খুলনাঞ্চল ডেস্ক।।
ভোরে সবাই যখন গভীর ঘুমে তখন শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও সিরিয়াসহ আশপাশের দেশগুলো। ভয়াবহ এই ভূমিকম্পে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির সংখ্যা ২ হাজার ৩০০ জন ছাড়িয়ে গেছে। ধসে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তুরস্ক জরুরি অবস্থা ঘোষণা করেছে। দেশটি ৮৪ বছরের মধ্যে এত শক্তিশালী ভূমিকম্প দেখেনি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় সোমবার ভোররাত ৪টা ১৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল সিরিয়া সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। সংস্থাটি আরও জানায়, তুরস্কের রাজধানী আঙ্কারাসহ দেশটির অন্যান্য শহরে এবং পার্শ্ববর্তী সিরিয়াসহ প্রতিবেশী দেশ লেবানন, সাইপ্রাস, ইসরায়েলেও এই ভূকম্পন অনুভূত হয়। এরপর কয়েকবার পরাঘাত আঘাত হানে।
এগুলোর মধ্যে একটি ছিল ৬ দশমিক ৪ ও একটি ৬ দশমিক ৫ মাত্রার। আল-জাজিরার খবরে বলা হয়, তুরস্কে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হলো কাহরামানমারাস, গাজিয়ানতেপ, সানলিউরফা, দিয়ারবাকির, আদানা, আদিয়ামান, মালত্য, ওসমানিয়ে, হাতায় ও কিলিস। আর সিরিয়ার আলেপ্পো, ইদলিব, হামা ও লাতাকিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে দুই দেশের কয়েক হাজার ভবন ধসে পড়েছে। ঘটনার পরপরই অনুসন্ধানকারী ও উদ্ধারকারী দল কাজ শুরু করে। তবে তুরস্কে শীতকালীন তুষারঝড়ের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। তুষারে অনেক সড়ক ঢেকে গেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ভূমিকম্পে হতাহতদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেছেন। পাশাপাশি এই বিপর্যয় মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। প্রথম ভূমিকম্পের কয়েক ঘণ্টা পর গাজিয়ানতেপ থেকে প্রায় ৮০ মাইল দূরে তুরস্কের কাহরামানমারস প্রদেশের ইলবিস্তান জেলায় আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর মাত্রা ছিল ৭ দশমিক ৫। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, এটি কোনো পরাঘাত নয়। এটা নতুন ভূমিকম্প। প্রথম ভূমিকম্পের পর এই প্রদেশে এখন পর্যন্ত ৭০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে দ্বিতীয় ভূমিকম্পের কারণে হতাহতের বিষয়ে জানা যায়নি।

স্বজনদের জীবিত উদ্ধারের আশায় অপেক্ষা: একজন বৃদ্ধা কুর্দি ভাষায় কান্নাকাটি করছেন। তার ভগ্নিপতি, ভাতিজি এবং ভাগ্নেরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। তাদের জীবিত উদ্ধারের আশায় অপেক্ষার প্রহর গুনছেন তিনি। কিছু অল্পবয়সী প্রতিবেশী তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। ওই নারীকে সান্ত্বনা দিয়ে তারা বলছেন, ‘কয়েক মিনিট আগে একজনকে উদ্ধার করা হয়েছে। তারা আপনার পরিবারকেও উদ্ধার করবে।’ তবে ওই নারীর পরিবার ১২ তলা ভবনের নিচতলায় বসবাস করতেন; যে কারণে তাদের জীবিত উদ্ধারের ব্যাপারে খুব একটা আশাবাদী নন তিনি। তিনি বলেন, ‘তারা নিচতলায় ছিল। ঘুমাচ্ছিল। আমি জানি না কেউ তাদের কাছে পৌঁছাতে পারবে কি না… এখানে প্রচণ্ড ঠান্ডা। আমার বাচ্চাগুলো ধ্বংসস্তূপের নিচে জমে যাবে।’ তবে তুরস্কে এমন অসংখ্য পরিবারের খোঁজ পাওয়া গেছে, যাদের পরিবারের কোনও সদস্যেরই সন্ধান মিলছে না। এমনকি স্বজন হারানোর শোকে যে কান্না করবেন কিছু পরিবারে এমন একজনও জীবিত নেই। ভূমিকম্পের আর্থিক ক্ষতি ১০০ কোটি ডলার থেকে এক হাজার কোটি ডলারের মধ্যে হতে পারে; যা তুরস্কের জিডিপির প্রায় ২ শতাংশের সমান। তুরস্কের একটি শহরের উদ্ধার তৎপরতার দৃশ্য তুলে ধরে বিবিসি লিখেছে, উদ্ধারযজ্ঞ চলার সময় আকস্মিকভাবে জনতা উচ্চস্বরে চিৎকার করছেন। তাদের হাততালি দিতেও দেখা যাচ্ছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে কারও কাছে পৌঁছানোর সাথে সাথে লোকজন চিৎকার করছেন। তবে যাকে উদ্ধার করা হচ্ছে, তার কোনও আত্মীয় নন এই হাততালি দেওয়া লোকজন। তবে কেউ যে উদ্ধার হচ্ছে, তাতেই তারা খুশি। সেখানকার পরিস্থিতিতে বর্ণনায় বিবিসি বলছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে সেখানে নেমে আসছে পিন-পতন নীরবতা। কারণ যাকে উদ্ধার করা হচ্ছে, তিনি মারা গেছেন। বিবিসির তুরস্ক প্রতিনিধি হাতিস কামের দিয়ারবাকি থেকে বলেছেন, শহরটিতে হিমশীতল ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাতও হচ্ছে। আফটারশকের কারণে কোনও লোকজনই তাদের বাড়ির কাছাকাছি যেতে পারছেন না। যদিও তারা মাঝরাতে বাড়ি থেকে তাড়াহুড়ো করে চলে গেছেন… শীত নিবারণের জন্য জ্যাকেট এবং জুতো নেওয়ার জন্য বাড়ি ফিরে যেতে ভয় পাচ্ছেন তারা।
তুরস্কে প্রাণহানি ১০ হাজার ছাড়াতে পারে: ভয়াবহ এই ভূমিকম্পে কেবল তুরস্কেই প্রাণহানির সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। সংস্থাটি বলেছে, সোমবার ভোরে দক্ষিণ তুরস্কে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে এবং এটি এক লাখে পৌঁছারও কিছুটা আশঙ্কা আছে। ওই অঞ্চলের অতীতের ভূমিকম্প, সর্বাধিক কম্পনের আওতাধীন এলাকার জনসংখ্যার কাঠামো এবং সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত অঞ্চলের অবকাঠামোগত দুর্বলতার ওপর ভিত্তি করে এমন অনুমান করেছে ইউএসজিএস। সংস্থাটি বলেছে, ভূমিকম্পে তুরস্কে প্রাণহানি এক হাজার থেকে ১০ হাজার জনে পৌঁছানোর সম্ভাবনা ৪৭ শতাংশ। আর ১০০ থেকে ১ হাজার জনে পৌঁছানোর সম্ভাবনা ২৭ শতাংশ। তবে ১০ হাজার থেকে এক লাখের মধ্যে পৌঁছানোর সম্ভাবনাও রয়েছে, সেটি ২০ শতাংশ। ইউএসজিএসের প্রতিবেদনে বলা হয়েছে, রেকর্ড মাত্রার এই ভূমিকম্পে ব্যাপক হতাহত এবং ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই ভূমিকম্পের বিপর্যয় প্রবল হওয়ার সম্ভাবনাও রয়েছে। ‘ওই অঞ্চলের মানুষ এমন অবকাঠামো ব্যবস্থায় বসবাস করেন, যেগুলো ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে কিছু ভূকম্পন প্রতিরোধী অবকাঠামোও রয়েছে সেখানে।’ ভূমিকম্পের আর্থিক ক্ষতি ১০০ কোটি ডলার থেকে এক হাজার কোটি ডলারের মধ্যে হতে পারে যা তুরস্কের জিডিপির প্রায় ২ শতাংশের সমান।

