Home আঞ্চলিক তালায় ৪৭০ লিটার ভেজাল দুধসহ বিভিন্ন উপকরণ জব্দ

তালায় ৪৭০ লিটার ভেজাল দুধসহ বিভিন্ন উপকরণ জব্দ

50

তালা প্রতিনিধি।।
সাতক্ষীরার তালায় আবারো দুধে ভেজাল দ্রব্য মেশানোর অপরাধে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদ্বণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয়েছে ৪৭০ লিটার ভেজাল দুধ, ৩৬ কেজি ভেজাল গ্লুকোজ, ১০ লিটার সয়াবিন তেল ও ব্লেন্ডার মেশিনসহ বিভিন্ন উপকরণ। সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নিরাপদ খাদ্যকর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তালা উপজেলার মহান্দী গ্রামে অভিযান চালিয়ে তাকে মালামালসহ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারক ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস তাকে ৬ মাসের কারাদ্বণ্ড প্রদান করেন।
আটক উজ্জ্বল ঘোষ মহান্দী গ্রামের বসুদেব ঘোষের ছেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক নাজমুল হাসান ও নিরাপদ খাদ্য অফিসার মোখলেছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে তালা উপজেলার মহান্দী গ্রামে অভিযান চালিয়ে মালামালসহ ভেজাল দুধ প্রস্তুতকারক উজ্জল কুমার ঘোষকে আটক করে। আটক উজ্জল ঘোষ এ সময় তাদের কাছে স্বীকার করেন, তিনি দীর্ঘদিন এসকল অপদ্রব্য মিশিয়ে দুধ বানিয়ে তরল দুধ হিসেবে বিক্রি করে আসছেন।

তিনি আরো বলেন, ওই এলাকার অনেক ব্যবসায়ী এ ধরনের কাজে জড়িত। অধিক নিশ্চয়তার লক্ষ্যে জব্দকৃত দুধ ল্যাব পরীক্ষা করে তা ভেজাল বলেও প্রমাণিত হয়েছে। আটক উজ্জল ঘোষকে পরে তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) রুহুল কুদ্দুস ভ্রাম্যমাণ আদালতে তাকে ৬ মাসের কারাদ্বণ্ড প্রদান করেন। পরে ভেজাল দুধ ড্রেনে ফেলে ও গ্লুকোজগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ সময় তাদের সাথে অভিযানে আরো উপস্থিত ছিলেন, ক্যাবের সদস্য সাকিবুর রহমান, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর শরীফ আব্দুল মতিনসহ পুলিশ সদস্যরা।

তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস জানান, দুধে ভেজাল মেশানোর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী উজ্জল ঘোষকে ছয় মাসের বিনাশ্রম কারাদ্বণ্ড প্রদান করা হয়।

উল্লেখ্য, এর আগে গত বছরের শেষের দিকে জেলা দুগ্ধ খামার সমবায় সমিতির কেন্দ্রীয় সভাপতি প্রশান্ত ঘোষকে বিপুল পরিমাণ ভেজাল দুধ ও বিভিন্ন উপকরণসহ তাকে আটকের পর ৬ মাসের কারাদ্বণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করা হয়।