খুলনাঞ্চল রিপোর্ট||
জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত নানান ঘটনা প্রবাহের মধ্য দিয়ে শেষ হতে চলেছে ২০২২ সাল। এ বছর আইন-আদালতে অনেক গুরুত্বপূর্ণ মামলার দায়ের, রায় ঘোষণা, গ্রেফতার, আসামি ছিনতাইসহ নানান ঘটনায় সকলেই দৃষ্টি ছিলো আদালত পাড়ায়। জঙ্গি ছিনতাই, ফখরুল-আব্বাস-রিজভী গ্রেফতার, জামায়াতের আমির গ্রেফতার, হাজি সেলিম কারাগার, ডেসটিনির এমডির কারাদণ্ড, হাজতখানা থেকে মৃতুদণ্ড প্রাপ্ত আসামি পলায়ন, টিপু-প্রীতি হত্যা, বরখাস্ত ডিআইজি প্রিজনস পার্থ গোপালের কারাদণ্ড, এনু-রুপনের কারাদণ্ড, বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রী নিয়ে কটুক্তি: জাবি শিক্ষার্থীর কারাদণ্ড, মেজর জেনারেল জালাল উদ্দিনের কারাদণ্ড, ডা. সাবরিনা চৌধুরীর রায়সহ সব মিলিয়ে বিদায়ী বছরের কিছু বিচারকার্য স্মৃতিতে লেগে থাকবে।
জঙ্গি ছিনতাই :
এই বছর আদালতপাড়ার সবচেয়ে আলোচিত ঘটনা ছিল আদালত প্রাঙ্গনে জঙ্গি ছিনতাইয়ের ঘটনা। গত ২০ নভেম্বর অনাকাঙ্খিত এ ঘটনা নিয়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। নিরাপত্তা নিয়েও ওঠে প্রশ্ন। এ ঘটনায় বেশ কয়েকজন সদস্যকে প্রত্যাহারও করা হয়। এ ঘটনার পর আদালতপাড়ায় বাড়ানো হয় নিরাপত্তা। জঙ্গিদের বিশেষ নিরাপত্তায় আদালতে আনা নেয়া হয়।
ফখরুল-আব্বাস-রিজভী গ্রেফতার: জঙ্গি ছিনতাইয়ের রেশ কাটতে না কাটতেই ঢাকায় বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নয়াপল্টন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ৪৫০ জনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে বিএনপি নেতা আমান উল্লাহ আমান ও আব্দুল কাদের জুয়েলের জামিন মঞ্জুর করেন আদালত। রিজভী, অ্যানিসহ ৪৩৪ জনকে কারাগারে পাঠানো হয়। এরপর ৮ ডিসেম্বর দিনগত রাত তিনটার দিকে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আটক করে পুলিশ। এরপর ৮ ডিসেম্বর দুপুরে তাদের গ্রেফতার দেখায় ডিবি পুলিশ। বিকেলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা: বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার শীর্ষে আলোচনায় এসেছে। বিএনপি নেতা হাবিবুন নবী খান সোহেল, নিপুণ রায়, সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল ইসলাম নিরব, তরুণ নেতা ইশরাক হোসেনসহ আরও নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। গত ৬ এপ্রিল সকালে মতিঝিল এলাকায় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দক্ষিণের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে গিয়ে বিএনপি নেতা ইশরাশকে গ্রেফতার করে মতিঝিল থানা পুলিশ। ৬ দিন পর উচ্চ আদালত থেকে জামিন পান তিনি।
এরপর ৫ ডিসেম্বর ২০২০ সালের রাজধানীর মতিঝিল থানাধীন এলাকায় গাড়ি পোড়ানোসহ নাশকতার অভিযোগের মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
জামায়াতের আমির গ্রেফতার: জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে জামায়াতে আমির শফিকুর রহমানের সম্পৃক্ততায় পাওয়ায় ১২ ডিসেম্বর তাকে গ্রেফতার করেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। প্রথম দফায় ১৩ ডিসেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২১ ডিসেম্বর তার আবার তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়। এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহ। তিন দফা রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
ছাত্র অধিকারের ২৪ নেতাকর্মীর জামিন: ৭ অক্টোবর বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্বিবদ্যালয়ের রাজু ভাস্কর্যে ছাত্র অধিকারের নেতাকর্মীদের ওপর হামলা করে ছাত্রলীগ। পরে ঢাকা মেডিক্যাল কলেজে দ্বিতীয় দফায় হামলা করে ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় ছাত্রলীগের সহায়তায় ২৪ নেতাকর্মীকে আটক করে শাহবাগ থানা পুলিশ। মাস খানেকের অধিক কারাভোগের পর তারা জামিন পান তারা।
