
২০২২ সালে বেড়েছে সাংবাদিক হত্যা, নেপথ্যে ইউক্রেন যুদ্ধ
খুলনাঞ্চল ডেস্ক
২০২২ সালে বিশ্বজুড়ে বেড়েছে সাংবাদিক হত্যার ঘটনা। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান, হাইতিতে বিশৃঙ্খলা এবং মেক্সিকোর সন্ত্রাসী গ্যাংগুলোর উৎপাত এর পেছনে দায়ী। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে)-এর সর্বশেষ রিপোর্টে এমনটাই জানানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী, এ বছর মোট ৬৭ সাংবাদিক নিহত হয়েছেন। গত বছর এ সংখ্যা ছিল ৪৭। এ বছর সবথেকে বেশি সাংবাদিক প্রাণ হারিয়েছেন ইউক্রেনে। দেশটিতে চলছে রাশিয়ার সামরিক অভিযান। রাশিয়াকে ঠেকাতে প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনও। ফলে গত ৯ মাস ধরে সেখানে সংঘাত চলছে। আর এই সংঘাতেই প্রাণ হারিয়েছেন ১২ সাংবাদিক। তাদের বেশিরভাগই ইউক্রেনের সাংবাদিক।
তবে বিদেশি গণমাধ্যমগুলোর সাংবাদিকরাও আছেন মৃতের তালিকায়। যুদ্ধ শুরুর প্রথম কয়েক সপ্তাহে সবথেকে বেশি সাংবাদিক মারা গেছেন।
জাতিসংঘের মানবাধিকার দিবস উপলক্ষে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। এতে আরও দেখা গেছে, হত্যা ছাড়াও সাংবাদিকদের উপরে নির্যাতনের ঘটনাও বেড়েছে। গত বছরের তুলনায় এ বছর কারাগারে থাকা সাংবাদিকের সংখ্যা ১০ জন বেশি ছিল। তাদের বেশিরভাগই চীন, মিয়ানমার, তুরস্ক, ইরান ও বেলারুশে। বিশ্বের দেশগুলোকে সাংবাদিকদের সুরক্ষা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে আরও ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে আইএফজে।
সংস্থাটির প্রধান অ্যান্থনি বেলাঞ্জার এক বিবৃতিতে বলেছেন, সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতে ব্যর্থতা কেবলমাত্র তাদেরই উৎসাহিত করবে যারা তথ্যের অবাধ প্রবাহকে দমন করতে চায়। আইএফজে আরও বলেছে, মেক্সিকোতে সন্ত্রাসী সংগঠনের ক্ষমতা বৃদ্ধি এবং হাইতিতে আইন-শৃঙ্খলার পরিস্থিতির ভাঙ্গন সাংবাদিক হত্যাকাণ্ড বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। এ বছর মেক্সিকোতে সাংবাদিকদের জন্য সবচেয়ে ভয়াবহ বছর ছিল। সেখানে যুদ্ধ চলছে না অথচ সাংবাদিকরা নিরাপদ নেই। দেশটি এ বছর যুদ্ধক্ষেত্রের বাইরে সাংবাদিকদের জন্য সবথেকে বিপজ্জনক দেশ হিসেবে চিহ্নিত হয়েছে। উল্লেখ্য, ব্রাসেলস-ভিত্তিক আইএফজে বিশ্বের ১৪০টি টিরও বেশি দেশে ৬ লাখের বেশি মিডিয়াকর্মীর প্রতিনিধিত্ব করে।
হজম সহায়ক মুলা
মিলি রহমান
শীতকালীন সবজিতে এখন বাজার ভরপুর। এ মৌসুমের সবজির মধ্যে বেশ পরিচিত মুলা। কিন্তু মুলা দেখলেই অনেকেই নাক সিঁটকান। অনেকে আবার ঝাঁঝালো গন্ধের জন্য মুলা খেতে চান না। কারও কারও আবার মুলা খেলে পেটে গ্যাসের সমস্যা হয়।
তবে অনেকেরই হয়তো জানা নেই ,মুলা পুষ্টিগুণে ভরপুর একটি সবজি। এতে থাকা ফোলেট, ফাইবার, রাইবোফ্ল্যাবেন, পটাশিয়াম, ভিটামিন বি৬, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ এবং ক্যালশিয়াম নানা রোগ ভোগ থেকে আমাদের রক্ষা করে। মুলা খেলে যেসব স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়-
পুষ্টিগুণে ভরপুর: মুলায় ফোলেট বা ভিটামিন বি-এর উপস্থিতি লোহিত রক্তকণিকা সংশ্লেষণে সাহায্য করে। এতে থাকা ভিটামিন সি উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং কোলাজেন উৎপাদন বাড়ায়। এছাড়াও, মুলায় প্রচুর পরিমাণে পটাসিয়াম রয়েছে, যা শরীরে তরলের ভারসাম্য বজায় রাখে, পাশাপাশি স্নায়ুতন্ত্রের সঠিক কার্যকারিতায় সাহায্য করে। এতে ক্যালসিয়ামও রয়েছে, যা কেবল হাড়ের শক্তিই বাড়ায় না, পাশাপাশি উচ্চ রক্তচাপও কমায়।
ক্যান্সার প্রতিরোধ : মুলায় রয়েছে গ্লুকোসিনোলেটস নামক এ ধরনের সালফার-সমৃদ্ধ যৌগ, যা ক্যান্সার প্রতিরোধে সহায়ক। ভবিষ্যতে ক্যান্সারে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এমন কোষগুলির নির্মূল প্রক্রিয়ায়ও সহায়তা করে এই যৌগ।
হজমে সাহায্য করে: যারা প্রায়ই বদহজম, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্যের মতো পেটের সমস্যায় ভোগেন, তাদের খাদ্যতালিকায় অবশ্যই মুলা রাখুন। মুলা ফাইবার সমৃদ্ধ সবজি। এটি হজম প্রক্রিয়া উন্নত করবে। মুলোয় পানির পরিমাণ প্রায় শসার মতোই। ১০০ গ্রাম মুলায় ৯৩ দশমিক ৫ গ্রাম পানি রয়েছে।
ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী: ডায়াবেটিস রোগীরা খাদ্যতালিকায় অবশ্যই মুলা যোগ করুন। এই সবজিটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে।
হৃৎপিণ্ড ভাল রাখে: মুলা অ্যান্থোসায়ানিনের দারুণ উৎস। এটি এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট-সমৃদ্ধ ফ্ল্যাভোনয়েড, যা হৃৎপিণ্ডের স্বাস্থ্যের উন্নতি করে এবং কার্ডিওভাসকুলার সমস্যার ঝুঁকি কমায়। নিয়মিত মুলা খেলে কোলেস্টেরলও নিয়ন্ত্রণে থাকে। সূত্র: বোল্ড স্কাই
তেলেঙ্গানায় মিথিলাদের ‘মায়া’
বিনোদন ডেস্ক
ভারতের হায়দরাবাদে শুরু হয়েছে ‘পঞ্চম তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব’। উৎসবে শনিবার (১০ ডিসেম্বর) প্রদর্শিত হবে রাফিয়াদ রশিদ মিথিলা অভিনীত কলকাতার ছবি ‘মায়া’। এরই মধ্যে উৎসবে যোগ দিতে হায়দরাবাদ পৌঁছে গেছেন মিথিলা।
হায়দরাবাদে চলচ্চিত্রবোদ্ধা আর দর্শকের সঙ্গে ছবি দেখার অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন মিথিলা। ছবিটি অনেকের ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
‘মায়া’ ছবিটি উইলিয়াম শেকসপিয়রের কালজয়ী নাটক ‘ম্যাকবেথ’ অবলম্বনে নির্মিত। এটি পরিচালনা করেছেন রাজর্ষি দে।
ছবির কাহিনিতে দেখা যাবে নির্যাতনের শিকার সংখ্যালঘু এক নারীর ঘুরে দাঁড়ানো এবং পুরুষতন্ত্রের শিকল ছিঁড়ে অন্যদের বেরিয়ে আসার উৎসাহ জোগানো।
সিনেমায় মায়া চরিত্রে মিথিলাকে তিনটি বয়সে দেখা যাবে এবং চরিত্রটি বেশ শক্ত। সিনেমাটি হতে যাচ্ছে একটি ডার্ক ফিল্ম, যা কিনা উইলিয়াম শেকসপিয়ারের ম্যাকবেথ অবলম্বনে নির্মিত হবে। ‘মায়া’য় মিথিলাকে ছাড়াও কমলেশ্বর মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী ও সুদীপ্তা চক্রবর্তীকেভ।
