Home আঞ্চলিক টানা ৫৩ ঘন্টা পর ভিআইপি লাগেজ ফ্যাক্টরী ফায়ার আউট ঘোষণা

টানা ৫৩ ঘন্টা পর ভিআইপি লাগেজ ফ্যাক্টরী ফায়ার আউট ঘোষণা

6

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
টানা ৫৩ ঘন্টার প্রচেষ্টার পর মোংলা ইপিজেডের ভিআইপি লাগেজ ফ্যাক্টরীটি ফায়ার আউট ঘোষণা করা হয়েছে। তিনদিন ধরে অগ্নি নির্বাপণের কাজ শেষ করে বৃহস্পতিবার রাত ৮টায় ওই ফ্যাক্টরীটির ফায়ার আউট ঘোষণা দেন খুলনা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপপরিচালক মামুন মাহমুদ। তিনি বলেন,
মঙ্গলবার বিকেল ৩টায় ভিআইপি লাগেজ ফ্যাক্টরীটিতে লাগা আগুন বৃহস্পতিবার রাত ৮টায় পুরোপুরি নিভানো সম্ভব হয়েছে। এখন ফ্যাক্টরীটির কোথাও কোন আগুনের অস্তিত্ব নেই। তারপরও সেখানে ইপিজেড ফায়ার সার্ভিস ষ্টেশনের ১২ সদস্যের একটি টিম পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মোঃ আরবেজ আলী বলেন, পুরোপুরি আগুন নিভে যাওয়ায় বৃহস্পতিবার রাত ৮টায় ফ্যাক্টরীটিকে ফায়ার আউট ঘোষণা করেছেন খুলনা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপপরিচালক মামুন মাহমুদ। আরবেজ আলী আরো বলেন, এখন কোথাও কোন আগুন দেখা যাচ্ছেনা, তবে সামান্য ধোয়া রয়েছে। এজন্য এখানে আগামী ২৪ঘন্টা আমাদের ফায়ার সার্ভিসের একটি টিম নজরদারীতে থাকছেন। তবে এখান থেকে আর আগুন বাড়ার কোন সম্ভাবনা নেই। কারণ এখানে এখন আর কোথাও কোন আগুনের অস্তিত্ব নেই।

ভারতীয় মালিকানাধীন ভিআইপি লাগেজ ফ্যাক্টরীর প্রশাসনিক ও মানবসম্পদ বিভাগের প্রধান কর্মকর্তা মোঃ মিজানুর রহমান মিজান বলেন, বৃহস্পতিবার রাত ৮টায় আগুন পুরোপুরি নিভে গেছে। তারপরও ফায়ার সার্ভিসের একটি টিম ফ্যাক্টরীর অভ্যন্তর ও আশপাশ পর্যবেক্ষণে রয়েছেন। তিনি বলেন, শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুড়ে ভিআইপি-০১ ফ্যাক্টরীর ১৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ফ্যাক্টরীটিতে লাগেজ তৈরি করা হতো।

মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মোঃ মাহবুব আহমেদ সিদ্দিক বলেন, ভিআইপি ফ্যাক্টরীতে লাগা আগুন পুরোপুরি নিভে গেছে। শর্ট সার্কিট থেকে এ আগুন লেগেছিলো বলে ভিআইপি লাগেজ ফ্যাক্টরী কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন। তবে আমাদের গঠিত ৪ সদস্যের তদন্ত কমিটির কাজ চলছে। তাদের রিপোর্ট পেলে আগুন লাগার সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়টি জানা যাবে। তবে ফ্যাক্টরী কর্তৃপক্ষের দাবী এ অগ্নিকাণ্ডে তাদের ১৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।