ঢাকা অফিস।।
আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিল। একই দিনে সারা দেশে গণমিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি। পরে জামায়াতসহ তাদের সমমানা দলগুলো বিএনপির সঙ্গে যুগপৎভাবে গণমিছিলের কর্মসূচি দিয়েছে। এনিয়ে আবারও মাঠের রাজনীতিতে উত্তাপ শুরু হয়েছে। দুটি বড় রাজনৈতিক দলের একই দিনে রাজধানীতে কর্মসূচি ফলে সংঘার্তের আশঙ্কা করছেন সাধারণ মানুষ।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির দশ দফা মানে হচ্ছে কার্যত এক দফার আন্দোলন। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুর্নবহাল করা। এ জন্য শুধু গণমিছিল করে দাবি আদায় সম্ভব নয়। গত ১৫ বছরে বিএনপি এমন অসংখ্য মিছিল করেছে। এতে তাদের কোনো দাবি আদায় হয়েছে কিনা তা তাদের নেতারাই ভালো বলতে পারবেন। মানদন্ডের হিসাব কষলে এতো বড় একটা দাবি আদায়ের জন্য একটা গণমিছিল হবে এমন কর্মসূচিতে বিএনপি কর্মীরাও খুশি হতে পারেনি। এটা বড় কোনো রাজনৈতিক ঘোষণাই হতে পারে না। তারা চাইলে অবস্থান কর্মসূচী বা সচিবালয় ঘেরাও কর্মসূচী দিতে পারতো কিন্তু বিএনপি তা করেনি। তাদের এই কর্মসূচীর পেছনে অন্য কোনো উদ্দেশ্যে থাকতে পারে। যাতে সংঘাতপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
ইতোমধ্যে বিএনপির ১০ দফার সঙ্গে ঐক্যমত পোষণ করে জামায়াতসহ বিভিন্ন সরকার বিরোধী দল যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়েছে। যেমনটি আমরা ১/১১-এর সময়ে দেখেছি। তৎকালীন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কে এম হাসানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার হাতে ক্ষমতা দেওয়ার প্রস্তুতি নিয়ে একদিকে জামায়াত-বিএনপির সরকার তাদের বিদায়ের প্রস্তুতি নিচ্ছিলো। অন্যদিকে কে এম হাসান যাতে তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব নিতে না পারেন সেজন্য আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোট তখন তুমুল আন্দোলন করছিলো। ২৮ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ওই সময় দেশজুড়ে তিনদিনের সংঘর্ষে ২৩ জন প্রাণ হারিয়ে ছিলেন।
বর্তমান পরিস্থিতিতে কেন বিএনপি এমন কর্মসূচী দিলো বিষয়টি নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আসলে আমাদের একটা রাজনৈতিক ক্যালেন্ডার আছে। আমরা তা মেনেই চলছি। কখন কোন কর্মসূচী হবে, সেটাই এখানে আছে।’
তবে কেন ২৪ ডিসেম্বর-ই আওয়ামী লীগের কাউন্সিলের মতো গুরুত্বপূর্ণ এই দিনেই আপনাদের মিছিলের ডাক দিতে হলো এমন প্রশ্নে ব্যারিস্টার খোকন বলেন, ‘আমাদের মিছিল হবে শান্তিপূর্ণ কোথাও কোনো সংঘাত সৃষ্টি হবে না। রাজনৈতিক দল হিসেবে আমাদের সেই অধিকার আছে।’
এবিষয়ে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, ‘২৪ ডিসেম্বর আমাদের কাউন্সিলের তারিখ অনেক আগেই ঘোষণা দেওয়া ছিল। ওইদিনই বিএনপির কর্মসূচি দেওয়া একটি হঠকারী সিদ্ধান্ত। তবে বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করতে চাইলে আওয়ামী লীগ তাদের কোনো বাধা দিবে না। কিন্তু বিএনপি-জামায়াত যদি গণমিছিলের নামে মানুষের জানমালের কোনো ক্ষতি করে, সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা করে বা কোনো প্রকার সংঘাতপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করে তাহলে আমরা তাদের ছেড়ে দিবো না।’
রাজনৈতিকদের এমন ‘খেলার মধ্যে’আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও দলটির উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ-এর কাছে মুঠোফোনে তাঁর বক্তব্য জানতে চাইলে তিনি ‘এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না’ বলেই কল কেটে দেন।’
একাধিক বৈঠকের পর ১০ ডিসেম্বর ঢাকার গোলাপবাগ মাঠে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর আগে মানুষের জানমালের ক্ষতি আশঙ্কা থেকে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে করার অনুমতি দেয় ডিএমপি। কিন্তু বিএনপি নেতারা সেখানে সমাবেশ করতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত গোলাপবাগ মাঠে সমাবেশের করতে দেয়।
বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশের আগে গত ৭ ডিসেম্বর বিএনপি-পুলিশ সংঘর্ষে মকবুল আহমেদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৭ পুলিশসহ শতাধিক। গত ৮ ডিসেম্বর নাশকতার মামলায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব রিজভী আহমেদসহ প্রায় সাড়ে ৪’শ নেতা-কর্মীকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া রাজধানীর বিভিন্ন থানাও দলটির বহু নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়।
এদিকে ১০ ডিসেম্বর গোলাপবাগ মাঠে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ১০ দফা কর্মসূচি ঘোষণা করেন। সেখানে বিএনপির এইসব দাবি আদায়ে ২৪ ডিসেম্বর থেকে আন্দোলন শুরু করবে। ওই দিন তারা সারাদেশে গণমিছিলের করবে। পরে আরো কর্মসূচি দেয়া হবে বলে সমাবেশে জানিয়েছেন ড. খন্দকার মোশাররফ। তবে এর আগে তারা ১৩ ডিসেম্বর নেতা-কর্মীদের মুক্তির দাবীতে ঢাকা মহানগরীতে গণবিক্ষোভ করবে।
২৪ ডিসেম্বরকে ঘিরে কোনো নাশকতার আশঙ্কা রয়েছে কিনা এবিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মো. ফারুক হোসেন জোরদিয়ে বলেন, ‘সংঘাতের কোনো আশঙ্কাই নেই।’











































