হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি।।
প্রতিবন্ধীদের আর্থিক অনুদানের নামে ঝিনাইদহে প্রতারণার ফাঁদ পেতেছে একটি প্রতারক চক্র। জেলার ছয় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে এরই মধ্যে শতাধিক পরিবারের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে লাখ লাখ টাকা।
হরিণাকুণ্ডুর রিশখালি গ্রামের সালাউদ্দিন নামে এক ব্যক্তি অভিযোগ করেন, গত ২৮ নভেম্বর তাঁদের বাড়িতে আসে দুই যুবক। তাঁর ভাবি রিমি খাতুনকে বুঝিয়ে প্রতিবন্ধী সন্তান মোস্তাককে এককালীন ৪৮ হাজার টাকা অনুদান দেওয়ার কথা বলে একটি ফরম পূরণ করে তাঁদের স্বাক্ষর নেয়। পরে ভাবির কাছ থেকে ৬ হাজার টাকা হাতিয়ে নেয় তারা।
শৈলকুপার কামান্না গ্রামের প্রতিবন্ধী নারী পলি বেগম। কয়েক দিন আগে তাঁর বাড়িতেও আসে দুই যুবক। তাঁকে এককালীন ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকেও প্রতারণা করে ১২ হাজার টাকা হাতিয়ে নেয় তারা। যাওয়ার সময় প্রতারক চক্রটি যে কাগজপত্র দিয়ে গেছে, সেগুলোর সবই ভুয়া। নিরুপায় হয়ে পলি বেগম ছুটে আসেন জেলা সমাজসেবা দপ্তরে। সেখানে গিয়ে বুঝতে পারেন, তিনি প্রতারিত হয়েছেন।
রিমি খাতুন, পলি বেগমের মতো জেলার বিভিন্ন এলাকার অন্তত শতাধিক মানুষের কাছ থেকে অনুদানের নামে এভাবে হাতিয়ে নেওয়া হয়েছে কয়েক লাখ টাকা।
হরিণাকুণ্ডু উপজেলার শিতলী গ্রামের আব্দুর রহিম মণ্ডল নামের এক ব্যক্তি জানান, মাসখানেক আগে তাঁদের বাড়িতে দুই যুবক এসে তাঁর প্রতিবন্ধী মেয়ে পারুলার জন্য এককালীন অনুদানের কথা বলে ১৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। একই অভিযোগ করেন ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া গ্রামের মাজেদ সরদারের ছেলে গোলাপ আলী সরদার। তাঁর কাছ থেকে নেওয়া হয়েছে ৬ হাজার টাকা।
সমাজসেবা দপ্তরের কর্মকর্তারা বলছেন, জেলাজুড়ে এমন প্রতারণার ফাঁদ পেতেছে একটি চক্র। এরই মধ্যে তাঁদের কাছে ভুক্তভোগীরা আসছেন। তাঁদের সচেতন হতে পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি আইনি প্রক্রিয়াও নেওয়া হচ্ছে।
হরিণাকুণ্ডু উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিউলী রানী জানান, গত কয়েক দিনে এমন কয়েকটি ঘটনার খবর পেয়েছেন। ভুক্তভোগীদের মাধ্যমে থানায় জিডি করা হয়েছে। জনপ্রতিনিধিদের মাধ্যমে গ্রামে গ্রামে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে।
সরেজমিনে প্রতারণার শিকার ওইসব পরিবারে গিয়ে দেখা যায়, প্রতারক চক্রটি প্রতিটি পরিবারেই একটি করে ফরম দিয়ে গেছে। তাতে লেখা আছে, বিদেশি সংস্থা ‘সৌদি আরব সিসিডিবি’ অনুদানের তালিকা। সেখানে সার্বিক সহায়তায় জেস ফাউন্ডেশন, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে। যার রেজিস্ট্রেশন নং-২০৮৬৫১। এসএম বাবুল নামে কথিত এক ব্যক্তির স্বাক্ষরিত ভুয়া ওই ফরমগুলোতে আরও উল্লেখ করা হয়েছে, ছয় মাস পর পর প্রতি গ্রাম থেকে ছয়জনকে এককালীন আর্থিক সহায়তা দেওয়া হবে। তবে সদরসহ ছয় উপজেলার কোথাও এ নামে বেসরকারি প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া যায়নি।
ঝিনাইদহ সমাজসেবা দপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল সামী জানান, এককালীন অনুদান দেওয়ার নাম করে একটি প্রতারক চক্র গ্রামের সহজ-সরল মানুষের সঙ্গে প্রতারণা করছে। প্রথমে জেলার কালীগঞ্জ, এরপর শৈলকুপা, পরে সদর এবং হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে প্রতারণা করেছে তারা।
আব্দুল্লাহ আল সামী আরও বলেন, কয়েক দিন আগে পলি বেগম নামের এক নারী অফিসে এসে টাকা ফেরত চান। ওই প্রতিবন্ধী নারী মনে করেছিলেন, সমাজসেবা দপ্তরের কেউ তাঁর কাছ থেকে টাকা নিয়েছেন। তখন তাঁরা বুঝতে পারেন, এটি প্রতারক চক্রের কাজ। এ বিষয়ে জেলার বিভিন্ন থানায় জিডি করা হয়েছে।
একই দপ্তরের উপপরিচালক আব্দুল লতিফ বলেন, তাঁরা এরই মধ্যে এ বিষয়ে প্রত্যেক উপজেলা কর্মকর্তাদের সতর্ক করেছেন। আইনি ব্যবস্থা নিতে পুলিশকে জানানো হয়েছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) অমিত কুমার বলেন, প্রতারক চক্রটিকে ধরতে তাঁরা কাজ করছেন।











