হাজি সেলিম কারাগারে: দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ড প্রাপ্ত আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি সেলিমের কারাগারে যাওয়ার ঘটনাটিও ছিলো আলোচিত। ২২ মে ঢাকার বিশেষ জজ আদালত-৭ এ আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন হাজি সেলিম। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় ছাত্রলীগের সহ-সভাপতি তিলোত্তমা শিকদারসহ ৩২ নেতার বিরুদ্ধে ২৯ মে ঢাকার আদালতে মামলা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থী মানসুরা আলম মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি শাহবাগ থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন।
শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ: গত ১৭ এপ্রিল রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পরিদন সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। যা চলে সন্ধ্যা পর্যন্ত। এ কয়েকটা অচল হয়ে পড়ে নিউমার্কেট এলাকা। সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হয়। সংঘর্ষের মাঝে পড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মারা যান নাহিদ হাসান নামে এক কুরিয়ারকর্মী।
এ ঘটনায় নিহত নাহিদের বাবা মো. নাদিম হোসেন বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা করেছেন। এদিকে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করে। একটি মামলা বিস্ফোরক আইনে এবং অন্যটি পুলিশের ওপর হামলার অভিযোগে। দুই মামলাতে নিউ মার্কেটের ব্যবসায়ী, কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীসহ মোট ১২০০ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর বিএনপি নেতা, ঢাকা কলেজের শিক্ষার্থীসহ কয়েকজনকে রিমান্ডে নেয়া হয়।
জুরাইনে পুলিশ বক্সে হামলা: গত ৭ জুন জুরাইন রেলগেট দিয়ে উল্টোপথে আসা একটি মোটরসাইকেলকে গতিরোধ করলে সার্জেন্ট আলী হোসেনের সঙ্গে বাগবিতন্ডায় জড়ান মোটরসাইকেল আরোহী সোহাগ উল ইসলাম রনি ও তার স্ত্রী ইয়াসিন জাহান নিশান। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে লোকজন জড়ো হওয়ায় ওই এলাকার ট্রাফিক পরিদর্শক (টিআই) বিপ্লব ভৌমিক কয়েকজন কনস্টেবল নিয়ে এসে তাদের সবাইকে মীমাংসার জন্য সড়কে থাকা ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে যান। এ সময় মোবাইলে ইয়াসিন জাহান নিশান বিষয়টি তার ভাই ইয়াসির আরাফাতকে জানান। তিনি লোকজন নিয়ে এসে পুলিশ বক্সে প্রবেশ করেন। এরপর পুলিশ বক্স ভেঙে তারা বের হয়ে আসেন। এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়। আদালতে আইনজীবীসহ অপর আসামিদের রিমান্ড আবেদন করে পুলিশ। আর এই ঘটনায় আইনজীবীরা এক হয়ে তার পক্ষে দাঁড়ান। তারপরও আদালত আইনজীবীর রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি উচ্চ আদালতের নজরেও আনেন আইনজীবীরা।
হাজতখানা থেকে মৃতুদণ্ড প্রাপ্ত আসামির পলায়ন: ঢাকার জেলা ও দায়রা আদালতের হাজতখানা থেকে ২৮ এপ্রিল কলেজ ছাত্র মুনসের আলী ওরফে মুন্না হত্যা মামলার মৃতুদণ্ড প্রাপ্ত বাদশা মিয়া পালিয়ে যান। পুলিশ হেফাজত থেকে হত্যা মামলার আসামি পালিয়ে যাওয়ায় আদালতে চাঞ্চল্য সৃষ্টি হয়। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্যকে প্রতাহার করা হয়।
টিপু-প্রীতি হত্যা : গত ২৪ মার্চ রাত পৌনে ১০টার দিকে মতিঝিল এজিবি কলোনী কাঁচা বাজার সংলগ্ন রেস্টুরেন্ট থেকে বাসায় ফেরার পথে শাজাহানপুর আমতলা ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে অজ্ঞাত দুর্বৃত্তদের এলোপাথাড়ি গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু এবং কলেজছাত্রী প্রীতি। টিপুর গাড়িচালক গুলিবিদ্ধ হন। এ ঘটনায় আসামিদের গ্রেফতার ও রিমান্ড নিয়ে আদালত প্রাঙ্গন ছিল সরগরম।
