খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির সদস্য ও সাবেক ৩নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মোঃ আব্দুল হালিম আর নেই ( ইন্না…রাজেউন)। শনিবার দিনগত রাত পৌনে ২টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। রবিবার বাদ জোহর ৩নং ওয়ার্ড মধ্যডাঙ্গা মাঠ সংলগ্ন মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে দাফন করা হয়। নামাজে জানাজায় মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ মহানগর, থানা, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ দিকে খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ রবিবার (২২ জানুয়ারি) এক শোক বিবৃতি মহানগর বিএনপি নেতা মো. আব্দুল হালিম এর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মো. আব্দুল হালিম ছিলেন, বিএনপির একজন পরীক্ষিত সৈনিক। দল ও দেশের জন্য তিনি আজীবন লড়াই করে গেছেন। অবৈধ সরকারের রোষানলে বিভিন্ন সময়ে মামলা হামলার শিকার হয়েছেন।
বিবৃতিদাতারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন। অনুরুপ বিবৃতি দিয়েছেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনিসহ খুলনা মহানগর বিএনপি’র সাবেক নেতৃবৃন্দ। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, অন্যান্য আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ জোহর মধ্যডাঙ্গা শাহী মসজিদ সংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গনে তাঁর নামাযে জানাযা শেষে স্থানীয় মহেশ্বরপাশা গোরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।











































