মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলায় চড়ুই পাখির নিরাপদ আবাসস্থল ও প্রজননের জন্য অভয়াশ্রমে বেঁধে দেয়া হচ্ছে রং-বেরংয়ে বিভিন্ন ধরণের বাসা। যাতে সেই বাসায় প্রজনন ঘটাতে পারে পাখিগুলো। তাহলেই অনেকটা বিলুপ্তির পথে থাকা এ পাখির সংখ্যা যেমনি বাড়বে, তেমনি প্রকৃতিতে চড়ুইর অস্বিত্ব টিকে থাকবে। আর চড়ুই পাখির অস্বিত্ব টিকিয়ে রাখতে স্বেচ্ছায় অভয়াশ্রমে বাসা বেঁধে দেয়ার কাজ করছেন পাঁচ ফোড়ন শিল্প পরিবারের একদল যুবক। পাঁচ ফোড়ন শিল্প পরিবারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাদের এ কাজে সার্বিক সহায়তা প্রদাণের কথা আশ্বাস দিয়েছেন পৌর মেয়র।
চড়ুই, সকলের কাছেই একটি পরিচিত ছোট পাখি। যা আগে হরহামেশা দেখা যেত প্রায়ই বাড়ীঘরে। ঘর ছাড়াও বাড়ীর গাছপালায় দেখা মিলতো এ চড়ুই পাখির। খড়-কুটো দিয়ে মানুষের বসত ঘরের মধ্যে, বারান্দায়, চালের কোনায় ও বাড়ীর গাছের ডালে বাসা বেঁধে থাকতো এ পাখি। কিন্তু এখনকার ইট-পাথরের বাড়ীঘরে আর দেখা মেলেনা এ চড়ুই পাখির। কারণ পাকা কংক্রিটের ঘরবাড়ীতে আর বাসা বাঁধার সুযোগ/জায়গা নেই তাদের। তাই এখন চড়ুইর দেখা মেলাটাও কঠিন হয়ে পড়েছে। শহরের মানুষও এখন ভুলতে বসেছে সেই চড়ুই পাখিকে। গ্রামের বাড়ীঘর ও গাছপালায় মাঝে মধ্যে দেখা মিললেও শহরের বাড়ীঘরে-গাছে এখন আর তা তেমন একটা চোখে পড়ছেনা চড়ুই পাখি।
তবে মোংলা পৌর শহরের শেখ আ: হাই সড়কের মাঝখানের ডিভাইডারের গাছপালা এখন চড়ুই পাখির অভয়াশ্রমে পরিণত হয়েছে। এ বছর এ গাছগুলোতে বিপুল সংখ্যক পাখির আনাগোনা ও কিচিরমিচির শব্দে সকাল ও সন্ধ্যা মুখরিত হচ্ছে। দুই বছর ধরে ডিভাইডারের গাছগুলোতে চড়ুইর অভয়াশ্রমে পরিণত হলেও চলতি বছরের শীতের শুরু থেকেই পাখির সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে।

স্থানীয় দোকানী দীনেশ সাহা ও সুরেশ্বর হোটেল মালিক মোঃ দেলোয়ার হোসেন বলেন, শহরের শেখ আ: হাই সড়কের রিমঝিম সিনেমা হল থেকে শুরু করে মদিনা হোটেল পর্যন্ত সারিসারি গাছগুলোতে আশ্রয় নিয়ে থাকছে কয়েক হাজার চড়ুই পাখি। আর তা দেখার জন্য এখানে ভিড় করছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। তারাও এক একটি গাছে থাকা শতশত পাখি দেখে ও কিচিরমিচির ডাক শুনে এক ধরণের আনন্দ এবং প্রশান্তি উপভোগ করছেন। আর এই পাখির নিরাপদ আবাস সৃষ্টি ও প্রজননের জন্য কাজ শুরু করেছেন স্থানীয় পাঁচ ফোড়ন শিল্প পরিবার নামের একটি সংগঠন। এ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা নিজেদের পকেটের টাকা দিয়ে মাটির হাঁড়ি, প্লাস্টিকের বোতল ও টিনের কৌটা কিনে তা বেঁধে দিচ্ছেন গাছে গাছে।
পাঁচ ফোড়ন শিল্প পরিবার’র পরিচালক শেখ মেহেদী হাসান জিকো, জ্যোতি হালদার ও সদস্য নয়ন পোদ্দার বলেন, গাছগুলোতে কোন বাসা নেই, গাছের ডালে ডালে পাখিগুলো থাকছে। তাই তাদের নিরাপদ আবাস ও প্রজননের জন্য মাটির হাঁড়ি, টিনের কৌটা ও প্লাস্টিকে উপকরণ দিয়ে বাসা তৈরি করে তা বেঁধে দেয়া হচ্ছে। গাছে বাঁধা এ বাসাগুলো পাখির প্রজননে সহায়ক হবে। ফলে এতে বৃদ্ধি পাবে চড়ুইর সংখ্যাও। সেই সাথে হবে টেকসই আবাসস্থলও। শুধু শহরের এ প্রধান সড়কই নয়, মেরিন ড্রাইভের গাছগুলোতে এমন বাসা বেঁধে দেয়ার কাজও করতে চাই আমরা। সেক্ষেত্রে আমাদের সহায়তার প্রয়োজন। সহায়তা পেলে আমাদের এ কার্যক্রম আরো ব্যাপক ও বেগবান হবে। এ কার্যক্রম সম্পন্ন হলে মোংলায় আগত দর্শনার্থীদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠবে এ পাখির বাসাগুলো। মাটির হাঁড়িতে রং করে ও আল্পনা দিয়ে সাজানো হয়েছে। যা সকলের দৃষ্টি আকর্ষণ করছে।
মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান বলেন, পৌর শহরের প্রধান সড়কের গাছগুলোতে পাখির জন্য বাসা বেঁধে দেয়ার কাজ করা পাঁচ ফোড়ন শিল্প পরিবারের সংগঠনটিকে আন্তরিক সাধুবাদ জানাই। আমি তাদের এ কাজে সার্বিক সহায়তা করবো। মেয়র আরো বলেন, চড়ুই পাখি এখন বিলুপ্তির পথে, তাদের প্রজনন ও সুরক্ষায় সকলের সহায়ক ভূমিকা পালন করা উচিত। আশা করবো পাঁচ ফোড়নের মত অন্যান্যরাও পাখি ও প্রাণীর প্রতি যত্নশীল হবেন, তাতে পরিবেশ এবং প্রকৃতির ভারসম্য বজায় থাকবে।
শুধু পাখির প্রেমেই নয়, ২০২২ সালের ২২ ফেব্রুয়ারী আত্মপ্রকাশ হওয়া ৩০ সদস্যের পাঁচ ফোড়ন শিল্প পরিবার সমাজ সচেতনায় নানামুখী কাজ করে আসছেন। সংগঠনটি বিগত সময়ে মঞ্চ নাটক, বসন্ত উৎসব, ফ্রি রক্তাদান, দুস্থদের ফ্রি চিকিৎসা সেবাসহ নানা কাজে সার্বিক সাহায্য সহযোগীতার কাজ করে স্বল সময়ে স্থানীয়ভাবে ব্যাপক সুনাম ও খ্যাতি অর্জন করেছেন। তাদের মত অন্যরাও পাখি সংরক্ষণসহ সমাজ উন্নয়নের কাজে এগিয়ে এলে সমৃদ্ধ হবে সমাজ, প্রকৃতি ও পরিবেশ।











