অন্যদিকে বিশেষ কিছু চরিত্রে দেখা যাবে, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, রোহিত বন্দ্যোপাধ্যায়, রিচা শর্মা, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, রণিতা দাস, দেবলীনা কুমার, রতশ্রী দত্ত, ইশান মজুমদার, সায়ন্তনী গুহঠাকুরতা, অসীম রায় চৌধুরী, গৌরব চট্টোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং কান সিংহ সোধাকে।
আরও জানা গেছে, এই ছবির হাত ধরেই প্রথমবার একসঙ্গে বড়পর্দায় অভিনয় করতে চলেছেন দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায়কে।
কুয়েটে “ক্যাম্পাস নেটওর্য়াক ডিজাইন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ “ঞঊওঘ*ঈঈ জবমরড়হধষ ডড়ৎশংযড়ঢ় ড়হ ঘবঃড়িৎশরহম ইধংরপং ধহফ ঈধসঢ়ঁং ঘবঃড়িৎশ উবংরমহ” শীর্ষক দু’দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ডিস্ট্যান্স লার্নিং থিয়েটারে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইইই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ সালাহ্ উদ্দীন ইউসুফ, ইইই বিভাগের প্রফেসর ড. মোঃ আব্দুর রফিক। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ও কুয়েট এর সেন্ট্রাল কম্পিউটার সেন্টার এর তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত কর্মশালায় অংশগ্রহনকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৬০জন শিক্ষার্থীর হাতে সার্টিফিকেট তুলে দেন প্রধান অতিথি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া।
উল্লেখ্য, ০৯ ডিসেম্বর শুক্রবার কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার।
কালীগঞ্জে দারুল উলুম চৌমুহনী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
কালিগঞ্জ প্রতিনিধিঃ
বিজ্ঞ আদালতের আদেশকে অমান্য ও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বেতন ভাতা বিলে স্বাক্ষর করার অভিযোগ পাওয়া গেছে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দারুল উলুম চৌমুহনী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জামায়েত নেতা আব্দুল কাদির হেলালির বিরুদ্ধে। ৯ বছরে দাখিল পাস সহ ২০১২ সালে ফতেপুর চাকদহ গ্রামের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর লুটপাট, আগুন দিয়ে জ্বালানো সহ ২০১৩ সালে বিভিন্ন নাশকতা, জ্বালাও পোড়াও মামলা ছাড়াও মানবাধিকার কর্মী ও আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দিন কে প্রকাশ্য কুপিয়ে হত্যা সহ প্রায় ডজন মামলার অভিযোগ রয়েছে।
তারপর অত্র মাদ্রাসার সাবেক সভাপতি নুরুল হক সরদারের দায়ের করা মামলায় সাতক্ষীরার বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক চাঁদ মুহাম্মদ আব্দুল আলিম আল রাজি গত ১৬/ ১১/ ২০২২ ইং তারিখে অধ্যক্ষের দায়ের করা দেওয়ানি ২৭/ ২০২০ নং মামলার আদেশের আলোকে যুগ্নু জেলা জজ দ্বিতীয় আদালতের দেওয়ানী০৪/২০২০ নং মামলার গত০১/ ০৬/২০২২তারিখের রায় ও ৬৭/২০২২ তারিখের ডিক্রি র কার্যক্রম স্থগিতের আদেশ প্রদান করেন। উক্ত আদেশের পর হতে অধ্যক্ষ আবদুল কাদের হেলালী আর ওই মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে কোন কার্যক্রম বা কোথাও স্বাক্ষর করতে পারেন না। এরপরও বিজ্ঞ আদালতের আদেশ কে অমান্য করে উপজেলার এক শীর্ষ জন প্রতিনিধি ও আওয়ামী লীগ নেতার প্রভাবে সদ্য যোগদান কৃত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ভুল বুঝিয়ে বিভিন্ন কাগজ পত্রে নিজের স্বার্থসিদ্ধির জন্য স্বাক্ষর করেনিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে মুকুন্দপুর গ্রামের আশিক, অভিভাবক মমতাজ, আব্দুল হক, রিয়াজ উদ্দিন, গোপাল পাল, মিন্টু গাজী সহ একাধিক ব্যক্তি অভিভাবক সাংবাদিকদের জানান উপজেলার বহুল আলোচিত দারুল উলুম চৌমুহনী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জমায়েতের সূরা সদস্য আবদুল কাদের হেলালি জাল জালিয়াতের মাধ্যমে ৯ বছরে দাখিল পাশ দেখিয়ে এবং সার্টিফিকেট জমা দিয়ে অত্র মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে কাজ করে যাচ্ছে। ২০১২ সালে ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ফতেপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে “হুজুরে কেবলা” নামক একটি নাটক চলায় মহানবিকে কটুক্তির দোহাই দিয়ে তার নেতৃত্বে ফতেপুর চাকদাহ গ্রামে সংখ্যালঘুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়। উক্ত ঘটনায় তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রেক্ষিতে তৎকালীন অত্র মাদ্রাসার সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহোদয় তাকে সাময়িক বরখাস্ত করে। এরপর২০১৩ সালে জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল কাদের হেলালির নেতৃত্বে একাধিক সহিংস জ্বালাও পোড়া ও সহ আওয়ামীলীগ নেতা মোসলেম উদ্দিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা সহ প্রায় ডজন মামলার আসামি সে।
উক্ত ঘটনায় মাদ্রাসার তৎকালীন সভাপতি নুরুল হক সরদার এবং ম্যানেজিং কমিটির সদস্যরা অধ্যক্ষ আব্দুল কাদেরকে মাদ্রাসা থেকে সাময়িক বরখাস্ত করে। উক্ত মামলায় আটক হয়ে দীর্ঘ এক বছর পর জেল থেকে জামিন পেয়ে বিজ্ঞ আদালতে চাকরি ফেরত বেতন ভাতার দাবিতে দেওয়ানী ৬৭/২০২০এবং জেলা জজ দ্বিতীয় আদালতে দেওয়ানি০৪/২০২০ মামলা দায়ের করে। উক্ত মামলায় বিজ্ঞ আদালত তার বেতন ভাতা মাদ্রাসার সমুদায় কাগজপত্র বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন। উক্ত আদেশের বিরুদ্ধে মাদ্রাসার ম্যানেজিং কমিটি বিজ্ঞ আদালত থেকে আবারও নিষেধাজ্ঞা জারি করেন। অধ্যক্ষ আব্দুল কাদেরে হেলালির দায়ের করা ০৪/২০২০ আপিলের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রায় এ উল্লেখ করেন। একই আদালত থেকে পরস্পর বিরোধী রায় প্রদান করা হয়েছে। এ অবস্থায় স্থগিদের দরখাস্ত মঞ্জুর করা হলো। প্রার্থিত মতে আগামী ধার্য তারিখ পর্যন্ত দেওয়ানী ৬৭/ ২০২০ মামলার আদেশের আলোকে যুগ্ন জেলা জজ দ্বিতীয় আদালতের দেওয়ানী ৪/ ২০২০ নং মামলার গত ই; ১ /৬/ ২০২২ তারিখের রায় ও ৭৬/২০২২ তারিখের ডিগ্রির কার্যক্রম স্থগিত করা হলো। অর্থাৎ এই আদেশের পর হতে অধ্যক্ষ আব্দুল কাদের হেলালী ওই মাদ্রাসার অধ্যক্ষসহ সকল কার্যক্রম এর পথ হারিয়েছেন। অত্র আদেশের পর হতে তিনি অত্র মাদ্রাসার কেউ নন বলে অভিভাবকরা জানান।
