বিশেষ প্রতিনিধি ॥
মাঠে তেমন কোন জায়গা জমি নেই। গোয়ালের ৫ টি গরুই ছিল তার সংসারের সম্বল। মঙ্গলবার গভীর রাতে হঠাৎ আগুনে পুড়ে ৩ টি গরু ভষ্মিভূত হয়েছে। এ সময় দগ্ধ হয় অপর ২ টি। গরুগুলো আগুনের মধ্য থেকে সরানোর চেষ্টাকালে খায়রুল ইসলাম নামের এক যুবক আহত অবস্থায় কালীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে ঝিনাইদহ কালীগঞ্জের বালিয়াডাঙ্গা গ্রামে। ক্ষতিগ্রস্থ হতদরিদ্র কৃষক সামাউল মন্ডল জানান এতে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন।
ক্ষতিগ্রস্থ পরিবারে সদস্য খাইরুল ইসলাম জানান,রাত দেড় টার দিকে প্রকৃতির ডাকে বাইরে এসে দেখেন তার চাচার গরুর গোয়ালে দাউ দাউ করে আগুন জ¦লছে। আর গরুগুলো আগুনে ছটফট করছে। এ সময় তার চিৎকারে গ্রামবাসীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলেও ৩ টি গরু মারা যায়। অপর ২ টি দগ্ধ হয়। বৈদ্যুতিক শট সার্কিটে ওই আগুনের সুত্রপাত হতে পারে বলে তাদের ধারনা।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ জানান, আগুনের খবর পাওয়ার পর পরই তারা গাড়ী নিয়ে রওনা দেন। কিন্তু ঘটনাস্থলে পৌছার আগেই আগুন নিভে গেছে এমন সংবাদ দিলে মাঝপথ থেকেই তারা ফিরে আসেন।
ক্ষতিগ্রস্থ কৃষক সামাউল মন্ডল জানান, অভাবের সংসারে অন্য কাজের পাশাপাশি গরু পালন করেন। এখনও ৫ টি গরু পালন করে আসছিলেন। কিন্ত আমার সবশেষ হয়ে গেলো। এখন আগুনে দগ্ধ হয়ে বেঁচে থাকা ২টি গরুর চিকিৎসার জন্যও মানুষের কাছে হাত পাততে হবে।
ওই ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু জানান, আমি সংবাদ পাওয়ার ঘটনাস্থলে গিয়েছিলাম। কৃষক সামাউল একজন পরিশ্রমী কৃষক। অন্য কাজের পাশাপাশি বাড়িতে গরু পালনের মাধ্যমে রোজগার করে থাকে। কিন্ত আগুনে তার ব্যাপক ক্ষতি হয়ে গেছে।











































