খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির সদস্য ২১নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মোল্লা ফরিদ আহমেদ’র বাসায় কোন ধরনের গ্রেফতারী পরোয়ানা ছাড়াই পুলিশের অভিযান, পরিবারের সদস্যদের সাথে অসৌজন্যমুলক আচরন ও গালিগালাজের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা মহানগর বিএনপি। সোমবার (২৩ জানুয়ারি) প্রদত্ত বিবৃতিতে মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ আর দমন-নিপীড়ন অবিভাজ্য সত্ত্বা। আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে বিরোধীদলের নেতাকর্মীদের ওপর জুলুম চালানোই হচ্ছে তাদের রাজনৈতিক ইশতেহার। এই কারণে বিরোধী শক্তিকে নির্মূল করার জন্য রাষ্ট্রযন্ত্রকে নির্মমভাবে ব্যবহার করছে অনির্বাচিত এই সরকার।
নেতৃবৃন্দ আরো বলেন, আওয়ামী লীগ সরকার সিংহাসনচ্যুত হওয়ার আশঙ্কায় আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে গণতন্ত্রে বিশ্বাসী বিএনপিসহ বিরোধী শক্তির ওপর নানা কায়দায় হয়রানী ও জুলুম চালাতে বেপরোয়া হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় বিএনপি নেতা মোল্লা ফরিদ আহমেদ এর বাসভবনে পুলিশি তল্লাশী ও পরিবারের সদস্যদের সাথে অশালীন আচরণ করা হয়েছে। দমন-পীড়ন ও জুলুম চালিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না মন্তব্য করে নেতৃবৃন্দ পুলিশ প্রসাশনকে কারো আজ্ঞাবহ না হয়ে দেশের পক্ষে কাজ করার অনুরোধ করেন। অন্যথায় প্রতিটির ঘটনার বিচার এদেশের মাটিতে হবে উল্লেখ করে বলেন ভয়ভীতি দেখিয়ে বিএনপির নেতাকর্মীদের আন্দোলন-সংগ্রাম থেকে দুরে সরানো যাবে না। জনগণ স্বৈরাচারের শৃঙ্খল ভেঙ্গে পথ-ঘাট, সড়ক-মহাসড়কে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছে। বিএনপি জনগণের সাথে আছে, জনগণকে সাথে নিয়ে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে জুলুমবাজ সরকারের পতন ঘটাতে দৃঢ়প্রতিজ্ঞ। বিবৃতিদাতারা হলেন বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন।











































