Home আঞ্চলিক জমে উঠেছে খুলনার ইসলামী বইমেলা

জমে উঠেছে খুলনার ইসলামী বইমেলা

10

স্টাফ রিপোর্টার।।

খুলনায় প্রথমবারের মতো অনুষ্ঠিত ইসলামী বইমেলা জমে উঠেছে। নগরীর গল্লামারী লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হচ্ছে এ মেলা। ২১ ডিসেম্বর শুরু হওয়া এ মেলা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সৃজনশীল ইসলামী পুস্তক প্রকাশক সমিতি এ মেলার আয়োজন করেছে। এ মেলায় অংশ নিয়েছে দেশের অভিজাত ও শীর্ষ প্রকাশনা সংস্থাগুলো। সাপ্তাহিক ছুটির দিনে (শুক্রবার) মেলায় ক্রেতা ও দর্শনার্থীর ভিড় ছিল চোখে পড়ার মতো।

আয়োজকরা জানান, দেশের স্বনামধন্য ইসলামী বইয়ের ২৪টি প্রকাশনা সংস্থা খুলনার এ মেলায় অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চালু রাখা হয়েছে।

 

প্রতীক প্রকাশনার স্টলের ফজলে রাব্বী বলেন, পাঁচ দিনব্যাপী বইমেলা হলেও বৃহস্পতিবার থেকে লোক সমাগম বেড়েছে। বেচাকেনাও বেশ। সকালের চেয়ে বিকেলেই পাঠক ও দর্শনার্থীদের পদচারণায় জমজমাট হয় মেলা প্রাঙ্গণ।

মেলায় ঘুরতে আসা বাগেরহাটের পিসি কলেজের শিক্ষার্থী জাসিয়া ফিজা, নাছিমা রহমান, সাইফুল আকবর বলেন, মেলায় এসে ভীষণ ভালো লাগছে। মেলা ইসলামিক অনেক বইয়ের সমাহার রয়েছে। যা সচরাচর বইয়ের দোকানগুলোতে দেখা যায় না।

তবে পাঠকদের দাবি, এ মেলা সম্পর্কে মানুষদের মধ্যে প্রচার-প্রচারণার অভাব রয়েছে। আয়োজকদের পক্ষ থেকে প্রচারণার উদ্যোগ নিলে পাঠকদের সমাগম আরও বাড়বে বলে মনে করেন পাঠকরা।