Home আঞ্চলিক অন্ধকারে ব্যাটারি পুড়িয়ে সীসা, ১২ গরুর মৃত্যু

অন্ধকারে ব্যাটারি পুড়িয়ে সীসা, ১২ গরুর মৃত্যু

14

গোপালগঞ্জ প্রতিনিধি।।
লোকালয়ে রাতের অন্ধকারে ব্যাটারি পুড়িয়ে বের করা হচ্ছে সীসা। গোপনে বিভিন্ন যানবাহনের অকেজো ব্যাটারি এনে স্তূপ করা হয়। তারপর সেগুলো ভেঙে ব্যাটারির অ্যাসিড ও পানি আশপাশে ফেলা হয়। ৩টি চুলার আগুনে পোড়ানো হচ্ছে ব্যাটারি। রাত ১০টায় ব্যাটারি পুড়িয়ে সীসা বের করার কাজ শুরু হয়। ভোর ৪টায় ব্যাটরি পোড়ানো বন্ধ করা হয়। এরপর ট্রাকে করে সীসা নিয়ে যাওয়া হয়। এখান থেকে কারখানা মালিকের প্রতিদিন লাখ লাখ টাকা আয় হচ্ছে। ব্যাটারি পোড়ানোয় এলাকায় মারাত্মক ক্ষতিকর দূষণ ছড়িয়ে পড়ছে। কালো ধোঁয়া ও ছাইতে গাছপালার পাতা কালো বর্ণ ধারণ করেছে। আশাপাশের ফসলী জমির ফসল ও সবুজ ঘাস কালচে রং ধারণ করেছে। এই এলাকার ঘাস, লতা ও আঁখের পাতা খেয়ে ১২টি গরু মারা গেছে। মানুষ, প্রাণী ও উদ্ভিদের জন্য ব্যাটারি পোড়ানোর কলো ধোঁয়া ও ছাই মারাত্মক ক্ষতিকর বলে জানিয়েছেন পরিবেশ বিশেষজ্ঞরা। এমন ঝুঁকির মধ্যে পড়েছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের রাতইল গ্রাম।
এ বিষয়ে ওই গ্রামের ক্ষতিগ্রস্ত নজরুল ইসলাম পরিবেশ অধিদফতরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, রাতইল চরপাড়া গ্রামের মো. আব্দুল হালিম উকিলের প্রায় এক জমি ভাড়া নিয়েছে পাবনা জেলার ইয়াকুব। অস্থায়ীভাবে ঘিরে এই জমিতে ব্যাটারি পোড়ানোর কারখানা স্থাপন করেছেন। ওই এলাকায় যাওয়া মাত্র ব্যাটরি পোড়ানোর দুর্গন্ধ পাওয়া যায়। আশাপাশের গাছপালায় মড়ক লেগেছে। সরিষা ক্ষেত ও ঘাস কালচে বর্ণ ধারণ করেছে।

 

অভিযোগকারী নজরুল ইসলাম বলেন, ৬ মাস আগে জমি ভাড়া নিয়ে পাবনা জেলার এক ব্যক্তি ব্যাটারি পুড়িয়ে সীসা বের করার কারখানা স্থাপন করেন। তারা রাতে সেখানে ব্যাটারি পুড়িয়ে সীসা বের করেন। দিনের আলো ফোটার আগেই কারখানা বন্ধ করে দেওয়া হয়। ব্যাটারি পোড়ানোর সময় আগুন ৩০ ফুট উপরে ওঠে। কালো ধোঁয়ায় গোটা এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। বাতাস যে দিকে প্রবাহিত হয় সেদিকেই দুর্গন্ধ ছড়ায়। এ ছাড়া ব্যাটারি পোড়ানোর কালো ছাই পরে ফসলী জমির ক্ষতিগ্রস্ত হচ্ছে। গাছের পাতা, জমির কলাই, সরিষা ফসল ও ঘাস বিবর্ণ হয়ে গেছে। ওই এলাকার লতা—পাতা, ঘাস ও আঁখের পাতা খেয়ে এলাকার ১২টি গরু মরে গেছে। এলাকার পরিবেশ রক্ষায় ওই কারখানা উচ্ছেদের জন্য আমি পরিবেশ অধিদফতরে গত মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) লিখিত অভিযোগ দায়ের করেছি। বুধবার ১৫ ফেব্রুয়ারি পরিবেশ অধিদফতরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ব্যাটারি পোড়ানো বন্ধ করতে নির্দেশ দিয়ে ৭ দিনের মধ্যে কারখানা সরিয়ে নিতে বলেছেন।

