গোপালগঞ্জ প্রতিনিধি।।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাসচাপায় তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের মাদ্রাসাশিক্ষক এম এ হাসিব, কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের নবীর শেখ (২২) ও আব্দুর রহিম (২০)। এর মধ্যে হাসিব মোটরসাইকেল চালাচ্ছিলেন, আর নবীর ও রহিম বাইসাইকেলে ছিলেন।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মানবিন্দ্র বিশ্বাস জানান, দুপুরে পোনা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও বাইসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক এম এ হাসিব নিহত হন।
এসআই বলেন, এসময় আহত হন বাইসাইকেলে থাকা নবীর শেখ ও আব্দুর রহিম। পরে ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, দুর্ঘটনার পর মহাসড়কের ওই স্থানে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ ছিল। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হাফিজ জানান, তিনজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।











































