বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যাওয়ার সময় ছিনতাইয়ের শিকার হন এক ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মচারী। এ সময় জনতার ধাওয়ায় ছিনতাই হওয়া ৩ লাখ ৯৩ টাকাসহ সেন্টু ব্যাপারী নামে এক ছিনতাইকারী আটক হয়েছে। পরে তাকে উত্তম মাধ্যম দিয়ে টাকাসহ ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ্দ করা হয়। আটক ছিনতাইকারী সেন্টু পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দেবত্র গ্রামের হোসেন ব্যপারীর ছেলে। তবে পুলিশি জিজ্ঞাসাাবাদে সে আরো পৃথক দু’টি ঠিকানার কথা বলেছে। সোমাবার বেলা সাড়ে ১২ টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ইসলামী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ শহরের শারমিন অয়েল মিলের ম্যানেজার মধুসুধন জানান, বেলা সাড়ে ১২ টার দিকে তিনি ইসলামী ব্যাংক থেকে টাকা তুলে বাইরে আসেন। এ সময় ২ জন ছিনতাইকারী তার টাকা ছিনিয়ে নিয়ে পালানোর জন্য দৌড় দেয়। এতে একজন পালাতে সক্ষম হলেও আশপাশের জনতার হাতে অপরজন ধরা খায়। খবর পেয়ে পুলিশ টাকাসহ ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী প্রতিষ্ঠানের ম্যানেজার মধুসুধন দেবরায় বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
কালীগঞ্জ থানার এস আই কাবিরুল ইসলাম জানান, সোমবার দুপুরে ইসলামী ব্যাংকের সামনে থেকে জনতা হাতে নাতে এক ছিনতাইকারীকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে টাকাসহ ছিনতাইকারীকে আটক করে থানাতে নিয়ে আসেন। উদ্ধারকৃত টাকা ও আসামিকে আদালতে প্রেরন করা হয়েছে।
উল্লেখ্য,কালীগঞ্জ শহরের ইসলামী ব্যাংকের সামনে প্রায়ই গ্রাহকদের টাকা এভাবে ছিনতাই হলেও প্রশাসনের তেমন কোন নজরদারি থাকে না।











































