সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার পৌর মেয়র আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতীর সাময়িক বরখাস্ত আদেশ স্থগিত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বিত হাইকোর্ট ডিভিশনের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।
শুনানীতে সাতক্ষীরার মেয়রের বরখাস্তের সিদ্ধান্ত কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে বিবাদীদের প্রতি ৪ সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন হাইকোর্ট। এছাড়া গত ৬ ফেব্রুয়ারি জারি হওয়া সাময়িক বরখাস্তের আদেশ ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে।
এর আগে, গত ৬ ফেব্রুয়ারি পৌর মেয়র চিশতীকে বরখাস্তের নোটিশ দেয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ। এতে তার বিরুদ্ধে নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হবার কথা উল্লেখ করা হয়েছিলো। মেয়র চিশতী ওই বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। রিটে স্থানীয় সরকার সচিব সহ ৮ জনকে বিবাদী করা হয়।
রিট আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল।
উল্লেখ্য পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী বেশ কয়েকবারের নির্বাচিত পৌর মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বর্তমান মেয়র পদে টানা দুইবারের নির্বাচিত মেয়র তিনি। চলতি বছরের ২৪ জানুয়ারি নাশকতার মামলায় তাকে কারাগারে পাঠানোর পর গত ৯ ফেব্রুয়ারি তারিখে তিনি জামিনে মুক্ত হন।








































