Home আঞ্চলিক খুলনায় স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

খুলনায় স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

9

স্টাফ রিপোর্টার।।

খুলনায় স্ত্রী নূপুরকে হত্যার মামলায় স্বামী ওমর ফারুককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহামুদা খাতুন এ রায় দেন।

রায় ঘোষণার পর আসামি ফারুককে আদালত থেকে কারাগারে পাঠানো হয়। আসামি নগরীর খানজাহান আলী থানা এলাকার পাড়িয়ারডাঙ্গা এলাকার রুস্তুম আলী ফারাজীর ছেলে।

আইনজীবীরা জানান, ২০১৫ সালে ওমর ফারুক ও নুপুরের বিয়ে হয়। ২০১৮ সালে তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। কলহের জেরে ফারুক তার স্ত্রীকে প্রায়ই মারধর করতেন। বিষয়টি জানতে পেরে নূপুরের বাবা তাদের দুজনকে বাড়ি ডেকে নেন। তখন ফারুককে টাকা দেওয়ার আশ্বাস দেন নুপুরের বাবা মো. খলিলুর রহমান। পরে মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেন তিনি।

২০১৮ সালের ১৭ জুলাই নুপুরের বাবা জানতে পারেন, তার মেয়ের মৃত্যু হয়েছে। বাড়ির পাশের বাগানে মেয়ের লাশ পড়ে রয়েছে। বাগানে হাত ও মুখ বাধা লাশ দেখে তার সন্দেহ হয়। এ ঘটনায় ওমর ফারুককে আসামি করে থানায় মামলা দায়ের করেন তিনি। পুলিশ আসামি ফারুককে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায় স্বীকার করেন ফারুক।

মামলার তদন্ত কর্মকর্তা খানজাহান আলী থানার এসআই সুমঙ্গল কুমার দাস ফারুককে আসামি করে একই বছরের ১৯ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।