Home আঞ্চলিক খুলনায় শেখ রাসেল শিশু প্রশিক্ষণ কেন্দ্রে ১০ বছর বয়সী সোহাগীর জীবনের প্রদীপ...

খুলনায় শেখ রাসেল শিশু প্রশিক্ষণ কেন্দ্রে ১০ বছর বয়সী সোহাগীর জীবনের প্রদীপ নিভে গেলো

9

# নির্যাতন ও বিনা চিকিৎসার অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
স্টাফ রিপোর্টার ।।
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত খুলনার গল্লামারী বদ্ধ ভূমির পাশে অবস্থিত শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে ১০ বছর বয়সী শিশু শিক্ষার্থী সোহাগী আক্তারের (৯) রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮ টায় তার মৃত্যুর খবর পাওয়া যায়।
শিশুটির পরিবারের দাবি, সোহাগীর উপর নির্যাতন চালানো হয়েছে এবং অসুস্থ হয়ে পড়ার পর বিনা চিকিৎসায় তাঁর মৃত্যু হয়েছে। সোহাগী আক্তার খুলনা মহানগরীর ৫ নং মাছ ঘটনাস্থ ব্লক সি কলোনির বাসিন্দা সোহাগ মোল্লা ও রোজিনা বেগমের কন্যা।
জানা গেছে, মা-বাবার বহু বিবাহের কারণে তার দাদি মনোয়ারা বেগম সোহাগীর ভবিষ্যৎ ভালো করার আশায় পাঠিয়েছিলেন ওই পূর্নবাসন কেন্দ্রে।
অভিযোগ আছে, সর্বশেষ কয়েকদিন আগে সোহাগী বাড়িতে এসে দাদির কাছে অভিযোগ করে ছিলো কেন্দ্রে কোন স্বাস্থ্যসেবা নেই এবং চরম অব্যবস্থাপনা ও নির্যাতন চালানোর কথা। সেখানে মাত্র ১০ বছর বয়সে নিভে গেলো তার জীবন।
এব্যাপারে নিহত সোহাগীর মা রোজিনা বেগম অভিযোগ করে বলেন, আমরা গরীব মানুষ। মানুষের মত মানুষ হওয়ার জন্য মেয়েকে লেখাপড়া করতে দিয়েছি। তারা আগে কয়েকদিন তাকে মেরেছে।
আমার বাচ্ছা আমাকে ফোন দিয়ে বলেছে, মা আমাকে মারধর করে আমি এখানে থাকবো না।
তখন আমি বলছি, মা আর একটা মাস থাকো। এ মাস পর নাম কাটাইয়া তোকে অন্য জায়গায় ভর্তি করে দেবো।
তিনি আরো অভিযোগ করেন, যখন এ কথা বলেছি- ম্যাডামগে ধারে ফোন দিলে ম্যাডামরা মেয়ের কাছে ফোন দিতে চাইনা। বাচ্চাদের অত্যাচার করে। আমার বাচ্চাটার জ্বর হয়েছে। তাদেরতো আমাদের জানানোর প্রয়োজন ছিলো। কিন্তু তারা আমাদের জানাইনি।
আমাদের বাচ্চার কাশি এবং জ্বর হলে বলে মা আমার এইটা হয়েছে। কিন্তু ম্যাডামরা জ্বর হলেও আমাদের জানাইনি। কিভাবে মারা গেছে আমার বাচ্চাটা জানতে চাই। এমনকি আপনারাও বের করবেন এখানে বসে কিভাবে মারা গেছে।
সোহাগীর বাবা সোহাগ মোল্লা অভিযোগ করে বলেন, কি কারনে আমার মেয়ে মারা গেছে সেটা আমাদের জানানো হয়নি। আমাদের না জানিয়ে তারা বড় অপরাধ করেছে।
কেননা, আমি ওই বাচ্চার পিতা। আমাদের ফোন কেন জানালো না যে, আপনার মেয়ে অসুস্থ হয়েছে আপনারা এসে মেয়েকে নিয়ে যান। ওই খান থেকে ফোন দিয়ে আমাদের ১১-১২ টার দিকে জানিয়েছেন আপনাদের মেয়ে মারা গেছে।
এদিকে পূর্নবাসন কেন্দ্রের ব্যবস্থাপক বিপ্লব সাহা জানান, মেয়েটির নাম সোহাগী, বয়স ৯ বছর। সে মারা গেছে সকাল ৮ টার দিকে। জানানোর পর তার পরিবার এসে নিয়ে গেছে। তবে নির্যাতন ও চিকিৎসা অবহেলার বিষয়টি অস্বীকার করেন তিনি।