চোখের সামনে জানালাগুলো চূর্ণবিচূর্ণ হয়ে যায়: এ ঘটনায় বেঁচে যাওয়া তুরস্কের মালত্য শহরে ২৫ বছর বয়সী ওজগুল কনাকচি বলেন, ভূমিকম্পের সময় তিনি ও তাঁর ভাই ঘুমাচ্ছিলেন। তিনি বলেন, ‘আমরা একে অপরের দিকে তাকিয়ে বলি, তুমি কি কাঁপছ? আমি ল্যাম্পের (বাতি) দিকে তাকালাম। মনে হচ্ছিল ল্যাম্পটি ভেঙে যাচ্ছে। আমরা আমাদের তিন বছর বয়সী ভাতিজাকে সঙ্গে নিয়ে লাফিয়ে বেরিয়ে পড়লাম।’ ওজগুল কনাকচি বলেন, সব লোক এখন রাস্তায় অবস্থান করছেন। তাঁরা কী করবেন, তা নিয়ে বিভ্রান্ত। ভূমিকম্পে ওজগুলদের ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের আশপাশের পাঁচটি ভবন ধসে গেছে। তিনি বলেন, ‘আমাদের চোখের সামনে পরাঘাতে একটি ভবনের জানালাগুলো ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে যায়।’ তুরস্কের দক্ষিণাঞ্চলীয় আদানা শহরের বাসিন্দা নিলুফার আসলান একটি পাঁচতলা বাড়িতে থাকতেন। ভূমিকম্পের সময় তিনি ধরেই নিয়েছিলেন আর বাঁচবেন না। আর তা ভেবে আশপাশের কক্ষে থাকা পরিবারগুলোর সবাইকে ডাকতে থাকেন তিনি। বলেন, ‘ভূমিকম্প হচ্ছে। চল, অন্তত সবাই এক জায়গায় একসঙ্গে মরি।’ ভূমিকম্পের সময় এক মিনিট ধরে তাঁরা দুলেছেন। ভূমিকম্প থামার পর বাইরে বের হয়ে দেখতে পান, তাঁর বাড়ির আশপাশের চারটি ভবন ধসে পড়েছে।
তুরস্কের আরেক শহর গাজিয়ানতেপের বাসিন্দা এরদেম বলেন, ভূমিকম্পের সময় চারপাশ দুলছিল। দোলনায় দোলার মতো অনুভূতি হচ্ছিল। রয়টার্সকে ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে এরদেম বলেন, ৪০ বছরের জীবনে এমন ঘটনা দেখেননি। তিনি আরও বলেন, আতঙ্কে সবাই হয়তো তাঁদের গাড়িতে বসে আছেন, অথবা নিজ নিজ ভবন থেকে বাইরে খোলা জায়গায় চলে যান। ‘আমার মনে হয় গাজিয়ানটেপের একজন বাসিন্দাও এখন আর বাড়িতে নেই,’ বলেন এরদেম। এদিকে সিরিয়ার ইদলিব শহরের বাসিন্দা আল্লা নাফি এই ভূমিকম্পকে ভয়ংকর হিসেবে বর্ণনা করেন। তিনি আল-জাজিরাকে বলেন, ‘মাঝরাতে পুরো ভবন কেঁপে ওঠে। তখন কোথায় পালাব, তা বুঝতে পারছিলাম না।’ এক ভিডিওতে দেখা গেছে, সিরিয়ার আলোপ্পো শহরে ভবনগুলো ধসে পড়ে ধুলার কুণ্ডলী তৈরি হচ্ছে আর লোকজন আতঙ্কে চিৎকার করে পালানোর চেষ্টা করছে। তুরস্ক ও সিরিয়ায় আরেকটি ভূমিকম্পের আঘাত: তুরস্কে প্রথম ভূমিকম্পের কেন্দ্রস্থলের অঞ্চলে ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে আর রাতে তা হিমাঙ্কের নিচে থাকবে। প্রায় ৩-৫ সেন্টিমিটার পুরু তুষারপাত হতে পারে। আর উত্তরে ভারী তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে। আরও পার্বত্য অঞ্চলে আগামী দিনগুলোর তাপমাত্রা হিমাঙ্কের ওপরে উঠবে না বলে মনে করা হচ্ছে। যার অর্থ ৫০ থেকে ১০০ সেন্টিমিটার তুষারপাত হতে পারে। প্রথম ভূমিকম্পে তুরস্কে অন্তত ২ হাজার ৮০০ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মানে হাজারো মানুষ এখন খোলা আকাশের নিচে। তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকাতে বলেন, ‘যত দ্রুত সম্ভব আমরা দুর্গতদের কাছে পৌঁছাতে চেষ্টা করছি। প্রচণ্ড ঠান্ডা, অনেক মানুষ ঘরবাড়ি হারিয়েছে, তারা খোলা জায়গায় আছে। ইতিমধ্যে সিরিয়ার উত্তরাংশে লাখ লাখ মানুষ তাঁবুতে ঠাঁই নিয়েছে।’

