Home আঞ্চলিক মেহেরপুরে ৭ কোটি টাকার সেতু পড়ে আছে অকেজো!

মেহেরপুরে ৭ কোটি টাকার সেতু পড়ে আছে অকেজো!

7

মেহেরপুর প্রতিনিধি।।

মেহেরপুরে সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার ৯ মাস পার হলেও। সংযোগ সড়ক না হওয়াই প্রায় ৯ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে দুই জেলার প্রায় লক্ষাধিক মানুষকে। ফলে চরম ভোগান্তির মধ‍্যে পড়েছে এ অঞ্চলের মানুষ।

সেতুটির আশেপাশের বাসিন্দারা বলছেন, দীর্ঘ ভোগান্তির পর সেতু পেলাম কিন্তু ৯ মাসেও পেলাম না সংযোগ সড়ক। এতে আমাদের ভোগান্তি কমেনি। বরং বাঁশের তৈরি ফরাসই ভালো ছিলো।

সেতু নির্মাণকারী (এলজিইডি) এর দাবি সেতু নির্মাণের পূর্বে যারা জমি প্রদান করতে চেয়েছিল তারা এখন বিমুখ হওয়াই সংযোগ সড়কটি নির্মাণ করা সম্ভব হয়নি।

জমি প্রদান করতে চাওয়া জমি মালিকদের দাবি, আমাদের জমি সেতুর জন‍্য লাগলে এখনি দিবো। তবে তার জন‍্য আমাদের জমির ন‍্যায‍্য মূল‍্য দিয়ে নিতে হবে।

সরোজমিনে দেখা যায়, মাথাভাঙা নদীর উপরে দুই জেলার মানুষের জন‍্য তৈরি (মধুগাড়ি-বেতবাড়িয়া) সংযোগ সেতু নির্মাণ কাজ শেষ হয়েছে ৯ মাস আগে। সেতুটির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পাশে সংযোগ সড়ক তৈরি হলেও সংযোগ সড়ক তৈরি হয়নি মেহেরপুরের গাংনী উপজেলা অংশে। যার ফলে সেতু নির্মাণ হলেও ভোগান্তি কমেনি দুপাড়ের লক্ষাধিক মানুষের। ফলে চিকিৎসা সেবা কিংবা ফসলাদি নিয়ে এপারের মানুষকে ওপারে যেতে হলে ৯ কিলোমিটার ঘুরে আসতে হচ্ছে।

 

গাংনী উপজেলা এলজিইডি অফিসের তথ‍্যমতে, মেহেরপুর জেলার গাংনী উপজেলাধীন (২০১৯-২০২০)অর্থ বছরে বামন্দী এইচডি হতে প্রাগপুর জিসি ভায়া মধুগাড়ী ঘাট সড়কের মাথাভাঙ্গা নদীর উপর ১০১০০ মিটার চেইনেজে ৭৫ মিটার দীর্ঘ (PASC) গার্ডার ব্রীজ নির্মাণ করে, গাংনী উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডি) এবং এই সেতুটির ব‍্যায় ভার ধরা হয়- ৭ কোটি ২৯ লাখ ৩২ হাজার ৯৭৯ টাকা।

দৌলতপুর থানার আদাবাড়িয়া মাধ‍্যমিক বিদ‍্যালয়ের শিক্ষিকা ফেরদৌসি আক্তার জানান, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে দুই উপজেলার শিক্ষার্থীরা লেখাপড়া করে। তবে এ মাথাভাঙ্গা নদীর উপরে ব্রীজটি হওয়াতে দুই জেলার মানুষের মধ‍্যে যোগাযোগ ব‍্যাবস্থা আরো ভালো হবে। আজকে ঘুরতে এসে দেখি ব্রিজ থেকে নেমে যাওয়ার কোনো সড়ক নেই। চরম ভোগান্তিতে আছে এই এলাকার মানুষ। আমাদের দিকের সংযোগ বেশ আগেই হয়ে গেছে।