কালীগঞ্জে ওয়াবদার ভেড়ি বাঁধের মাটি কেটে ভাটায় নেওয়ার অভিযোগ
কালিগঞ্জ প্রতিনিধি
পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ও পাশে গভীর গর্ত খুঁড়ে মাটি নিয়ে একতা ব্রিকস নামে ইটভাটায় নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আর এর ফলে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ টি চরম হুমকির মুখে পড়ায় জনমনে আতঙ্ক শুরু হয়েছে।
গত এক সপ্তাহ ধরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের তেতুলিয়া গ্রামের ৬ ফোকর সুইচগেট সংলগ্ন এ ঘটনা ঘটে গেলেও দেখার কেউ নাই। তেতুলিয়া গ্রামের মোখলেসুর রহমান পল্টু এবং তার ভাই জাকির হোসেন জাতীয় দলের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান এর ভাই হওয়ায় তার নাম ভাঙিয়ে প্রতিনিয়ত এ কাজ চালিয়ে গেলেও প্রতিবাদ করেও কোন কাজ হয়নি।
তবে বিষয়টি নিয়ে সাতক্ষীরার পানি উন্নয়ন বোর্ডের কালিগঞ্জ উপজেলায় ৫ নাম্বার পোল্ডারের দায়িত্বে উপসহকারী প্রকৌশলী শাহনাজ পারভিন ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান বিষয়টি নিয়ে এর আগে তাকে নিষেধ করা হয়েছে আমি এখনই লোক পাঠাচ্ছি। তেতুলিয়া গ্রামের আলমগীর, হাফিজুর, মুসা, ইসমাইল সহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান দীর্ঘদিন যাবত কোন ধরনের কাগজপত্র ছাড়া জাতীয় দলের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের নাম ভাঙিয়ে তার ভাই মোখলেসুর রহমান পল্টু এবং জাকির হোসেন মিলে একতা ব্রিকস নামে কাক শিয়ালি নদীর পাড়ে ইটভাটা পরিচালনা করে আসছে।
বর্তমান ওয়াবদার ভেড়িবাধ এবং বাঁধের পাশে মাটি কেটে গর্ত খুঁড়ে বাঁধ কে ঝুকির ভিতরে ফেলেছে। যে কোন সময় বড় ধরনের ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস হলে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাবে।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী। এ প্রসঙ্গে ভাটা মালিক মোখলেসুর রহমান পল্টু র বিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান ভাঁটার কাগজপত্র ইউ পি সদস্য আব্দুস সাত্তারের নামে আছে। আমরা শেয়ার কিনেছিলাম বর্তমান আমাদের নামে করার জন্য কাজ চলছে। পানি উন্নয়ন বোর্ড এর বাঁধের মাটিকাটা প্রসঙ্গে জানতে চাইলে তিনি নিজেদের কেনা জায়গা বলে দাবি করেন এবং বলেন পানি উন্নয়ন বোর্ডের ভেড়িবাধ পরে সংস্কার করে দেয়া হবে।
বাগেরহাটে বিএনপি-জামায়াতের ১৪ নেতাকর্মী আটক
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় নাশকতা চেষ্টার অভিযোগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে ১৪ জন বিএনপি-জামায়াত নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ। আটকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে শনিবার দুপুরে বাগেরহাট আদালতে প্রেরণ করেছে পুলিশ।আটককৃতরা হল, মোরেলগঞ্জ পৌর সভার আদর্শ পাড়ার মো. মশিউর রহমান শফিক(৫৭), গুলিশাখালির মো. আব্বাস উদ্দিন হাওলাদার(৬৫), একই এলাকার মো. মোস্তাফিজুর রহমান(৪২), পৌর সভার উত্তর সরালিয়ার মো. আরিফুল ইসলাম অনিক(২৪), একই এলাকার মাসুদ খান চুন্নু(৫৫), একই এলাকার মো. মিজানুর রহমান(৪৮), বারইখালীর মো. বাদল শরীফ(৫২), শ্রেনীখালীর মো. সুমন খান(৪৩), পৌরসভার বারইখালীর মো. এমদাদুল ইসলাম হাওলাদার ইমু(৪০), কালিকাবাড়ির মো. মিজানুর রহমান ওরফে আ. রব(৩৫), পৌরসভার বারইখালীর মো. মিন্টু হাওলাদার(৪০), পূর্ব চিপা বারইখালীর মো. শহিদুল ইসলাম হাওলাদার(৪৫), ডেউয়াতলার মো. আবুল বাশার(৬০) ও হোগলাপাশার এসএম ফেরদৌস(২৯)। আটকৃতদের অধিকাংশই বিএনপি’র নেতাকর্মী এবং বাকিরা জামায়াতের নেতাকর্মী।
থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, শুক্রবার রাত ১২ টার দিকে আসামিরা সেতারা-অব্বাস বিএম কলেজ মাঠে সঙ্গবদ্ধ হয়ে নাশকতার প্রস্তুতিকালে পুলিশ তাদেরকে আটক করে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে ১ টি বিস্ফোরিতসহ ৪টি ককটেল উদ্ধার করে। এ ঘটনায় ২৮ জনকে নামিয় ও ৩০/৪০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের হয়েছে।বিএনপি-জামায়াতের ১৪ নেতাকর্মী আটক
থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, শুক্রবার রাত ১২ টার দিকে আসামিরা সেতারা-অব্বাস বিএম কলেজ মাঠে সঙ্গবদ্ধ হয়ে নাশকতার প্রস্তুতিকালে পুলিশ তাদেরকে আটক করে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে ১ টি বিস্ফোরিতসহ ৪টি ককটেল উদ্ধার করে। এ ঘটনায় ২৮ জনকে নামিয় ও ৩০/৪০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের হয়েছে।
বাগেরহাটে ছুরিকাঘাতে ব্রাজিল সর্মথক নিহতের প্রধান আসামি গ্রেফতার
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জে ব্রাজিল সর্মথক টুটুল হাওলাদার (১৪) নামে এক কিশোরকে ছুরি মেরে হত্যা ঘটনায় প্রধান আসামি বাক প্রতিবন্ধী যুবক রুবেল সমদ্দারকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পরে শনিবার বেলা সাড়ে ৩ টার দিকে মোংলা উপজেলার কচুবুনিয়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে বলে থানার ওসি মো. সাইদুর রহমান জানিয়েছেন।
এর আগে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের সোমাদ্দারবাজার এলাকায় একটি দোকানে খেলা দেখে বাড়ি ফেরার সময় পশ্চিম গুলিয়াখালী গ্রামের দিনমজুর আব্দুল বারেক হাওলাদারের ছেলে টুটুলের গলায় ছুরি মেরে হত্যা করে যুবক রুবেল। এ ঘটনায় টুটুলের পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
পূর্ব শত্রুতার জের ধরে বাক প্রতিবন্ধী রুবেল টুটুলকে হত্যা করে বলে থানা পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।
বাগেরহাটে যুবলীগের চেক পোস্ট থেকে সাংবাদিকের উপর হামলা
