Home আঞ্চলিক শীত কম, নতুন পোশাক তুলছেন না বিক্রেতারা

শীত কম, নতুন পোশাক তুলছেন না বিক্রেতারা

11

স্টাফ রিপোর্টার।।

দেখতে দেখতে পৌষ মাসের সাতটা দিন চলে গেছে। এ সময়ে শীতে জবুথুবু হয়ে যায় মানুষসহ সব ধরনের প্রাণী। কিন্তু এবার তার একেবারেই ব্যতিক্রম। শীত না থাকায় খুলনায় গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় কম। তাই দোকানে নতুন পোশাক তুলছেন না ব্যবসায়ীরা।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঋতুচক্রেও পরিবর্তন ঘটছে। খুব শিগগির শীতের তীব্রতা বাড়নে।

খুলনা মহানগরীর শীতবস্ত্র বিক্রির অন্যতম জায়গা রেলওয়ে মার্কেটে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় সেখানে গিয়ে দেখা যায়, মার্কেটে লোকসমাগম বেশ থাকলেও শীতবস্ত্রের দোকানগুলোতে যেন মাছিও পড়ছে না! দোকানিরা বসেই একজন অন্যজনের সঙ্গে মেতে আছেন খোস গল্পে।

 

রেলওয়ে মার্কেটের আলম ফ্যাশনের প্রোপ্রাইটর আলী হোসেন, ‘বছরের এ সময় দোকানে আসা ক্রেতাদের ভিড় সমালাতে গিয়ে হিমসিম খেতে হতো। বেচাকেনাও খুব ভালো হয়। কিন্তু এবার যেন একেবারেই তার ভিন্ন চিত্র। ক্রেতাদের কোনো খবরই নেই।’

আলী হোসেন আরও বলেন, ‘শীত না পড়ায় নতুন কাপড়ও দোকানে ওঠানো যাচ্ছে না। বেশি দাম দিয়ে কিনে আনা কাপড় এখন দোকানে তুললেই তা পানির দামে বিক্রি করতে হবে, নতুবা সাজিয়ে বসে থাকতে হবে। তার চেয়ে অপেক্ষায় আছি। শীত বাড়লেই দোকানে কাপড় ওঠাবো।’

মাসুম ড্রেস কর্নারের কর্মচারী শাহিদুল সুমন বলেন, ‘পৌষ মাসের শীত লাগে মহিষের গায়ে। কিন্তু এখন যে শীত পড়ছে তা বৃদ্ধ মানুষের গায়েও লাগছে না। শীত না বাড়লে শীতের পোশাক তেমন একটা বাড়ে না।’

ক্ষোভ প্রকাশ করে নাসিম ফ্যাশনের কর্ণধার নাসিম জামান বলেন, ‘দোকানের চেয়ে ফুটপাত থেকেই সাধারণ মানুষ বেশি পোশাক কিনছে। দোকানের চেয়ে একটু দাম কম হওয়ায় ক্রেতারা সেই দিকেই চলে যাচ্ছে। ফুটপাতের বিক্রেতাদের কারণেও ক্রেতার সংখ্যা কম, বেচাকেনাও কম।’

তিনি আরও বলেন, ‘ফুটপাতের দোকানগুলোতে কোনো খরচ নেই। কিন্তু একটা দোকানে অনেক খরচ। কর্মচারীদের বেতন, ঘরভাড়া, বিদ্যুৎ বিল, টোলসহ বিভিন্ন খরচ আছে। ফলে দোকানের পোশাকের দাম সংগত কারণেই একটু বেশি। ফুটপাতের চেয়ে দোকানের পোশাকের মান সবদিক থেকে ভালো।’

খুলনা শপিং কমপ্লেক্সের একাধিক ব্যবসায়ী জানান, এ সময়ে শীতের কাপড়ের দোকানগুলো ক্রেতাদের অনেক ভিড় থাকে। কিন্তু এবার এখনো শীতের দেখা মেলেনি। নতুন কাপড় কিনলেও ডিসপ্লেতে দেননি। শীত বাড়লেই নতুন পোশাক দোকানে তুলবেন তারা। আপাতত দোকানে যা আছে তার শতকরা ৯০ ভাগই গত বছরের পোশাক।

এদিকে নগরীর ডাকবাংলো মোড়, পাওয়ার হাউজ মোড়, ফেরিঘাট মোড়, রূপসা ফেরিঘাট, দৌলতপুর, সড়ক, সোনাডাঙ্গা বাস টার্মিনাল, গল্লামারী সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে গরম কাপড় নিয়ে বসেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। ছোট ট্রলি অথবা প্লাস্টিকের বস্তা মেলে সড়কের পাশে শীতের পোশাক বিক্রি করছেন। সেখানে ভিড় করছেন সবধরনের ক্রেতারা।

তবে বিক্রেতাদের দাবি, গতবারের চেয়ে এবার বিক্রি কমেছে কয়েকগুণ। ক্রেতা না পেয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন।

 

নগরীর ফেরিঘাট মোড়ে গরম কাপড় নিয়ে বসা লতিফ মিয়া বলেন, ‘আগের মতো শীতের কাপড়ের ব্যবসা এখন নাই। শীতের কাপড় কিনতে আগে থেকেই প্রস্তুতি নিতো ক্রেতারা। কিন্তু এবার শীতের শুরুতে তেমন কোনো ক্রেতা পাচ্ছি না। আগের বার থেকে এবার আমাদের ব্যবসার অবস্থা অনেক খারাপ। গতবার এ সময়ে আমাদের টুকটাক বেচাবিক্রি ছিল। কিন্তু এবার সেই সকাল থেকে বসে আছি এখনো দুপুরের খাবারের টাকাও ওঠেনি।’

ডাকবাংলো সড়কে ভ্যান গাড়িতে গরম কাপড় বিক্রি করেন কিশোর মিজান। সে জানায়, ‘বাবা কাপড় আনতে গেছে। আজ বিক্রির দায়িত্ব আমার। এখনো বনি করতে পারিনি।’

ডাকবাংলা মোড়ে শীতের কাপড় কিনতে আসা মৌ রাণী দাস বলেন, ‘শো-রুমে গেলে তো ‘গলাকাটা’ দাম চায়। তাই ফুটপাতে এসেছি একটু সাশ্রয় মূল্যে গরম কাপড় কিনতে। কিন্তু এখানেও অনেক বেশি দাম।’

নগরীর ইকবাল নগরের গৃহবধূ তছলিমা আক্তার বলেন, ‘রাতে হাঁটতে বের হয়েছিলাম। হঠাৎ ফুটপাতের দোকানে শীতের কাপড়ে নজর গেলো। কিন্তু যে পরিমাণ দাম! মনে হয় না কিনতে পারবো। ভেবেছিলাম ছেলের জন্য একটা হুডি কিনবো। কিন্তু অতিরিক্ত দামের কারণে না কিনেই বাড়ি ফিরতে হচ্ছে।’