রাতইল গ্রামের ক্ষতিগ্রস্ত কাওসার মোল্লা ওরফে পান্নু বলেন, ব্যাটারি পোড়ানো কারখানার পাশে আমার আঁখের ক্ষেত রয়েছে। ক্ষেত থেকে আঁখের পাতা কেটে গরুকে খাইয়ে ছিলাম। ওই পাতা খেয়ে ২ মাস আগে আমার ২টি গরু মারা যায়। এ ছাড়া এখানে যারা গরু চড়িয়েছেন তাদের গরু লতা ও ঘাস খেয়ে মারা গেছে। এই গ্রামের হেলাল মুন্সির ২টি, ভুলু তালুকদরের ১টি, ভুলু মুন্সির ২টি হালিম মিয়ার ২টি, দিলদারের ১টি ও পাচু মিয়ার ১টি গরু মারা গেছে। সব মিলিয়ে এই এলাকার ঘাস খেয়ে ১২টি গরু মারা গেছে। ব্যাটারি পোড়ানোর কালো ধোঁয়া ও ছাই বিষাক্ত। তাই ওই এলাকার ঘাস, লতা—পাতা খেয়ে গরু মারা গেছে। আমরাও স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছি।

 

নাম প্রকাশ না করার শর্তে একজন ব্যাটারি পোড়ানো শ্রমিক বলেন, ইয়াকুব সারাদেশ থেকে অকেজো গাড়ির ব্যাটরি কিনে আনে। তারপর অস্থায়ী করাখানা গড়ে সেগুলো পুড়িয়ে সীসা বের করে বিক্রি করেন। প্রতিদিন তিনি অন্তত ২ লাখ টাকার সীসা বিক্রি করেন। তার কারখানা কোনো জেলায় ৬ মাস, কোনো জেলায় ৫ মাস টেকে। তারপর গাছপালা, পশুপাখির ক্ষতি শুরু হলে স্থানীয়দের বাধার মুখে কারখানা গুঁটিয়ে নিয়ে নতুন জায়গায় স্থাপন করেন। সেখানে আবার এই কার্যক্রম শুরু করেন।

জমির মালিক রাতইল গ্রামের মো. হালিম উকিল বলেন, আমি পাবনার এক ব্যক্তিকে বছরে ৪০ হাজার টাকা ভাড়া চুক্তিতে আমার জমি ভাড়া দিয়েছি। সেখানে সে কী করছে তা আমি জানি না। চুক্তির মেয়াদ ৬ মাস হয়েছে। তাকে আমি এক বছরের আগে জমি ছেড়ে দিতে বলতে পারি না। পরিবেশ অধিদফতর আমাকে ফোন দিয়েছিলো। আমি তাদের বলেছি, ভাড়াটের কার্যক্রমে আমার জমির সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে। এ ছাড়া সে পরিবেশ দূষিত করে এলাকার মানুষ, পশু—পাখি, ফসল ও গাছের ক্ষতি করছে। তাই মোবাইলকোর্ট পরিচালনা করে কারখানাটি উচ্ছেদ করার জন্য পরিবেশ অধিদফতরকে অনুরোধ করেছি।

রাতইল গ্রামের কৃষি শ্রমিক আব্দুল হাই, আলমগীরসহ অন্যরা বলেন, রাতে পোড়ানো হয় । কিন্তু বাতাসের সঙ্গে ব্যাটারি পোড়ানো দুর্গন্ধ সারাদিন ছড়ায়। এ ছাড়া ব্যাটারির অ্যাসিডের গন্ধতো রয়েছেই। জমিতে কাজ করার সময় এই গন্ধ নাকে গেলেই কাশি আসে। কারখানার পাশ দিয়ে নাক বন্ধ করে চলাচল করতে হয়।

পরিবেশ অধিফতরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, আমরা অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সত্যতা পেয়েছি। ওই কারখানায় ব্যাটারি পোড়ানো বন্ধ ও কারখানা সরিয়ে ফেলতে জমির মালিককে ৭ দিন সময় দিয়েছি। কারখানার শ্রমিকদের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। তারা কারখানা সরিয়ে না নিলে মোবাইল কোর্ট পরিচালনা করে অচিরেই কারখানা উচ্ছেদ করা হবে।

অভিযুক্ত কারখানা মালিক ইয়াকুব বলেন, পরিবেশ অধিদফতর আমাদের ৭ দিন সময় দিয়েছে। ৭ দিনের মধ্যে আমরা এখান থেকে কারখানা সরিয়ে নেব।

গোপালগঞ্জ বন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মো. রাজিব হোসেন বলেন, ব্যাটারি পোড়ানোর ধোঁয়ায় মানুষের শ্বাস কষ্ট, ফুসফুসে ক্যান্সারসহ শরীরে বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়। ওই কারখানার আশপাশে উৎপাদিত শাক—সবজি খেলে মানবদেহে বিষক্রিয় সৃষ্টি হতে পারে। গরু-ছাগল ওই এলাকার ঘাস, লতা—পাতা খেলে বিষক্রিয়ায় মারা যেতে পারে। ওই কারখানার ধোঁয়া ও ছাই যত দূরে যাবে, সেই পর্যন্ত পরিবেশ মারাত্মক দূষিত হবে। তাই পরিবেশ সুরক্ষায় ব্যাটারি পোড়ানো কারখানা উচ্ছেদের কোনো বিকল্প নেই।