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জে এসএম সাইফুল ইসলাম কবির (৪৮) নামের এক সাংবাদিককে মারধর করেছে যুবলীগের নেতাকর্মীরা।শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে সাইনবোর্ড-বগি আঞ্চলিক মহাসড়কের মাঝিবাড়ি এলাকায় বিএনপির সমাবেশে যেতে বাঁধা দেওয়ার জন্য করা চেক পোস্টে দায়িত্বরত যুবলীগকর্মীরা এই হামলা করেন। এসময় এসএম সাইফুল ইসলাম কবিরের স্ত্রী সাথী ইসলাম, বড় ভাই আব্দুল রব ফকির ও অটো চালক অহিদুলকেও মারধর করে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পুলিশ লোহার রড ও লাঠি উদ্ধার করেছে।
মারধরের শিকার এসএম সাইফুল ইসলাম কবির দৈনিক অবজারভার পত্রিকার মোরেলগঞ্জ প্রতিনিধি এবং উপজেলার ভাইজোড়া এলাকার বাসিন্দা। সে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
সাংবাদিক এসএম সাইফুল ইসলাম কবির বলেন, পারিবারিক কাজ সেরে অটোতে করে স্ত্রী ও বড় ভাইকে নিয়ে মোংলা থেকে ফিরছিলাম। পথিমধ্যে মাঝিবাড়ি এলাকায় পৌছালে নিশানবাড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সুমনের নেতৃত্বে আমাদের অটো আটকে দেওয়া হয়। সাংবাদিক পরিচয় দেওয়ার পরেও সুমনসহ আরও কয়েকজন আমাকে মারধর করে। আমার স্ত্রী, আমার বড় ভাই ও অটো চালককেও মারধর করে তারা।
এসএম সাইফুল ইসলাম কবিরের স্ত্রী সাথী ইসলাম বলেন, আমরা কোন কিছু বুঝে ওঠার আগেই তারা আমাদের উপর হামলা করে। আমার স্বামীকে ওরা অটো থেকে টেনে বের করে নেওয়ার চেষ্টা করে। আমি অনেক কষ্টে ধরে রেখেছি। আমরাতো আওয়ামী পরিবার আমাদের কি দোষ, যে পথে ঘাটে মার খেতে হবে।
মারধরের বিষয়টি এড়িয়ে গিয়ে যুবলীগ নেতা সাব্বির হোসেন সুমন বলেন, একটি ভুল বোঝাবুঝি হয়েছে। এজন্য আমি এবং চেকপোস্টে থাকা কয়েকজন সাংবাদিক সাইফুল ইসলামের কাছে ক্ষমাও চেয়েছি।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, একটা ঘটনা শুনেছি। অভিযোগ দিলে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করব।
বিজয়ের প্রেক্ষিত ও বর্তমান বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
জাতীয় কবিতা পরিষদ, খুলনার আয়োজনে বিজয়ের প্রেক্ষিত ও বর্তমান বাংলাদেশ শীর্ষক আলোচনা ও কবিতানুষ্ঠান গতকাল বিকাল ৫ টায় ৫৫, লোয়ার যশোর রোডস্থ, নিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি কবি শেখ অলিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইমদাদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
আসরের শুরুতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও বিজয় অর্জনে জাতির যে সকল শ্রেষ্ঠ সন্তান শহীদ হয়েছে তাদের স্মৃতির উদ্দেশ্যে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বিজয়ের প্রেক্ষিত ও বর্তমান বাংলাদেশ শীর্ষক আলোচনায় অংশ গ্রহণ করেন কবি বিমল কৃষ্ণ রায়, এম এম তৈয়াবুর রহমান, কাজী হুমায়ুন কবীর, এল কে টফি, রেবেকা সুলতানা ও নাসিমা খান।
বক্তারা বলেন, ৭১’র মহান মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন করার মানসে বাঙালি জাতি জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে যেভাবে মানচিত্র ছিনিয়ে এনেছিল সেই যুদ্ধ জয়ের ইতিহাস ও ঐতিহ্য বর্তমান প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে কবি, শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতি সেবীদের একযোগে এগিয়ে এসে কাজ করার আহবান জানান
পরে বিজয়ের প্রেক্ষিত ও বর্তমান বাংলাদেশ শীর্ষক কবিতা পাঠে অংশ গ্রহণ করেন কবি বিমল কৃষ্ণ রায়, মোঃ ইমদাদ আলী, ডি. কে. পাল, এল কে টফি, কাজী হুমায়ূন কবীর, , নাসিমা খান হোসেন মাহমুদ বাচ্চু, নাসিমা খান, মারিয়াম তাসনিম, প্রমুখ।
রামপালে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন শেখ।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি। বিশেষ অতিথির বক্তব্য দেন ভাগা মহিলা কলেজের সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, শেখ আফজাল হোসেন, মো. বজলুর রহমান, হাওলাদার আ. হাদি, রূপান্তরের উপজেলা সমন্বয়কারী পার্থ প্রতীম ঠাকুর, মিলন মন্ডল, মোতাহার হোসেন মল্লিক, সুজন মজুমদার, আল মামুন প্রমুখ।
বক্তারা উপজেলার সার্বিক মানবাধিকার বিষয়ে আলোকপাত করেন। বিভিন্ন দপ্তরে সীমাহীন অনিয়ম ও সেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া বিষয়েগুলো তুলে ধরেন। তারা বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর প্রধানকে অভিযোগের বিষয়ে অবহিত করা, বিভিন্ন দপ্তরে আগত সেবা প্রত্যাশিরা যাতে হয়রানি মুক্তভাবে সেবা পেতে পারে সেগুলো ফলোআপ করা এবং বিভিন্ন দপ্তরের আসপাশে থাকা দালালদের চিহ্নিত করে প্রশাসনকে অবহিত করে ব্যাবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সাংবাদিক মোতাহার হোসেন মল্লিক কে ভূমিদস্যুরা হুমকি প্রদানের ঘটনায় তীব্র নিন্দা ও হুমকিদাতাদের চিহ্নিত করে প্রশাসনকে অবহিতসহ ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানানো হয়।
ঝিনাইদহে শিশুদের আর্ট ও ক্রাফট প্রদর্শনী
ঝিনাইদহ প্রতিনিধি-
শিশুদের মেধা বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধির জন্য ঝিনাইদহ প্রদর্শন করা হয়েছে শিশুদের আর্ট ও ক্রাফট। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের চারুগৃহ শিশুসর্গ স্কুলের আয়োজনে স্কুল প্রাঙ্গণে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে ওই বিদ্যালয়ের প্লে থেকে ২য় শ্রেণীর শতাধিক শিক্ষার্থী তাদের আকা ছবি ও হাতের কাজ নিয়ে অংশ নেয়। দিনভর আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক অভিভাবকরা অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে।
আয়োজক চারুগৃহ শিশুসর্গ স্কুলের অধ্যক্ষ আরেফিন অনু বলেন, শিশু শিক্ষার্থীদের মেধা বিকাশে ও তাদের উৎসাহ প্রদানের জন্যই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ‘বাংলাদেশ শিল্প ও সংস্কৃতি চর্চার দেশ। সুযোগ পেলে এ দেশের শিশুরা অনেক বড় শিল্পী হয়ে দেশ-বিদেশে প্রশংসিত হবে এবং দেশের জন্য সম্মান বয়ে আনবে।’ আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। আমাদের সাধ্য অনুযায়ী স্বল্প পরিসরে এই প্রদর্শনীর আয়োজন করেছি। পৃষ্টপোষকতা পেলে আরও বড় পরিসরে আয়োজন করা সম্ভব।
