স্টাফ রিপোর্টার।।
খুলনার বটিয়াঘাটা উপজেলার খগেন্দ্রনাথ মহিলা কলেজের অধ্যক্ষ নিয়োগে ব্যাপক অনিয়ম,অর্থবানিজ্য ও স্বজন প্রীতির অভিযোগ উঠেছে। অনিয়মতান্ত্রিক ভাবে নিয়োগ বাতিলের দাবিতে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক সমরেশ মিস্ত্রি খুলনা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ৩১ অক্টোবর খগেন্দ্রনাথ মহিলা কলেজে অধ্যক্ষ নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়। সেখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা এর প্রতিনিধি হিসেবে খুলনার সরকারী পাইওনিয়ার মহিলা কলেজের অধ্যক্ষ ঝর্ণা রানী হালদার নিয়োগ বোর্ডে প্রতিনিধিত্ব করেন। নিয়োগ পরীক্ষায় স্বজনপ্রীতির মাধ্যমে তার আপন ছোট বোনের স্বামী ডুমুরিয়ার বান্দা কলেজিয়েট স্কুলের সহকারী অধ্যাপক অনিমেষ কুমার মিস্ত্রিকে নিয়োগ প্রদান করেন। নিয়োগ প্রক্রিয়ায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিমা রানী দাস ও শিক্ষক প্রতিনিধি দীনবন্ধু বর্দ্ধন অনিমেষ কুমার মিস্ত্রির নিকট থেকে বড় অংকের অর্থনৈতিক সুবিধা গ্রহণ করেন। তবে অধ্যক্ষ নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা থাকলেও সেটাকে অমান্য করে অনিয়মতান্ত্রিক ভাবে এই নিয়োগ সম্পন্ন করা হয়। এছাড়া লিখিত অভিযোগে আরো জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠতা বিধি লঙ্ঘন করে সর্বকনিষ্ঠ জ্যেষ্ঠ প্রভাষক দীনবন্ধু বর্দ্ধনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দিলে কলেজের শিক্ষকদের অভিযোগের ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর ও পরিচালক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা, খুলনা অঞ্চলের নির্দেশ উপেক্ষা করে পূণরায় জ্যেষ্ঠতা লঙ্ঘন করে চারজন সহকারী অধ্যাপক থাকা সত্ত্বেও জ্যেষ্ঠ প্রভাষক অনিমা রানী দাসকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। তারপর সে তড়িঘড়ি করে নিয়োগ প্রক্রিয়া সম্পাদন করেন। যা সম্পূর্ণ বিধিবহির্ভূত। যার কারনে বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়েছে। অপরদিকে অনিয়মতান্ত্রিক ভাবে নিয়োগকৃত অধ্যক্ষ অনিমেষ কুমার মিস্ত্রির সকল কার্যক্রম স্থগিতসহ তার নিয়োগ বাতিলের দাবিতে সম্প্রতি খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন চালনা কলেজের সহকারী অধ্যাপক সমরেশ কুমার মিস্ত্রি। সংবাদ সম্মেলনে তিনি অধ্যক্ষ নিয়োগসহ কলেজের বিভিন্ন অনিয়মের ফিরিস্তি তুলে ধরেন।
সরকারী পাইওনিয়ার মহিলা কলেজের অধ্যক্ষ অস্বীকার করে বলেন, কোন ধরণের স্বজনপ্রীতি কিংবা অনিয়ম হয়নি।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র বলেন, অভিযোগের বিষয়টি অবহিত নয়। খোঁজ নিচ্ছি। আর অভিযোগ হলে অবশ্যই তদন্ত কমিটি গঠন করা হবে।











































