Home আঞ্চলিক প্রবাসীর লাশ আনতে তিন লাখ টাকা দাবি দালালের

প্রবাসীর লাশ আনতে তিন লাখ টাকা দাবি দালালের

8

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি।।
অভাব-অনটন থাকলেও সুখের সংসার ছিল বকুল হোসেনের। দুই সন্তান আর স্ত্রীকে নিয়ে ভালোই চলছিল। আরও ভালো থাকার আশায় দালালের মাধ্যমে যান সৌদি আরবে। তবে কাজ না পেয়ে হতাশায় স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তাঁর মৃত্যুর পর খবরটিও শুরুতে দেওয়া হয়নি পরিবারকে। পরে জানাজানি হলে লাশ দেশে ফিরিয়ে আনতে তিন লাখ দাবি করেছে দালালচক্র। জমিজমা বিক্রি ও ঋণ করে সৌদি আরবে গিয়েছিলেন বকুল। ফলে এত টাকা দেওয়ার সামর্থ্য নেই নিঃস্ব পরিবারটির।

বকুল সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের আবদুল গফুর মুন্সীর ছেলে। তাঁর স্ত্রী আসমা খাতুন শিউলী ও শাশুড়ি আলেয়া খাতুন জানান, গত ৩১ সেপ্টেম্বর সৌদি আরবে যান বকুল। এ জন্য ডাকবাংলা বাজার এলাকার দালাল হাসান ও সাইফুলকে সাড়ে তিন লাখ দেওয়া হয়। সব মিলিয়ে প্রায় পাঁচ লাখ টাকা খরচ হয়েছে। প্রবাসী কল্যাণ ব্যাংক ও এনজিও প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে বিদেশে যান বকুল। জমিও বিক্রি করে দেন।

পরিবারের অভিযোগ, সৌদি আরবে শুরুতে কাজ দেওয়া হয়েছিল বকুলকে। তবে কাজ না জানার অভিযোগে বেতন না দিয়ে তাঁকে বকাঝকা করা হতো। এতে হতাশায় গত নভেম্বরে স্ট্রোকে আক্রান্ত হন তিনি। রিয়াদের একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ নভেম্বর তিনি মারা যান। চলতি মাসে অন্যদের মাধ্যমে মৃত্যুর সংবাদ জেনেছে পরিবারটি।

বকুলের ছেলে নাহিদ দাবি করেন, তাঁর বাবার মৃত্যুর খবর তাঁদের জানায়নি হাসান ও সাইফুল। তাঁর বাবার নাম করে সৌদি আরবে বাংলাদেশিদের কাছ থেকে অর্থ তুলে আত্মসাৎ করেছে তারা। পরে তাদের সঙ্গে যোগাযোগ করা হলে লাশ আনতে তিন লাখ টাকা দাবি করছে। বাবার মুখটি দেখার জন্য দেশে লাশ ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চান তিনি।

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত হাসানের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ‘পরে কথা বলছি’ বলে কেটে দেন। পরে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। ঝিনাইদহ কর্মসংস্থান ও জনশক্তি দপ্তরের সহকারী পরিচালক সবিতা মজুমদার বলেন, ওই পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন করলে সেটি মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে।

সদরের ইউএনও সাদিয়া জেরিন বলেন, বিষয়টি দুঃখজনক। পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন করলে সংশ্নিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।