বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের শরণখোলায় পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেয়া মাদককারবারি ইলিয়াস শিকদারকে (৪০) আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে অভিযান চালিয়ে তাকে আটক করে শরণখোলা থানা পুলিশ। এর আগে বুধবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার পশ্চিম খোন্তাকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
ইলিয়াস শিকদার শরণখোলা উপজেলার পশ্চিম খোন্তাকাটা গ্রামের গ্রামের মৃত আবদুর রশিদ শিকদারের ছেলে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, বুধবার রাতে গোপন সূত্রের খবরে অভিযান চালিয়ে ইলিয়াসকে মাদকসহ আটক করা হয়। এ সময় মাদক কারবারে জড়িত ১০ থেকে ১২ জন নারী-পুরুষ লাঠিসোটা নিয়ে পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালিয়ে মাদকসহ ইলিয়াসকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় শরণখোলা থানার এএসআই শফিক ও একজন কনেস্টেবল আহত হন। তাদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
তিনি জানান, হামলার ঘটনায় বুধবার রাতে ওই গ্রামের আবদুর রশিদ শিকদারের ছেলে ইলিয়াস শিকদার, ফারুক শিকদার, নাছির শিকদার, দুলাল শিকাদরের ছেলে মিজান শিকদার, সালাম শরিফের ছেলে সাইফুল শরিফ, ইলিয়াস শিকদারের স্ত্রী রূপালি বেগম ও মেয়ে আঁখিসহ ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে। যেখানে পুলিশের ওপর হামলার অভিযোগ করা হয়। সকালে পুলিশ অভিযান চালিয়ে ইলিয়াস শিকদারকে আটক করে।











