৮৪ বছর পর তুরস্কে এমন ভয়াবহ ভূমিকম্প: ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ভূকম্পনবিদ স্টিফেন হিকস বলেন, ১৯৩৯ সালের ডিসেম্বরে তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল। ওই সময় ৩০ হাজার মানুষ নিহত হয়েছিল। এ ঘটনার পর ১৯৯৯ সালে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প ইস্তাম্বুলের দক্ষিণে তুরস্কের মারামারা অঞ্চলে আঘাত হানে। এতে সাড়ে ১৭ হাজার মানুষ মারা গিয়েছিল।
১০ শহর ও প্রদেশের স্কুল এক সপ্তাহের জন্য বন্ধ: তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতায় বলেছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের ১০টি শহর ও প্রদেশের স্কুলগুলো এক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। শহর ও প্রদেশগুলে হলো কাহরামানমারাশ, হাতায়, গাজিয়ানতেপ, ওসমানিয়ে, আদিয়ামান, মালত্য, শানলিউরফা, আদানা, দিয়ারবাকির ও কিলিস।
তুরস্কের দক্ষিণাঞ্চলের আদানা বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছ বেসরকারি বার্তা সংস্থা দেমিরোরেন। এ ছাড়া মারাস ও আন্তেপের বিমানবন্দরগুলোতে বেসামরিক ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে।
স্রোতের মতো রোগী আসছে: সিরিয়ার জাতীয় ভূকম্পন কেন্দ্রের প্রধান রায়েদ আহমেদ রাষ্ট্রীয় বেতার স্টেশনকে বলেন, ‘আমাদের এই কেন্দ্রের ইতিহাসে এটি সবচেয়ে বড় ভূমিকম্প।’ ১৯৯৫ সালে কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। আলেপ্পোর স্বাস্থ্য পরিচালক জিয়াদ হেগ তাহা রয়টার্সকে বলেন, ঢেউয়ের মতো আহত মানুষ হাসপাতালে আসছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখা যায়, উদ্ধারকারী দলগুলো ভারী বৃষ্টি ও তুষারপাতের মধ্যে বেঁচে থাকা মানুষদের খুঁজছে।
বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা সীমান্তবর্তী শহর আজাজে দেখা গেছে, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে এক শিশুকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। আরেকটি গ্রুপকে দেখা গেছে, একটি ক্রেনে কংক্রিটের স্ল্যাব টেনে নিয়ে যাওয়ার সময় সাদা চাদরে মোড়ানো একটি লাশও নেওয়া হচ্ছে। দিয়ারবাকিরের ৩০ বছর বয়সী এক বাসিন্দা বলেন, ‘ভূমিকম্পের সময় তীব্র শব্দে আমাদের আশপাশের ভবনগুলো ধসে পড়ে। আমি দৌড়ে বাইরে আসি। চারপাশে শুধু চিৎকার। আমি হাত দিয়ে পাথর সরাতে শুরু করলাম। এরপর বন্ধুদের নিয়ে আহত ব্যক্তিদের বের করতে শুরু করলাম। কিন্তু চিৎকার থামেনি। তারপর উদ্ধারকারী দলগুলো আসে।’
বিশ্বনেতাদের পাশে থাকার আশ্বাস: তুরস্কে জরুরি সহায়তা দিতে ইউরোপীয় ইউনিয়ন এরই মধ্যে ১০টি অনুসন্ধান ও তল্লাশি দল পাঠিয়েছে। বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, ফ্রান্স, গ্রিস ও নেদারল্যান্ডস, পোল্যান্ড ও রোমানিয়া থেকে প্রাথমিক উদ্ধারকাজে এই দলগুলোকে পাঠানো হয়। ইতালি ও হাঙ্গেরিও সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে। এ ছাড়া রাশিয়া, কাতার, ইউক্রেন, ভারত, চীনও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক ও সিরিয়াকে কীভাবে সহায়তা করা যায়, তা খতিয়ে দেখার নির্দেশনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
সূত্র: বিবিসি, আল-জাজিরা, এএফপি, রয়টার্স











