ঝিনাইদহে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি-
“মর্যাদা, স্বাধীনতা ও ন্যায় বিচার সবার জন্য” এই প্রতিপাদ্য সামনে নিয়ে ঝিনাইদহে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে জেলা মানবাধিকার ফোরামের আয়োজনে র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শহরের পুরাতন ডিসি কোট চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পায়রা চত্বর গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে ব্যানার, প্লাকার্ড নিয়ে সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এতে মানবাধিকার ফোরামের সভাপতি আমিনুর রহমান টুকু, জেলা মহিলা সংস্থা কর্মকর্তা নিলুফার ইয়াসমিন,বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার জোয়ারদার সাজেদুর রহমান ফেটু, অধ্যক্ষ সুব্রত কুমার মল্লিক, এন এম শাহজালাল, উই’র সভাপতি শরিফা খানম, তরুন দলের সদস্য রীতা সরকার, নারী সমাজের প্রতিনিধি হামিদা খাতুন, সমাজ ক্যান সংস্থার পরিচালক হাবিবুর রহমান, মানবাধিকার সংরক্ষন পরিষদের জিয়াউর রহমান, এইড ফউন্ডেশনের হায়দার আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা, সমাজের সর্বস্তরের মানুষের অধিকার রক্ষায় সকলকে কাজ করার আহবান করেন। সেই সাথে মানবাধিকার আইন সঠিক বাস্তবায়নেরও দাবি জানান।
ডুমুরিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড হেলথ কেয়ার সোসাইটি উপজেলা শাখার আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে এক বর্ণাঢ্য র্যালি খুলনা সাতক্ষীরা মহাসড়ক হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি গাজী মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেমন্ত কিশোর মন্ডলের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, এ্যাডভোকেট আশরাফুল আলম রাজু, মুক্তিযোদ্ধা সুধাংশু ফৌজদার, রবীন্দ্রনাথ বৈরাগী, মানবাধিকার কর্মী খান অলিয়ার রহমান, কৃষ্ণপদ সাহা, সিরাজুল ইসলাম, আসাদুজ্জামান মোড়ল, সাব্বির হোসেন বাপ্পি,রীনা পারভীন,অঞ্জনা রায়,অনিতা রায়, দেবযানী মল্লিক,স্মৃতিলতা রায় প্রমূখ।
ডুমুরিয়ায় ভদ্রদিয়া প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন সম্পন্ন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উৎসব মুখর পরিবেশে ভদ্রদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের পুরুষ অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত বিদ্যালয় কক্ষে বিরতিহীন ভাবে ৩১২ জন ভোটারের মধ্যে ২৭২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ২টি পদের বিপরীতে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সুশংকর মল্লিক কলম প্রতিকে ১৪৫ ও মোঃ আব্দুল রাজ্জাক ফুটবল প্রতিকে ১৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে শিউলি বেগম ও উত্তরা মন্ডল নির্বাচিত হন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ শাহ আলম মাতুব্বার। সহকারী ছিলেন নজরুল ইসলাম, শহিদুল ইসলাম ও আনিচুর রহমান। এ সময় উপ¯ি’ত ছিলেন প্রধান শিক্ষক লীনা জেসমিন , এসআই শাহিনুর রহমান ও এএসআই আঃ করিম চৌধুরী।
কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৫০ পিস ইয়াবা ও ২ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর খালিশপুর হাউজিং এলাকার মো. আনসার আলী সরদার, এর ছেলে মো. সালাউদ্দিন বাপ্পী (৩৫), বঙ্গবাসী স্কুলের পিছনের বাসিন্দা মো. আবিদ আলীর ছেলে মো. সাব্বির হোসেন (২২) ও দৌলতপুর পাবলা দত্তবাড়ীর শাফায়েত মোল্লার মেয়ে মুনজিলা (৩৫)।
কেএমপির সহকারী পুলিশ কমিশনার মো.আশরাফ হোসেন জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ৫০ পিস ইয়াবা ও ২ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা দায়ের করা হয়েছে।
বাগেরহাটে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আলোচনা সভা
বাগেরহাট প্রতিনিধি
বিএনপির চলমান আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড আর সহ্য করা যায় না। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাস করে। অগ্নি-সন্ত্রাসী স্বাধীনতা বিরোধীদের আর ক্ষমতায় আসতে দেয়া যাবে না। আগামী নির্বাচনে জনগণ আবার আওয়ামীলীগকে ভোট দিয়ে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে।
শনিবার (১০ ডিসেম্বর ) দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট জেলা শাখার এক আলোচনা সভা বক্তরা এসব কথা বক্তারা বলেন। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট জেলা শাখার সভাপতি সাংবাদিক মাসুম হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্যে রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট জেলা শাখার সহ সভাপতি মো. শহিদুল হক, যুগ্ম-সম্পাদক রোকনুজ্জামান, দপ্তর সম্পাদক মো. মুহিব্বুল্লাহ, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষন সম্পাদক মাহবুবুর রহমান বাদল, শ্রম ও জনশক্তি সম্পাদক আজমল হাওলাদার, শিক্ষা পাঠাগার মিনায়তন সম্পাদক ফরিদা পরাভীন, সাংস্কৃতিক সম্পাদক রেজাউল ডাকুয়, জেলা সদস্য, মো. মিফতাহ্ উদ্দিন খান, মো. রনি মোল্লা প্রমুখ।
টিআইবির অনুসন্ধানী পুরস্কার পাওয়ায় সাংবাদিক হিমালয়কে বৃহত্তর আমরা খুলনাবাসীর অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
টিআইবির দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার-২০২২ পাওয়ায় দৈনিক পুর্বাঞ্চল ও সমকাল পত্রিকার স্টাপ রিপোর্টার আবুল হাসান হিমালয়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন সংগঠণের সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, শেখ হেমায়েতুল ইসলাম, মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আব্দুস সালাম, শেখ হেদায়েত হোসেন হেদু, জি এম মহিউদ্দিন, মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, মনির মাহমুদ খোকন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলি, এম এ জলিল, মো. কামরুল ইসলাম ভুট্রো, কাওসারি জাহান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, আব্দুর রাজ্জাক, শেখ শহিদুল ইসলাম, ক্বারী শরীফ মিজানুর রহমান, কবিতা আহমেদ, আরিফ, জিসান, খালিশপুর থানা সাধারন সম্পাদক মো. শফিকুল ইসলাম অভি, ইকবাল হোসেন তোকা, জাকির হোসেন চঞ্চল, রেজাউল ইসলাম রাজা, মো. রফিকুল ইসলাম রফিক, রুহুল কুদ্দুস, আ. মান্নান (মুন্নাফ), রেজাউল ইসলাম রাজা. আলাউদ্দিন, তৈয়বুর রহমান তপু, খ ম শাহিন, সৌরভ বিশ্বাস, রাফসান জানি রেজা, ডালিম প্রমুখ।
