সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার কলারোয়ার মেধাবী ছাত্রী জেসমিন আক্তার পিংকীর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কলারোয়া উপজেলার কাজীরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন ছাত্র সংগঠনের আয়োজনে মঙ্গলবার দুপুরে কাজীরহাট বাজার মোড়ে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জেসমিন আক্তার পিংকী যশোর পলিটেকনিক কলেজের ৪র্থ বর্ষের ছাত্রী ছিলেন।
সাতক্ষীরা জজ কোটের এ.পি.পি আশরাফুল আলম বাবুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ৮নং কেরালকাতা ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী (ভিপি), কাজীরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক শামসুল হক, কাজীরহাট ডিগ্রি কলেজ অধ্যক্ষ শহিদুল আলম, নিহত জেসমিন আক্তার পিংকীর পিতা জাকির হোসেন, বড় ভাই আনিছুর রহমানসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, কলারোয়া উপজেলার মেধাবী ছাত্রী জেসমিন আক্তার পিংকীকে প্রতারণার ফাঁদে ফেলে সম্প্রতি নির্মমভাবে হত্যা করেছে ঘাতক আহসান কবির অঙ্কুর। বক্তারা এ সময় তার ফাঁসি নিশ্চিত করার জোর দাবি জানিয়ে বলেন, আইনের ফাঁক ফোকর দিয়ে যেন কোনভাবেই ঘাতক পার পেয়ে যেতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তারা আশু হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, জেসমিন আক্তার পিংকী কলারোয়া উপজেলার কাজীরহাট এলাকার জাকির হোসেনের মেয়ে। গত ১০ ফেব্রুয়ারি বিকাল ৩টায় যশোরের শার্শা থানার নাভারনের বুরুজবাগান এলাকায় আহসান কবির অঙ্কুরের বাড়ির সেপটিক ট্যাংক থেকে পিংকীর গলিত মরদেহ উদ্ধার করে র্যাব। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পিংকির প্রেমিক আহসান কবির অঙ্কুরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছিলেন র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার নাজিউর রহমান।
নিহত পিংকি গত ২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন বলে জানান তিনি। পিংকী যশোর পলিটেকনিক ইন্সটিটিউটের ৪র্থ বর্ষের ছাত্রী ছিলেন। সম্পর্কের অবনতি হওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে তার প্রেমিক আহসান কবির অঙ্কুর।








