ডেসটিনির রফিকুল আমীনসহ ৪৬ জনের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড: ডেসটিনি ২০০০ লিমিটেডের ৪ হাজার ১১৯ কোটি ২৪ লাখ টাকা মানিলন্ডারিং আইনের এক মামলায় প্রতিষ্ঠানটির এমডি রফিকুল আমীনসহ ৪৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দেন আদালত।
গত ১২ মে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালত এ রায় ঘোষণা করেন। একই সাথে ৪৬ আসামিকে মোট ২৩শ কোটি টাকা জরিমানা করা হয়েছে, যা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।
রায়ে রফিকুল আমীনকে ১২ বছর কারাদণ্ড, ২০০ কোটি টাকা জরিমানা, অনাদায়ে তাকে আর ৩ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদকে চার বছর কারাদণ্ড সাড়ে ৩ কোটি টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাস কারাদণ্ড। চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে ১০ বছর কারাদণ্ড, দেড় কোটি টাকা জরিমানা, অনাদায়ে এক বছর কারাদণ্ড, উপ-ব্যবস্থাপনা পরিচালক গোফরানুল হক, পরিচালক মেজবাহ উদ্দিন ও সাঈদ-উর-রহমানকে ১০ বছর কারাদণ্ড, ১৮০ কোটি টাকা অর্থদণ্ড, অনাদায়ে আড়াই বছর কারাদণ্ডভোগ করতে হবে।
সৈয়দ সাজ্জাদ হোসেনকে ৯ বছর কারাদণ্ড, ৩০ কোটি টাকা জরিমানা, অনাদায়ে তাকে আরও ২ বছর কারাভোগ করতে হবে।
বছরের শুরুর দিকে বরখাস্ত ডিআইজি প্রিজনস পার্থ গোপালের কারাদণ্ড ৮ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। তবে এই কারাদণ্ড নিয়ে বেশ আলোচনায় আসে আদালত পাড়া। গত ৯ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালত বরখাস্ত হওয়া সিলেট কেন্দ্রীয় কারাগারের উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপাল বণিককে দুদকের করা মামলায় পৃথক দুই ধারায় ৮ বছর বিনাশ্রম কারাদণ্ড দেন।
শিশু সোহাগকে অপহরণের পর হত্যা : যুবকের মৃত্যুদণ্ড: ২০১৮ সালের দক্ষিণ কেরানীগঞ্জে মীরেরবাগ বালুচর ওরিয়েন্টাল স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী সোহাগকে অপহরণের পর খুনের মামলায় ইয়াসিন মাহমুদ শাহীনকে (২৮) কে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। গত ১৯ জানুয়ারি ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসমত জাহানের আদালত আসামির উপস্থিততে এ রায় ঘোষণা করেন আদালত।
স্বাস্থ্যের সাবেক লাইন ডাইরেক্টরের ৫ বছরের কারাদণ্ড: স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক লাইন ডাইরেক্টর আনোয়ারুল ইসলাম খানের বিরুদ্ধে জাল জালিয়াতির মাধ্যমে রেকর্ডপত্র তৈরি করে ভুয়া বিল ভাউচার দাখিল পূর্বক টাকা উত্তোলন করে আত্মসাতের মামলায় ৫ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গত ৩১ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে।
এনু-রুপনের ৭ বছরের কারাদণ্ড: রাজধানীর গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ সভাপতি এনামুল হক এনু ও যুগ্ম সাধারণ সম্পাদক রুপম ভুঁইয়া রূপনসহ ১১ জনের ৭ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। ২৫ এপ্রিল ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেনের আদালত এই রায় ঘোষণা করবেন। পাশাপাশি আরও ৪ কোটি টাকার অর্থদণ্ডের আদেশ দেন আদালত।
সোনালী ব্যাংকের সাবেক এমডিসহ ৯ জনের ১৭ বছর কারাদণ্ড: সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির মাধ্যমে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগের মানলায় ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ৯ জনকে পৃথক দুই ধারায় ১৭ বছর করে কারাদণ্ডের রায় ঘোষণা করেন আদালত। ২৫ মে দুপুরে ঢাকার বিশেষ দায়রা জজ আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেনের আদালত এ রায় ঘোষণা করোন।