কয়রায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত
কয়রা (খুলনা) প্রতিনিধি
মর্যাদা, স্বাধীনতা ও ন্যায় বিচার সবার জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কয়রায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা মানবাধিকার ফোরামের আয়োজনে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কয়রা প্রেসক্লাবের নিচে গিয়ে শেষ হয়। র্যালী পরবর্তী সেখানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘন্টাব্যাপী মানবন্ধনে ব্যানার, প্লাকার্ড নিয়ে সংগঠনের নেতৃতৃবৃন্দ, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধনে মানবাধিকার ফোরামের সভাপতি এ্যাডঃ অরবিন্দু কুমারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজিৎ কুমার রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন, কয়রা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নিশিত রঞ্জন মিস্ত্রি, কয়রা প্রেসক্লাবের সভাপতি এসএম হারুন অর রশীদ, কপোতাক্ষ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অদ্রীশ আদিত্য মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি খগেন্দ্রনাথ মন্ডল, উপজেলা মানবাধিকার ফোরামের সহ সভাপতি মোঃ খায়রুল আলমসহ প্রমুখ। এসময় বক্তারা সমাজের সর্বস্তরের মানুষের অধিকার রক্ষায় সকলকে কাজ করার আহবান করেন। সেই সাথে মানবাধিকার আইন সঠিক বাস্তবায়নেরও দাবি জানান।
বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন ও বীর বিক্রম শহীদ মহিবুল্লাহ এর ৫১তম শাহাদত বার্ষিকী পালন
খবর বিজ্ঞপ্তি
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন ও বীর বিক্রম শহীদ মহিবুল্লাহ এর ৫১তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার শহীদদের মাজারে খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মাদ আনোয়ার হোসেন পুষ্পস্তবক অর্পন ও গার্ড অব অনার প্রদান করেন।
এছাড়া বাদ যোহর খুলনা নৌ অঞ্চলের সকল মসজিদে মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী বীর মুুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময়ে খুলনা নৌ অঞ্চলের উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা ও নৌসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে সেমিনার ও সম্মাননা প্রদান
তথ্য বিবরণী
জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে সেমিনার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শনিবার দুপুরে খুলনার খালিশপুরস্থ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, দেশের উন্নয়নের স্বার্থে সঠিকভাবে ভ্যাট আদায় গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীরা আইনের প্রতি দায়বদ্ধ থেকে ভ্যাট প্রদান করবেন। একই সাথে রাজস্ব দপ্তরের কর্মকর্তাদেরও ব্যবসায়ীদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। বাংলাদেশের নিজের টাকায় পদ্মাসেতুর মতো বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবং উন্নয়নের ক্ষেত্রে বিদেশী সাহয্যের ওপর আমাদের নির্ভরশীলতা কমেছে। বর্তমানে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় প্রায় দুই হাজার দুইশত কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। এসব উন্নয়ন জনগণের ভ্যাট-ট্যাক্সের টাকায় হচ্ছে। সঠিক নিয়মে ভ্যাট প্রদান করে নাগরিক দায়িত্ব পালন করলে নিজেদের টাকায় দেশকে আরো এগিয়ে নেওয়া সম্ভব।
অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে বিশে^র একশত ৬৬টি দেশে ভ্যাট ব্যবস্থা চালু রয়েছে। বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড ২০২১-২২ অর্থবছরে রাজস্ব আহরণে ১৬ দশমিক ০৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে, যেখানে অভ্যন্তরীণ উৎস থেকে সংগৃহীত ভ্যাটের প্রবৃদ্ধি ছিলো ১১ দশমিক ১৯ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে দেশের বাজেটে মোট ব্যয়ের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আদায়ের লক্ষ্যমাত্রা তিন লাখ ৭০ হাজার কোটি টাকা। চলমান অর্থবছরে খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা তিন হাজার চারশত ৫৩ কোটি টাকা যার মধ্যে বিগত পাঁচ মাসে আটশত ২৭ কোটি টাকা ভ্যাট আদায় সম্পন্ন হয়েছে। যে কোন করাদাতা এখন অফিসে না এসেও ভ্যাটের জন্য অনলাইনে নিবন্ধন করতে পারেন। ২০২২ সালের ২৮ নভেম্বর পর্যন্ত রাজস্ব বোর্ডে দেশের চার লাখ চার হাজার তিনশত ৭৬টি অনলাইন ভ্যাট রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। প্রতি মাসে দাখিল হওয়া ভ্যাটের প্রায় ৮৪ শতাংশ অনলাইন মাধ্যম ব্যবহার করে সম্পন্ন হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট এসএম হুমায়ুন কবীর, মোংলা কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ নেয়াজুর রহমান, খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটের কমিশনার ড. নাহিদা ফরিদী, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি মোস্তফা জেসান ভুট্ট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মুহম্মদ জাকির হোসেন। অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন উপ-করকমিশনার বেলাল হোসেন এবং স্বাগত জানান যুগ্ম কর কমিশনার মোঃ মাজেদুল হক। ভ্যাট দিবসের এবারের প্রতিপাদ্য ‘ উন্নয়নের ভ্যাট নীতি, ভ্যাট দিয়ে গড়বো জাতি’।
