Home আঞ্চলিক মাল্টিপার্টি এ্যাডভোকেসি ফোরাম-খুলনা এ ইয়ুথ ক্যাম্প

মাল্টিপার্টি এ্যাডভোকেসি ফোরাম-খুলনা এ ইয়ুথ ক্যাম্প

11

সংবাদ বিজ্ঞপ্তি।।

 

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক আজ বৃহস্পতিবার সকালে নগরীর আউটার স্টেডিয়ামে আয়োজিত ইয়ুথ ক্যাম্প-এ প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর সহযোগিতায় মাল্টিপার্টি এ্যাডভোকেসি ফোরাম-খুলনা এ ইয়ুথ ক্যাম্পের আয়োজন করে। বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ ইয়ুথ ক্যাম্পে অংশগ্রহণ করেন।

 

ইয়ুথ ক্যাম্পে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র খুলনার ছাত্র রাজনীতির অতীত ঐতিহ্য তুলে ধরে বলেন, জাতীয় পর্যায়ের সকল আন্দোলন সংগ্রামে খুলনার ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের ভূমিকা ছিল খুবই তাৎপর্যপূর্ণ। ছাত্র রাজনীতির সেই সোনালী অতীত থেকে বর্তমান প্রজন্মকে শিক্ষা লাভ করতে হবে। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রেখে রাজনৈতিক অঙ্গনকে কলুষমুক্ত রাখার প্রচেষ্টা অব্যাহত রাখা দরকার। সকল দলের নেতা-কর্মীদের মধ্যে পারস্পারিক সমঝোতা ও সম্প্রীতি বজায় রাখতে তরুণ ও মেধাবীদের রাজনীতিতে সম্পৃক্ত হওয়া প্রয়োজন বলে সিটি মেয়র উল্লেখ করেন।

 

খুলনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও মাল্টিপার্টি এ্যাডভোকেসি ফোরাম-খুলনার আহবায়ক জোবায়ের আহমেদ জবা’র সভাপতিত্বে ইয়ুথ ক্যাম্পে অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো: মুন্সী মাহবুব আলম সোহাগ। স্বাগত বক্তৃতা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর সিনিয়র রিজিওনাল কো-অর্ডিনেটর রাইয়াত হাসান।

 

তরুণদের রাজনৈতিকভাবে সচেতন করার উদ্দেশ্যে পলিটিক্স ম্যাটার্স প্রস্তুত ও ই-ক্যাম্পিং প্লাটফর্ম সম্পর্কে অবহিত করার জন্য এ ইয়ুথ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে সিনিয়র ফেলো হিসেবে কোর্স সম্পন্নকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়। সিটি মেয়র কোর্স সম্পন্নকারীদের হাতে সার্টিফিকেট ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

 

হঠাৎ বাজার সংলগ্ন মাঠে আয়োজিত ১১তম ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শরীরিক সুস্থতার জন্য লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় অভ্যস্থ করতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ছাত্র ও যুব সমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। একই সাথে তিনি যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে সমাজের কল্যাণে নিয়োজিত করতে উদ্বুদ্ধ করে যাচ্ছেন।

 

সিটি মেয়র আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর ৩১নং ওয়ার্ডের হঠাৎ বাজার সংলগ্ন মাঠে আয়োজিত ১১তম ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। স্থানীয় লিটিল স্টার বয়েজ ক্লাব এ টুর্ণামেন্টের আয়োজন করে।

 

সিটি মেয়র আরো বলেন, খেলাধুলার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়। সরকার খেলাধূলার মানোন্নয়নে অত্যন্ত আন্তরিক হিসেবে উল্লেখ করে শহর এলাকায় বেশি বেশি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের আহবান জানান।

 

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে সমাজকর্মী মো: হাসান চান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মো: তাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো: ফারুক হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো: শামীমুর রহমান শামীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

৩২দলীয় এ টুর্ণামেন্টের ফাইনাল খেলায় শেখ শহিদ আলী বয়েজ ক্লাব ও মেহেদী হাসান তোপ্পা একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে শেখ শহিদ আলী বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সিটি মেয়র চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।

 

সকাল ৯টায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর খালিশপুরস্থ খুলনা নিউজপ্রিন্ট মিলস স্কুল এন্ড কলেজ ময়দানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। কেসিসি’র কাউন্সিলর এস এম খুরশিদ আহম্মেদ টোনা, সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তারসহ স্কুলের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।