সাজা প্রাপ্ত ৯ আসামিরা হলেন, ব্যাংকের সাবেক এমডি হুমায়ুন কবির, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মাইনুল হক, জিএম ননী গোপাল নাথ, ডিজিএম শেখ আলতাফ হোসেন ও সফিজ উদ্দিন আহমেদ, এজিএম কামরুল হোসেন খান ও সাইফুল হাসান এবং প্যারাগন নীট কম্পোজিট লিমিটেডের এমডি সাইফুল ইসলাম রাজা ও পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
সাবেক মেয়র নাজিম উদ্দিনের চার বছর কারাদণ্ড: ঢাকা জেলার ধামরাই পৌরসভার সাবেক মেয়র দেওয়ান নাজিম উদ্দিনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় চার বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। গত ৫ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন। জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের দায়ে নাজিম উদ্দিনকে চার বছরের বিনাশ্রম কারাদণ্ড ২৯ লাখ ১৮ হাজার ৮৪৪ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অসাধু উপায়ে অর্জিত এসব টাকা রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত।
বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রী নিয়ে কটুক্তি: জাবি শিক্ষার্থীরা ৭ বছরের কারাদণ্ড: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ তথ্য ও প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শামসুল আলম বাবুর নামে এক শিক্ষার্থীর ৭ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। গত ৬ জুন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন।
জেকেজি হেলথ কেয়ারের শীর্ষ কর্মকর্তা ডা. সাবরিনা চৌধুরীর ১১ কারাদণ্ড: গত ১৯ জুলাই জেকেজি হেলথ কেয়ারের শীর্ষ কর্মকর্তা ডা. সাবরিনা ও আরিফুল চৌধুরীসহ ৮ জনের বিরুদ্ধে করোনাভাইরাসের (কোভিড-১৯) নমুনা পরীক্ষার নামে প্রতারণা ও জাল সনদ দেওয়ার অভিযোগের মামলার পৃথক ৩ ধারায় ১১ বছর করে কারাদণ্ডের আদেশ দেন আদালত। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এই রায় ঘোষণা করা হয়।
মেজর জেনারেল জালাল উদ্দিনে ১২ বছরের কারাদণ্ড: মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) জালাল উদ্দিন আহমেদের বিরুদ্ধে ‘ ধারা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নামে ৫৯ কোটি টাকা আত্মসাতের মামলার ১২ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেন আদালত। গত ১৯ সেপ্টেম্বর ঢাকার বিশেষ জজ আদালত -৮ এর বিচারক মো. বদরুল আলম ভুইঞার আদালত এই রায় ঘোষণা করেন।
স্বেচ্ছাসেবক লীগ নেতা শুভ্র হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড: ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলায় সাত জনের মৃত্যুদণ্ড ও তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া, নয় জনকে খালাস দেওয়া হয়েছে। গত ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মনির কামাল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামি হলেন, উপজেলা বিএনপির একাংশের যুগ্ম আহ্বায়ক ও মইলাকান্দা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রিয়াদ উজ্জামান রিয়াদ, গৌরীপুর পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আহমেদ রেজা, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য খাইরুল ইসলাম, মোজাম্মেল হক, ছাত্রদলকর্মী মাঈন উদ্দিন, শরীফুল ইসলাম, রুহুল আমিন। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদ- করা হয়েছে।
ডিআইজি প্রিজনস বজলুর রশিদের ৫ বছরের কারাদণ্ড: জ্ঞাত আয়ের বাইরে ৩ কোটি ৮ লাখ টাকার সম্পদের অভিযোগ থাকার মামলায় কারারক্ষী বাহিনীর বরখাস্ত হওয়া উপমহাপরিদর্শক (ডিআইজি) বজলুর রশিদের ৫ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেন আদালত। ২৩ অক্টোবর ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন। রায়ে একই সঙ্গে অবৈধ ৩ কোটি ১৪ লাখ টাকা জরিমানা, যা রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্তের নির্দেশ।











































