ঢাকা অফিস।।
আবহাওয়া পূর্বাভাস মেনে মাঘের প্রথম সপ্তাহে সারাদেশের তাপমাত্রা আরও কমেছে। সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস।
এটি এখনও এ বছরের সবচেয়ে কম তাপমাত্রা। তাপমাত্রা কমে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে কাবু উত্তরের জনপদ। সেই সঙ্গে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ।
বর্তমানে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের ২০ জেলা এবং ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগের ৭ জেলাসহ মোট ২৭ জেলায় বিস্তৃত হয়েছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ।
সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ের মানুষ প্রচণ্ড শীতে জবুথবু হয়ে পড়েছে। তীব্র শৈত্যপ্রবাহ ও হিমেল বাতাসে প্রচণ্ড শীতে কাহিল হয়ে পড়েছে সাধারণ মানুষ।
তাপমাত্রা নেমে আসার সঙ্গে প্রচণ্ড হিমেল হাওয়ায় অচল হয়ে পড়েছে এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনযাত্রা। ঘনকুয়াশায় ঢাকা পুরো জেলা।
দিন গড়িয়ে কিছু সময় সুর্যের দেখা মিললেও তাতে নেই কোন উত্তাপ। রাত থেকে সকাল অবধি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। সে সঙ্গে যোগ হয়েছে আসা হিমালয়ের হিম বাতাস।
প্রচণ্ড ঠাণ্ডা ও ঘন-কুয়াশার কারণে খেটে খাওয়া মানুষজন বিশেষ করে ভ্যান রিকশা শ্রমিক ও কৃষক-কৃষাণীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কনকনে ঠাণ্ডায় বৃদ্ধ ও শিশুদের মাঝে ডায়রিয়া সহ ঠাণ্ডাজনিত বিভিন্ন ধরণের রোগ দেখা দেয়ার আশঙ্কা রয়েছে। গরম কাপড়ের দোকানে ভিড় করতে দেখা গেছে মানুষের।
অনেকেই রান্নায় চুলায়, খড়কুটো দিয়ে হাট-বাজারের দোকানের পুরাতন কাটুন কাগজে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এতে দুর্ঘটনাও ঘটছে।
নওগাঁয় মাঝারি শৈত্যপ্রবাহে সকাল থেকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত হাড় কাঁপানো শীত অনুভূত হওয়ায় বিপাকে পড়েছেন কম আয়ের মানুষ। জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে।
বদলগাছী আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা হামিদুল ইসলাম বলেন, গত সোমবার থেকে নওগাঁ জেলায় তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
কুড়িগ্রাাম জেলার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। বৃহস্পতিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট ডিগ্রি সেলসিয়াস।
ঠাণ্ডা আর শীতের কারণে সকাল সকাল কাজে যেতে পারছে না কুড়িগ্রামের শ্রমজীবী মানুষ। সেখানে তীব্র শীতের সঙ্গে মিশছে উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশা।
চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে পৌষ ও মাঘের শুরু থেকে একটানা মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় আরও তাপমাত্রা কমেছে।
এতে বিপাকে পড়েছে চার উপজেলার কয়েক লাখ মানুষ। এক সপ্তাহের ব্যবধানে তাপমাত্রা পাঁচ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেয়েছে।
এদিকে, চলতি মৌসুমে সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৫.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। চলমান এ তাপমাত্রার অবস্থান আরও কয়দিন চলতে পারে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা মুজিবুর রহমান শুক্রবার সকালে জানান, গত কয়েকদিন ধরেই এই এলাকার তাপমাত্রা ছিল নিম্নগামী, বৃহস্পতিবার যা ছিল ৬.৩।











































