মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
আয়া/ঝাড়ুদার দিয়ে ইসিজি করানোর দায়ে আধুনিক প্যাথলজি নামক প্রাইভেট রোগ নির্ণয় কেন্দ্রটিকে সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এহীন কর্মকান্ডের জন্য ওই প্যাথলজি মালিক অনিমেষ সাহাকে নগদ ৫ হাজার টাকা অর্থদন্ডও দেন মোবাইল কোর্ট। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুর রহমান রবিবার দুপুরে এ অভিযান পরিচালনা করে এটি সিলগালার পাশাপাশি অর্থদন্ড দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাঃ মোঃ ফয়সাল আহমেদ স্বর্ণ ও থানা পুলিশের সদস্যরা।
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর শুক্রবার আধুনিক প্যাথলজিতে যাওয়া এক ব্যক্তির ইসিজি পরীক্ষা করেন ওই প্যাথলজিতে চাকুরীরত ষাটোর্ধ ঝাড়ুদার/আয়া বেগম (৬৫)। বিষয়টি নিয়ে শনিবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় স্থানীয় প্রশাসন নড়েচড়ে বসেন। সংবাদ প্রকাশের পরদিনই রবিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আধুনিক প্যাথলজিতে অভিযান চালিয়ে ঝাড়ুদার দিয়ে ইসিজি করানোসহ নানা অনিয়ম পাওয়ায় তাৎক্ষণিক সেটি সিলগালাসহ নগদ ৫ হাজার টাকা অর্থদন্ড দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুর রহমান বলেন, প্রথমত ঝাড়ুদার দিয়ে রোগীর ইসিজি করিয়ে প্রতারণা, দায়িত্বে অবহেলা, ঠিক মত টেকনোলজিস্ট না আসা, আয়া-বুয়া দিয়ে টেকনোলজিস্টের কাজ করানো, যা সাধারণ রোগীদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এছাড়া লাইসেন্সের শর্ত ভঙ্গ করায় আধুনিক প্যাথলজি প্রতিষ্ঠান সিলগালা ও জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সিলগালা অবস্থায়তেই থাকবে প্যাথলজিটি।











































