ঢাকা অফিস।।
বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে চুক্তি করে অভিনব প্রতারণার মাধ্যমে মার্কিন ভিসা নিয়ে জালিয়াতির অভিযোগে চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার (১৮ জানুয়ারি) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ধরনের জালিয়াত চক্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
শুক্রবার (২০ জানুয়ারি) দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ভুল তথ্য ও কাগজপত্র দেয়া হলে ভিসা না দেয়াসহ ভবিষ্যতে যুক্তরাষ্ট্র সফর অনিশ্চিত হবে বলে সাবধান করা হয়। দূতাবাস থেকে ভিসার জন্য দালাল না ধরে নিজেই ফরম পূরণের জন্যও অনুরোধ করা হয়েছে।
কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেখানে যে তথ্য দেয়া হবে, সেটির জন্য ভিসা আবেদনকারী দায়ী থাকবেন।
জানা গেছে, তিন বছর ধরে ‘ট্রাভেলস ডায়েরি’ নামে একটি এজেন্সির মালিক ওয়াহিদ উদ্দিন (৩৮) ও তার সহকারী শফিকুল ইসলাম সুমন (৩৭) এবং আরও কয়েকজন পরস্পর যোগসাজশে মালদ্বীপ, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের জাল সিল যুক্ত করে পাসপোর্ট ‘ভারী’ করে। ভিসার আবেদন জমা দেয়ার পর দূতাবাসের কর্মকর্তাদের কাছে ভিসা এবং সিল অসংগতিপূর্ণ মনে হয়। তথ্য যাচাই করে বিষয়টি নিশ্চিত হন তারা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হলে ছয় প্রতারককে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার পাসপোর্টে দেখা যায়, মালয়েশিয়া, কম্বোডিয়া, শ্রীলঙ্কাসহ যেসব দেশের ভিসা রয়েছে, সেগুলো জালিয়াতি করে তৈরি করা। অ্যারাইভাল ও ডিপারচারের সিলও নকল।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, চক্রটি লোকজনের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ নিয়ে আমেরিকার ভিসা পাইয়ে দেয়ার জন্য তিন বছর ধরে এ ধরনের অপতৎপরতা চালিয়ে আসছিল। এ চক্রের অনেকেই বিভিন্ন ট্রাভেল এজেন্টের মালিক এবং এর সঙ্গে সম্পৃক্ত।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গোয়েন্দাপ্রধান হারুন অর রশিদ বলেন, পাসপোর্টের ওজন বাড়াতে তারা বিভিন্ন দেশের এয়ারপোর্টে ইন ও আউট দেখিয়েছে। মূলত যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য। অ্যাম্বাসিতে জমা দেয়া তাদের ভিসাগুলোও ভুয়া। এ কাজে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।











