অনুষ্ঠানে ২০২১-২২ অর্থবছরে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ১৫টি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো মধ্যে খুলনার শিরোমনি বিসিক শিল্প এলাকার মেসার্স খোরশেদ মেটাল ইন্ডাষ্ট্রিজ, দৌলতপুরের সেভ এন সেইভ, ঝালকাঠির মেসার্স সাবিহা কেমিক্যাল ওয়ার্কস, পটুয়াখালীর পানজা বিড়ি লিমিটেড, বরগুনার মেসার্স উজ্জল কেমিক্যাল ওয়ার্কস, বরিশালের এমইপি প্রিন্টিং এন্ড প্যাকেজিং ইন্ডাষ্ট্রিজ, বরিশালের নিউ পার্ক বাংলা, বরিশালের নাদিয়া ফার্নিচার লি:, মোংলার দুবাই বাংলাদেশ সিমেন্ট মিলস লি:, মাদারীপুরের চাঁন বিড়ি ফ্যাক্টরী, মাদারীপুরের মেসার্স সিগমা ট্রেডার্স, মাদরীপুরের হোটেল সার্বিক ইন্টারন্যাশনাল, শরিয়তপুরের বাজাজ ভিলেজ, সাতক্ষীরার বাজাজ সেলস পয়েন্ট এবং সাতক্ষীরার মেসার্স জয়হুন ডেইরী শপ।
বিংশ শতাব্দীর প্রেক্ষাপটে বাংলাদেশ গণহত্যা: পরিণাম, প্রতিরোধ ও ন্যায়বিচার শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী
তথ্য বিবরণী
‘বিংশ শতাব্দীর প্রেক্ষাপটে বাংলাদেশ গণহত্যা: পরিণাম, প্রতিরোধ ও ন্যায়বিচার’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী শনিবার সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সমাপনীতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সচিব বলেন, অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা আমাদের অক্ষুন্ন রাখতে হবে। দেশের ৬৪টি জেলার মধ্যে ৪০টি জেলায় গণহত্যা জাদুঘর স্থাপনের জন্য জরিপ করা হয়েছে। খুলনা, সাতক্ষীরা, যশোরসহ আরো কয়েকটি জেলায় গণহত্যা বিষয়ক স্মৃতি ফলক স্থাপন করা হয়েছে। তিনি আরও বলেন, গণহত্যা, বধ্যভূমি ও নির্যাতনের ইতিহাস সংরক্ষণ এবং এসংক্রান্ত সংগ্রহশালা তৈরি আমাদের জাতীয় কর্তব্য। এর মধ্যদিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস সবাই জানতে পারবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন নারকীয় গণহত্যার স্মৃতি যেন মুছে না যায়, সে জন্য স্কুল, কলেজ ও বিশ^বিদ্যালয়ের পাঠ্যসূচিতে স্বাধীনতার ইতিহাস অন্তর্ভূক্ত করতে হবে। স্বাধীনতা হলো আমাদের জাতীয় জীবনের এক মহান প্রাপ্তি, যা আগামী প্রজন্মের সামনে তুলে ধরতে হবে।
১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন অধ্যাপক কৌশিক বন্দ্যোপাধ্যায়, ড. স্মৃতি এস পাটনায়েক, ড. শুভরঞ্জন দাশগুপ্ত প্রমুখ। অনুষ্ঠানে ধন্যবাদ জানান ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের ট্রাস্টি সম্পাদক ড. চৌধুরী শহীদ কাদের। গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র এবং ইতিহাস সম্মিলনী এই আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করে।
শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসে কেইউজের কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
১৪ ডিসেম্বর শহীদ শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) উদ্যোগে দুই দিনের কর্মসূচি ঘোষনা করা হয়েছে। কর্মসূচির মধ্যে ১৪ ডিসেম্বর প্রথম প্রহরে গল্লামারী বধ্যভুমিতে শহীদদের সম্মানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ। বেলা সাড়ে ১০ টায় ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সূর্যদয়ের সাথে সাথে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বেলা সাড়ে ১০ টায় ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা।
অনুষ্ঠানে কেইউজের সকল সদস্যকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভারে অনুরোধ জানোনো হয়েছে।
উপ-সম্পাদকীয়=============
গুজব যখন হাতিয়ার
নাসরীন মুস্তাফা
এখন যার ইন্টারনেট সংযোগ আছে, সে চাইলেই সত্য-মিথ্যা যা কিছু গল্পকে সত্যের মতো করে ছড়িয়ে দিতে পারে। তথ্য পাওয়ার অধিকার সব নাগরিকের। অবশ্যই তা সঠিক ও সত্য তথ্য। মিথ্যে ও ভুয়া তথ্য ছড়ানো কখনোই নাগরিক অধিকার হতে পারে না। এতে সমাজ ও রাষ্ট্রের প্রতিষ্ঠানসমূহের উপর নাগরিকের আস্থাকে প্রশ্নবিদ্ধ করে ফেলা হয়। মানুষ ভরসা করতে ভয় পায়। এতে ব্যক্তি পর্যায়ে সামাজিক ও মানসিক ক্ষতি যেমন বাড়ে, সমাজ ও রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয় বৃহত্তর অর্থে।
বিভিন্ন দেশের নির্বাচন সামনে রেখে ফেসবুক, টিকটক ও টুইটারের মতো নানা রকমের সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে দেওয়ার প্রমাণ মিলেছে মজিলা ফাউন্ডেশন পরিচালিত এক জরিপে। উদ্দেশ্যমূলক মিথ্যে ও ভুয়া তথ্য ব্যবহার করে এসব গুজব ছড়ানো হয়েছে। এ বছরের ৯ আগস্ট কেনিয়ায় অনুষ্ঠিত নির্বাচনের আগে, নির্বাচনের সময়ে ও পরে উদ্দেশ্যমূলকভাবে তথ্য লুকিয়ে, মিথ্যে ও ভুয়া তথ্য দিয়ে গুজব ছড়ানোর প্রচুর প্রমাণ উল্লেখ করে পরিস্থিতি কতটা ভয়াবহ হয়েছিল, আরও কত ভয়াবহ হতে পারত, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মে মাস থেকে শুরু হয়েছিল গুজব তৈরির সর্বাত্মক চেষ্টা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছেড়ে, ভুয়া জরিপভিত্তিক ভুয়া নিউজ সাইট খুলে ব্যক্তিবিশেষ এবং গ্রুপ গুজব সৃষ্টি করেছে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমের এলগরিদম ভুয়া ও মিথ্যে তথ্যকে বহুগুণে ছড়িয়ে পড়তে সাহায্য করেছে।
৯ আগস্ট নির্বাচন অনুষ্ঠানের পর রাষ্ট্রপতি, জাতীয় ও কাউন্টি প্রতিনিধি নির্বাচনের জন্য কেনিয়ার নির্বাচন কমিশন ছয় দিন সময় নিয়েছিল ভোট গণনা, যাচাই বাছাই ও ভোটের ফলাফল ঘোষণার জন্য। প্রথমবারের মতো কমিশন সর্বসাধারণের প্রবেশযোগ্য অনলাইন পোর্টাল চালু করেছিল, যেখান থেকে জনগণ ভোট গণনা কার্যক্রম পর্যবেক্ষণ করতে পেরেছে। এই সময়ে পাল্লা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বুনো জানোয়ার’ হেরে যাওয়ার, ‘বীর যোদ্ধা’ জয়লাভ করার ভুয়া খবর ছড়িয়ে পড়ে ভোটারদের অস্থির করে তুলেছিল। এই মাত্র নাইরোবিতে সেনাবাহিনী নেমেছে জাতীয় মিথ্যে খবর প্রচার করে উত্তেজনা বাড়িয়ে দেওয়ার চেষ্টা ছিল। নির্বাচন কমিশন কোন একজন রাষ্ট্রপতি প্রার্থীকে জিতিয়ে দেওয়ার জন্য ভোটের ফলাফল কারচুপি করছে, এই অসত্য তথ্য ছড়িয়ে দিয়ে জনগণকে উত্তেজিত করার চেষ্টা হয়েছে।
