Home আঞ্চলিক সড়কের দুই পাশে কয়েক হাজার মরা গাছের মরণ ফাঁদ!

সড়কের দুই পাশে কয়েক হাজার মরা গাছের মরণ ফাঁদ!

116

সাতক্ষীরা প্রতিনিধি||

সাতক্ষীরার-আশাশুনি সড়কের দুই পাশে কয়েক হাজার মরা গাছ মরণফাঁদে পরিণত হয়েছে। ২৪ কিলোমিটার সড়কে এসব গাছ ভেঙে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এক বছর ধরে গাছগুলো শুকিয়ে মরে গেছে। ঝড় বৃষ্টিতে গাছের ডাল ভেঙে পড়ে। অনেক সময় সাইকেল, মোটর সাইকেল, ইজিবাইক ও পথচারিরা ছোট খাটো দুর্ঘটনার শিকার হন। সড়কের দুই পাশে মরা গাছের কারণে আতঙ্কের মধ্য দিয়ে রাত-দিন যাতায়াত করতে হচ্ছে পথচারিদের। দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা গাছগুলো কাটার দাবি জানিয়েছেন।

তবে কেনো সড়কের পাশের গাছগুলো মরে গেছে-এর সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।

জানা গেছে, সাতক্ষীরার সঙ্গে আশাশুনির সরাসরি যোগাযোগের মাধ্যম এই সড়ক। সড়কের ভালুকা চাঁদপুর, সাত্তারের মিল, কোমরপুর, কুল্যার মোড় বাঁকা সড়কের কাদাকাটি, বুধহাটা শোভনালী, গোয়ালডাঙ্গা বড়দল এলাকায় রয়েছে অসংখ্য অর্ধমৃত ও শুকিয়ে যাওয়া রেইন্ট্রি। প্রায় ২০ বছর আগে এ সড়কের দুই পাশে কয়েক হাজার রেইন্ট্রি লাগায় সাতক্ষীরা জেলা পরিষদ ও স্থানীয় লোকজন। কিন্তু বছর খানেক আগে লম্বা গাছগুলো শুকিয়ে যেতে থাকে। বর্তমানে গাছগুলো একেবারে শুকিয়ে গেছে। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই এসব গাছ কেটে সরিয়ে নেওয়া দরকার।

আশাশুনি উপজেলার কুল্ল্যা এলাকার মোটরসাইকেলচালক হযরত আলী, শফিকুল ইসলাম, আনারুল গাজী ও ইজিবাইক চালক রফিজ উদ্দিন, আব্দুল করিমসহ অনেকেই জানান, সড়কের দুই পাশে মরা গাছের কারণে দিন-রাত ভয়ে ভয়ে যাতায়াত করতে হয়। একটি চক্র মরা গাছের ডাল ভেঙে জ্বালনির কাঠ হিসেবে বিক্রি করছে। এক সপ্তাহ আগে আশাশুনি থেকে যাত্রী নিয়ে ফেরার পথে তাদের সামনে গাছের ডাল ভেঙে পড়ে। অল্পের জন্য বেঁচে যান তারা।

 

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মিজান চৌধুরী জানান, সড়কের দুই পাশে লাগানো শিশু গাছ এক বছর আগে পোকা লেগে শুকিয়ে গেছে। চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। গাছের ডাল ভেঙে পথচারিদের মাথায় পড়ছে।

তিনি আরও জানান, সাতক্ষীরা-আশাশুনি সড়কের মরা গাছের ব্যাপারে মৌখিকভাবে জেলা পরিষদকে জানিয়েছি। গাছ কেটে ফেলা খুব জরুরী। তবে কিছু নিয়ম আছে।

সাতক্ষীরার সামাজিক বনবিভাগের সহকারি বন সংরক্ষক নুরুন্নাহার জানান, ধারণা করা হচ্ছে মাটিতে লবণাক্ততার পরিমাণ বৃদ্ধির পাশাপাশি এক ধরনের পোকার কারণে এসব গাছ দ্রুত মরে শুকিয়ে যাচ্ছে।

তিনি জানান, ওই সড়কের গাছগুলো জেলা পরিষদের। গাছগুলো মারা যাওয়ার বিষয়ে বাংলাদেশ বনগবেষণা ইনস্টিটিউটকে জানানো হয়। একটি টিম এসে শুকনা কাঠ ও পোকার নমুনা নিয়ে গেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে লাক্ষার কারণে মারা যাচ্ছে।

নুরুন্নাহার আরও জানান, জলবায়ু পরিবর্তনজনিত কারণে সাতক্ষীরায় লবণাক্ততা বেড়ে যাওয়াই গাছ মারা যাওয়ার অন্যতম কারণ। প্রতিবেদন পেলে গাছ মারা যাওয়ার সঠিক কারণ জানা যাবে।

সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম জানান, বিগত জেলা পরিষদ নির্বাচন করার সময় জনসাধারণ ও জনপ্রতিনিধিদের মাধ্যমে তিনি জানতে পারেন যে জেলার বিভিন্ন রাস্তায় গাছ মারা যাচ্ছে। এক ধরনের পোকার উপদ্রবে গাছের ছাল নষ্ট হচ্ছে। গত ১২ ডিসেম্বর এক সভায় দ্রুততম সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণ গাছগুলো কেটে ফেলার সিদ্ধান্তও হয়েছে।

তিনি জানান, গাছগুলি ঝুঁকিপূর্ণ। দুটি টিম গঠন করা হয়েছে ঝুঁকিপূর্ণ। গাছ মার্কিং করার জন্য। অনতিবিলম্বে টেণ্ডারের মাধ্যমে মরা গাছগুলি অপসারণ করা হবে।