স্টাফ রিপোর্টার||
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সংঘবদ্ধ এম্বুলেন্স সিন্ডিকেটের কাছে অসহায় অসুস্থ রোগীরা। দিন দিন যেন বেড়েই চলছে এদের রাজত্ব। কোনোভাবে নিয়ন্ত্রণ নেই। এদিকে বিষয়টি নিয়ে খুমেক হাসপাতাল প্রশাসন বেশ কয়েকবার মিটিং ও এসব রোগী পরিবহন গাড়িগুলোর চাকার হাওয়া ছেড়ে দিলেও পরদিন আগের মতো হাসপাতাল সড়কের বিভিন্ন চত্বর দখল করে দাপিয়ে বেড়ায়। যে কারণে খুমেক হাসপাতাল প্রশাসন নির্বিকার ও অসহায় এসব এম্বুলেন্স সিন্ডিকেটের কাছে। পাশাপাশি হাসপাতালের দায়িত্বরত কর্মচারীদের সহায়তায় ও স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় যেন এসব এম্বুলেন্স চালকেরা এখন নিয়ন্ত্রণহীন।
খোঁজ নিয়ে জানা যায়, খুমেক হাসপাতালে জরুরি বিভাগ থেকে শুরু করে হাসপাতাল চত্বর ঘিরে অপেক্ষমান প্রায় শতাধিক এম্বুলেন্স রয়েছে। খুমেক হাসপাতালে রোগীদের জন্য ৫০০ বেডের ব্যবস্থা প্রতিদিন চিকিৎসাধীন থাকে ১২শ’ থেকে ১৫শ’র মতো রোগী। এসব অসুস্থ রোগীর ছাড়পত্র পাওয়া বাড়িতে যাওয়া বা জরুরিভিত্তিতে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন হয় এম্বুলেন্স। তবে দেখা যায় অধিকাংশ এম্বুলেন্স পুরাতন মডেলের মাইক্রোবাসগুলোর ভিতরে সিট কেটে আর বাহিরে লাল রং দিয়ে এম্বুলেন্স লিখেও উপরে একটি জরুরি হুইসেল বাতি স্থাপন করে বানিয়ে ফেলেছেন রোগী পরিবহন এম্বুলেন্স। এসব গাড়ি চলে খুমেক হাসপাতালে।
ভুক্তভোগী রোগীর স্বজন মাঈনুর রহমান বলেন, আমাদের বাড়ি বাগেরহাট। আমার মামি অসুস্থ ছিল তাকে বাড়িতে নেয়ার জন্য একটি এম্বুলেন্স প্রয়োজন ছিল। তবে এখানে আমার কাছে সাড়ে ৪ হাজার টাকা দাবি করে। বেশি অর্থ দাবি করায় আমি আমার এক ছোট ভাইয়ের মাধ্যমে অন্য জায়গা থেকে কম ভাড়ায় একটি এম্বুলেন্স নিয়ে এলে আমাদের গাড়িতে রোগীকে বাহিরের কোনো এম্বুলেন্সে তুলতে দেবে না বলে জানিয়ে দেয়। বিষয়টি নিয়ে আমি হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যদের অবগত করি। তারা বলে এ বিষয়ে আমরা কিছু করতে পারবো না। একপর্যায়ে তাদের অনেক অনুরোধ করার পর আমাকে বলে এরপর যেন এমন ভুল না হয়। এ ছাড়া এম্বুলেন্স চালককে ধমক ও সতর্ক করে যেন আর কখনো হাসপাতালে প্রবেশ না করে। নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালে দায়িত্বরত একজন আনসার সদস্য বলেন, এখানে এম্বুলেন্স চালকেরা খুবই বেপোরোয়া। এদের একটি বড় সিন্ডিকেট আছে।
এমনকি নিজেরা জায়গা বুঝে ভাড়াও নির্ধারণ করে রাখে। এর থেকে কম কোনো চালক নিলে তার বিরুদ্ধে চলে যায় অন্য সব চালক। এ ছাড়া হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের কর্মচারী, ওয়ার্ডবয় বা আয়াদের সঙ্গে এদের একটি শতকরা ২০% কমিশন চুক্তি থাকে। এরা রোগীদের এম্বুলেন্স ট্রিপ পাইয়ে দিলে নগদ কমিশন পেয়ে যায়। এভাবে চলছে খুমেক হাসপাতালে রোগী পরিবহন ব্যবস্থা। এ ছাড়া সরকারি এম্বুলেন্স মাত্র ৬টি। এরা অধিকাংশ সময়ে অন্য কাজ নিয়ে ব্যস্ত সময় পার করে। যেমন কোনো কর্মকর্তা বাইরে যাবে বা অন্য কোনো কাজ থাকলে তারা সরকারি রোগী পরিবহন এম্বুলেন্স নিয়ে বের হন।
বেসরকারি এম্বুলেন্স চালক মো. জাফর বলেন, এখানে প্রায় ৯০টির মতো এম্বুলেন্স আছে। এ ছাড়া এখন তেমন একটা ট্রিপ পাওয়া যায় না। পাশাপাশি জ্বালানি তেলের দাম বেড়েছে। যে কারণে রোগীরা মনে করে বেশি ভাড়া নেয়া হচ্ছে। তবে সিরিয়াল আছে গাড়ির যদি কোনো গাড়ি সিরিয়াল না মানে তখন আমরা তাদের আটকে দেই। তবে বাহিরের এম্বুলেন্স প্রবেশ করতে দেয়া হয় না এটা মিথ্যা কথা।
এ ব্যাপারে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. রবিউল হাসান বলেন, আমরা খুবই বিরক্ত এসব মালিকানাধীন এম্বুলেস চালকের জন্য। আমরা হাসপাতাল অফিস সময়ে কোনো এম্বুলেন্স প্রবেশ করতে দেই না। এ ছাড়া বেশ কয়েকবার এসব এম্বুলেন্স এর চাকার হাওয়া ছেড়ে দিয়েছি। পাশাপাশি আমরা বেশ কয়েকবার কঠোরভাবে সতর্ক করেছি। তবে দীর্ঘমেয়াদি কোনো সুফল আসেনি। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক কিছু প্রভাশালী মহলের চাপ ও আমাদের পর্যাপ্ত জনবল না থাকায় এরা ইচ্ছেমতো দাপিয়ে বেড়াচ্ছে খুমেক হাসপাতালে।











































