শরণখোলা প্রতিনিধি।।
সুন্দরবনের বনজীবীদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও জীববৈচিত্র্য সংরক্ষণে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা করেছেন বাগেরহাট জেলা পুলিশ সুপার কে এম আরিফুল হক।
শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার সরকারি রায়েন্দা পাইলট হাইস্কুল মাঠে মতবিনিময় সভার আয়োজন করে শরণখোলা থানা পুলিশ।
সভায় জেলার শরণখোলা, মোরেলগঞ্জ ও কচুয়া উপজেলার আত্মসমর্পণ করা বনদস্যু, জেলে ও মৎস্য ব্যবসায়ীসহ জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি ও পেশাজীবী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার জানান, ২০১৮ সালের পর থেকে সুন্দরবন দস্যুমুক্ত ছিল। হঠাৎ করে একটি নব্য বনদস্যু বাহিনী সুন্দরবনে জেলেদের ওপর হামলা ও মুক্তিপণ দাবি করেছে। পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে অপহৃত জেলেদের উদ্ধার ও তিন দস্যুকে গ্রেফতার করেছে। সুন্দরবনে জেলেদের নিরাপত্তার জন্য টহলে অতিরিক্ত দ্রুতগামী একটি জলযান দেয়া হবে বলে ঘোষণা দেন তিনি।
যদি কোনো জেলে দস্যুতা কাজে লিপ্ত হয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
বাগেরহাটের শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বীর মুক্তিযোদ্ধা মৎস্য ব্যবসায়ী এম সাইফুল ইসলাম খোকন, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, ধানমাগর ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু প্রমুখ।
অনুষ্ঠান শেষে আত্মসমর্পণ করা বনদস্যু, জেলে ও বনজীবীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।











































