খুলনাঞ্চল রিপোর্ট।।
এবি ব্যাংকের ৩২৫ কোটি ৭৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জসিম উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে র্যাব। তিনি বিএনপি নেতা আসলাম চৌধুরীর পারিবারিক মালিকানাধীন রাইজিং স্টিল লিমিটেডের পরিচালক ও তার ছোট ভাই।
র্যাব জানায়, বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব আরেও জানায়, গত ২৪ জানুয়ারি বিভিন্ন গণমাধ্যমে দেশের শীর্ষ ২০ জন ঋণখেলাপির নাম প্রকাশ করা হয়। ওই তালিকায় চট্টগ্রামের বিএনপি নেতা আসলাম চৌধুরীর রাইজিং স্টিল লিমিটেডের ঋণ ১ হাজার ১৪২ কোটি টাকা উল্লেখ করা হয়। মহান জাতীয় সংসদেও ঋণখেলাপিদের তথ্য উপস্থাপিত হওয়ার সঙ্গে সঙ্গে র্যাব ঋণখেলাপিদের বিরুদ্ধে ছায়া তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে রাইজিং স্টিল লিমিটেডের পরিচালক জসিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে বেসরকারি এবি ব্যাংকের কাছ থেকে ৩২৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকা আত্মসাতের দুদকের মামলার তথ্য পাওয়া যায়।
মামলার এজাহারে বলা হয়েছে, আসলাম চৌধুরীর পারিবারিক মালিকানাধীন রাইজিং স্টিল লিমিটেড পুরনো জাহাজ কেনার জন্য ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তিনটি ঋণপত্রের (এলসি) বিপরীতে এবি ব্যাংক চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে ৩২৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকা ঋণ নিয়ে তা পরিশোধ করেননি। ওই ঘটনায় ২০১৬ সালে দুদক বাদি হয়ে চট্টগ্রামের হালিশহর থানায় একটি মামলা দায়ের করে যা বর্তমানে চট্টগ্রামের বিশেষ জজ আদালতে বিচারাধীন রয়েছে। এই মামলায় রাইজিং স্টিল লিমিটেডের পরিচালক জসিম উদ্দীন চৌধুরীকে ৩নং আসামি করে ২০১৭ সালে চার্জশিট দাখিল করে। চার্জশিট গঠনের পর থেকেই জসিম উদ্দিন চৌধুরী পলাতক ছিলেন।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি জসীম উদীন চৌধুরীর নামে ৮টি মামলার ওয়ারেন্ট রয়েছে।










































