী সিমান্তবর্তী জিউধরা ইউনিয়নের কালামের মোড় পর্যন্ত ৫ কিলোমিটার কাঁচা এ রাস্তাটি ব্যক্তি স্বার্থে মৎস্য ঘেরে পানি উঠানোর জন্য হিন্দুপাড়ার নিরঞ্জন তাফালীর বাড়ির সামনে থেকে কেটে সাঁকো তৈরি করে দিয়েছে প্রভাবশালী ঘের ব্যবসায়ী কামরুল হাসান বাবুল। ৫ বছর ধরে এ কাটা রাস্তার সাঁকো পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। তার ভয়ে কেউ প্রতিবাদ করতে পারছে না। প্রতিনিয়ত চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল শিক্ষার্থীসহ বৃদ্ধদের। রাস্তাটির দু’মাথায় দু’টি প্রাথমিক বিদ্যালয়, এক কিলোমিটার পায়ে হেঁটে ওই সাঁকো পেরিয়ে নারিকেলবাড়িয়া সরকারি পুকুরে খাবার পানি সংগ্রহ করতে হয় ৪ মহল্লার শত শত নারী পুরুষের। এ রাস্তাটি থেকে ওই ঘেরের মাটি কাটার জন্য (এস্কেভেটর) ভেকু মেশিন চালিয়ে রাস্তাটির বিভিন্নস্থানে খানাখন্দে পরিণত করেছে। সরকারি অর্থ বরাদ্দের সংস্কারকৃত রাস্তার পাইলিং ধসে ঘেরের পেটে চলে গেছে।
বছরের পর বছর ধরে সরকারি রাস্তা ক্ষত-বিক্ষত। এতে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা উত্তর ফুলহাতা গ্রামের কৃষক বাচ্চু খান (৩২), দুলু খান (৫৫), মজিদ শিকদার (৫৩), গিয়াস হাওলাদার (৫১), স্বপন ফকির (৫০), মিন্টু হাওলাদার (৪৫), শান্তি রানী তাফালী (৬৫), শিখা রানী (৪৭), দুলালী রানী (৪০)সহ ক্ষতিগ্রস্ত একাধিক গ্রামবাসীরা বলেন, গ্রামের কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে উপজেলা শহরে নিতে চরম ভোগান্তি পোহাতে হয়। তারপরেও ব্যক্তিস্বার্থে সরকারি রাস্তা এভাবে কী করে কেটে বছরের পর বছর ধরে ঘের ব্যবসা চালিয়ে যাচ্ছে। দেখার কি কেউ নেই? আমাদের এ ভোগান্তি লাঘবের জন্য ঊর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। সংশ্লিষ্ট ওয়ার্ড ইউপি সদস্য মো. ফরিদ হোসেন ফকির বলেন, ৫ বছর পূর্বে সরকারি অর্থ বরাদ্দে এ মাটির রাস্তাটি করা হয়েছিল। রাস্তা কেটে প্রভাবশালী ঘের ব্যবসায়ী কামরুল হাসান বাবুল সাঁকো দিয়ে ভোগান্তি সৃষ্টি করে রেখেছে। এ বিষয়ে তিনি নিজে বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। আশা করছেন জনগুরুত্বপূর্ণ এ বিষয়টি প্রশাসন নজরদারিতে নিয়ে জনভোগান্তি অচিরেই লাঘব করবে। এ বিষয়ে মো. কামরুল হাসান বাবুল বলেন, উত্তর ফুলহাতার রাস্তাটি তিনি কেটেছেন। শিগগিরই ওখানে একটি কাঠের পুল তৈরি করে দেবেন। এ সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার এস.এম তারেক সুলতান বলেন, বহরবুনিয়ার সরকারি রাস্তা কাটার বিষয়ে অভিযোগ পেয়েছি। খোঁজখবর নিয়ে ঘের ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করার কারও অধিকার নেই।











