দৌলতপুর উপজেলার মথুরাপুর গ্রামের মুরগি ব‍্যবসায়ী রমজান আলী জানান, আমি নদীর এপারে গাংনী উপজেলায় প্রায় চল্লিশ বছর ধরে হাঁস, মুরগি, কবুতর বেচা-কেনা করতে আসি। ব্রিজ হওয়ার আগে কখনও বাঁশের তৈরি ফরাসে, আবার নদীতে পানি বেশি হলে, তখন আসতাম নৌকাতে। এখন ব্রিজ হয়ে পড়ে গেছি বড় বিপদে। ওই উঁচুতে সাইকেলে মুরগির ঝাঁকা নিয়ে ওঠা যায় না। তাই এদিকে আসার সময় ৮ মাইল ঘুরে এসেছি। এখন খালি সাইকেল একজনের সহযোগিতাই ঠেলে এপারে আসলাম। আধা ঘণ্টার পথ। অথচ মুরগি নিয়ে যেতে লাগলো এক ঘণ্টার উপরে।

গাংনী উপজেলার সবজি চাষী ও ব‍্যবসায়ী মোমিনুল হক জানান, আমাদের নদীর এপার, ওপারে দুদিকেই জমি আছে। তাতে সবজির চাষ করি এবং দুই উপজেলার হাটেই তা বিক্রি করি। যখন নদীতে ব্রিজ ছিলো না। তখন নৌকা অথবা বাঁশের তৈরি ফরাসের উপরে যাতায়াত করতাম। এখন তাও পারছি না। সবজি বোঝাই ভ‍্যান গাড়ি ৮ কিলোমিটার ঘুরিয়ে নিয়ে আসতে হচ্ছে। এতে খরচ ও ভোগান্তি দুটোই বাড়ছে। তাই খুব দ্রুত সংযোগ সড়কটি হওয়া দরকার।

 

৬৫ বছর বয়সি বৃদ্ধ জমেলা খাতুন জানান, আমার বাপের বাড়ি গাংনী থানার বেতবাড়িয়া গ্রামে। আর শ্বশুর বাড়ি ওপারের মধুগাড়ি গ্রামে। আমি আগে নদীতে নৌকায় পার হতাম। আজ আমার ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছি। নতুন ব্রিজে রাস্তা নাই। তা ছাড়া মাটি থেকে খুব উঁচু। আমাকে এক ছেলে হাত ধইরি নামি দি গেলো। আমি বুইড়ু মানুষ ওতো উচুতে উঠতে পারি নাকি।

সেতু তৈরির সময় জমি দিতে চাওয়া জমির মালিক জামিরুল ইসলাম জানান, আমাদের এলাকার মাথাভাঙা নদীর উপরে যে ব্রিজটি নির্মাণ হয়েছে। এ ব্রিজের নিচ দিয়ে আমাদের শরিকানা চল্লিশ বিঘা জমি রয়েছে। ব্রিজটি হলে মানুষের ভোগান্তি কমে যাওয়ার পাশাপাশি আমাদের জায়গাগুলোর মান বেড়ে যাবে। তাই আমরা ব্রিজের জন‍্য জমি দিতে ইচ্ছুক। তবে আমাদের জমির যে ন‍্যায‍্য বাজারমূল‍্য তা আমাদের দিতে হবে।

গাংনী উপজেলা এলজিইডি প্রকৌশলী ফয়সাল আহমেদ জানান, সেতু নির্মাণের আগে স্থানীয়দের সঙ্গে আলাপ আলোচনা করেই কার্যক্রম হাতে নেওয়া হয়। তবে বতর্মান সময়ে সেতুর কাজ শেষ করে, সংযোগ সড়ক নির্মাণ করতে গেলে যারা জমি প্রদান করতে চেয়েছিলেন তারা বতর্মানে আপত্তি জানাচ্ছেন। তারা প্রচলিত বাজার মূল‍্যের চেয়ে দ্বিগুণ দাম চাচ্ছেন। তাই আমরা (এলজি ইডি) পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি, ভূমি অধিগ্রহণের জন‍্য।

মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস‍্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন (এমপি) জানান, মাথাভাঙা নদীর উপর দিয়ে বাঁশের তৈরি অস্থায়ী সাঁকোতে ঝুঁকি নিয়ে চলাচল করত দুই জেলার লক্ষাধিক মানুষ। এখানকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিলো একটি সেতু। সেতু নির্মাণের জন‍্য সে সময় স্থানীয় জমি দাতারা জমি দিতে সম্মতও হয়েছিলো। তবে সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার পরে তারা এখন বেঁকে বসেছে। যা কারোও কাম‍্য নয়।