কেনিয়ার নির্বাচনের সব পক্ষের প্রার্থীরা নিজের পছন্দ বা মতের সাথে মিললেই তথ্য ও খবর শেয়ার করছিলেন, যার বেশিরভাগই মিথ্যে তথ্য। এর অর্থ পছন্দ হলে যাচাই না করেই গুজব ছড়িয়ে দিতে সব পক্ষই সমানভাবে আগ্রহী। রাষ্ট্রপতি উহুরু কেনিয়াত্তা দুই দফায় দায়িত্ব পালন করেছেন বলে প্রার্থী হতে পারলেন না। উপরাষ্ট্রপতি উইলিয়াম রুটো প্রার্থী হলেন, বিপক্ষে ছিলেন রায়লা ওডিঙ্গা। বিবিসি নিউজ স্টোরির ভাষ্যে এরকম একটি টিকটক ভিডিও এল বাজারে যে আমেরিকার সাবেক রাষ্ট্রপতি বারাক ওবামা জনাব রুটোর প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। ভালো করে লক্ষ্য করলেই বোঝা যায়- বাক্য অশুদ্ধ, বারাক ওবামার মুখাবয়ব অস্বাভাবিক, বিবিসি স্টুডিও’র ব্যাকগ্রাউন্ডের ব্যানারের সাথে ভিডিওতে দেখানো ব্যানারের রং মিলছে না। পুরোপুরি গুজব ছিল এটি। ২০১৮ সালে ওয়াশিংটনে স্মিথসোনিয়ান ইনস্টিটিউটে বারাক ওবামা ভাষণ দিয়েছিলেন, সেই খবরের ভিডিওকে মনমতো ব্যবহার করেছে গুজবসৃষ্টিকারী ব্যক্তি অথবা গ্রুপ। আবার উইলিয়াম রুটোর বিরুদ্ধ পক্ষ পত্রিকার প্রথম পাতায় খবর এনে দিল যে, রুটোর এইচআইভি পরীক্ষার পয়সা দিচ্ছেন রাষ্ট্রপতি কেনিয়াত্তা। জনাব রুটো সত্যি সত্যি এইচআইভি পজিটিভ কি না, খবরে তার উত্তর না মিললেও গুজব কিন্তু তৈরি হয়ে গেল।
মজিলা ফাউন্ডেশনের সম্মানিত ফেলো ওডাঙ্গা মাদুং গবেষণা দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি চীনের ভিডিও প্ল্যাটফর্ম টিকটক-কে সবচেয়ে দ্রুতগতিতে রাজনৈতিক তথ্যের বিকৃত রূপকে ছড়িয়ে দেওয়ার মাধ্যম বলে উল্লেখ করেছেন। এই বিকৃতি এতটাই ভয়ংকর, জয়লাভ করলেও উইলিয়াম রুটো যাতে ক্ষমতা নিতে না পারেন সেজন্য সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করা হয়েছে বলে ছবি দিয়ে খবর প্রচার করা হয়, যদিও এরকম কোন পিটিশন আদৌ করা হয়নি। জনগণ কিন্তু পিটিশন করা হয়েছে, এই খবরেই মেতে উঠেছিল। কেনিয়াতে ঘটলেও মজিলা ফাউন্ডেশন মনে করছে, ঘটনাটি সব দেশের জন্যই চিন্তার বিষয়। রয়টার কেনিয়ার জনগণের উপর একটি জরিপ করে দেখেছে, শতকরা ৭৫ ভাগ কেনিয়ান অনলাইনে সত্য ও মিথ্যে খবরের মাঝে পার্থক্য ধরতে অক্ষম। বাংলাদেশের কত জন সত্য ও মিথ্যে তথ্যের পার্থক্য বুঝতে পারেন এবং বোঝাটা জরুরি বলে ভাবেন? গুজব বিষয়ে সচেতনতার অভাব কেনিয়াতে আছে, আমাদেরও যে আছে তা বুঝতে সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই বোঝা যায়। যত দ্রুত যে কোন তথ্য ছড়িয়ে পড়ে, সেরকম দ্রুততার সাথে ফ্যাক্ট চেকিং করা হয় না বলে সময়ের দৌড়ে গুজব প্রক্রিয়া এগিয়ে যায়, লাভবান হয় গুজবসৃষ্টিকারী পক্ষ। গুজবের জন্য মিথ্যে ও ভুয়া খবর তৈরির পরিমাণও বেশি, সে তুলনায় সত্য খবর কম। কেনিয়ার নির্বাচনের আগের সপ্তাহে দশ মিলিয়ন ভুয়া পোস্ট, খবর, ভিডিও, বিজ্ঞাপন ছড়ানো হলেও সত্য খবর ছিল মাত্র কয়েক শ’! নির্বাচন বিশেষজ্ঞ, রাজনৈতিক বিশ্লেষক, সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্যের খন্ডিত, কখনো বিকৃত, কখনো পুরো মিথ্যে বক্তব্যের স্ক্রিনশটকে কাজে লাগিয়ে গুজব তৈরি করার হিড়িক পড়েছিল। তদন্তে জানা গেছে, এরকম বক্তব্য তারা আদৌ দেননি। কিন্তু সেই সত্য জানতে তো সময় লেগেছে। এর মধ্যে ভোটারদের প্রভাবিত করা সম্ভব হয়েছে, জনগণকে বিভ্রান্ত করা গেছে, অপেক্ষাকৃত তরুণ-অশিক্ষিত-বিভ্রান্ত অংশ পরিকল্পনা মাফিক উত্তেজিত হয়েছে। পুলিশের গুলিতে ১০০ জন মানুষ মারা গেছে বলে তথ্য ছড়িয়ে পড়লেও নির্বাচন কমিশনের হিসেবে এই সংখ্যা ২৪। গুজব ছড়িয়ে একটি মানুষেরও মৃত্যু হলে এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কী হতে পারে?
গুজবসৃষ্টিকারী পক্ষের চাওয়া কিন্তু সহিংসতা, মানুষের মাঝে বিভেদ তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করা। দুঃখজনক হলেও সত্যি, বেতার-টেলিভিশন ও সংবাদপত্রও সামাজিক যোগাযোগমাধ্যমের খবরকে প্রচার করে এর বিস্তৃতি আরও ছড়িয়ে দিতে ভূমিকা রাখছে। আবার মূলধারার মিডিয়া জনগণের চাহিদার সাথে তাল মিলিয়ে সময়ের সাথে পাল্লা দিয়ে সঠিক তথ্য প্রচার করতে পারছে না বলে অস্থির হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তথ্য জানতে চাইছে সাধারণ মানুষ। মূলধারার মিডিয়া সব সময় সত্যি বলছে, এই ধারণাতেও ফাটল ধরেছে নানা কারণে। সাধারণ মানুষের তথ্য পাওয়ার অধিকার এখন সত্যিই বড়ো বিপদে আছে। কেনিয়ার কথা বাদ দিন। ২০১৬ সালে ইউরোপিয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসতে বৃটেনকে প্রভাবিত করেছিল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া নানা গুজব, যাতে লাভবান হয়েছিল রাজনৈতিক ও অর্থনেতিক সুযোগসন্ধানী পক্ষ। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড জে. ট্রাম্পকে জিতিয়ে দিতে একই রকম ঘটনা ঘটলেও এসব নিয়ে খোলাখুলি আলোচনায় বসেনি সব পক্ষ। গুজব ছড়িয়ে একটি দেশের নির্বাচনের ফলাফল বদলে দেওয়া যায় কিংবা সুযোগসন্ধানীদের স্বার্থসিদ্ধি হয়, এমন তথ্য বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে বলে গুজবসৃষ্টিতে উৎসাহী পক্ষের দাপট দিনকে দিন বাড়ছে বিশ্বের সব দেশেই। বিশেষ করে যেসব দেশের জনগণ রাজনৈতিক শিক্ষায় সচেতন নয়, রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে জনগণের মতামতকে পরিচালিত করতে চায়, স্বার্থসন্ধানী ব্যবসায়ী-পেশাজীবী-আমলাদের সুযোগ নেওয়ার ধান্দা থাকে, সেসব দেশে গুজবের চাষাবাদে ফলন হয় ভালো। করোনা অতিমারিতে বিপর্যস্ত ব্যক্তি-সমাজ-রাষ্ট্রের মানসিক স্বাস্থ্য, অর্থনেতিক অবস্থা পরবর্তীতে যখন রাশিয়া-ইউক্রেনের মাধ্যমে ঘটিয়ে দেওয়া বিশ্ব মোড়লদের স্বার্থসিদ্ধির যুদ্ধে আরও বিপর্যস্ত হতে থাকল, তখন মিথ্যে ও ভুয়া তথ্যের উদ্দেশ্যমূলক ব্যবহারের আগ্রহ যেন আরও বেড়ে গেছে।
অস্বীকার করার উপায় নেই, গুজব সৃষ্টিতে এখন মোটা অংকের অর্থের লেনদেন চলছে যা জনগণের কোনো কাজে আসছে না। কেনিয়াতে গুজব সৃষ্টির কাজটি স্পেনভিত্তিক ডানপন্থি সংগঠন সিটিজেনগো নিয়ন্ত্রণ করেছে বলে অভিযোগ ওঠার পর এক দেশে অবস্থান করে আরেক দেশের পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার অপচেষ্টা ডিজিটাল মাধ্যম সম্বন্ধে ভীতিই তৈরি করছে। ডিজিটাল মাধ্যমের সুফল নয় বরং এর কুফল জনগণের বিপর্যস্ত মানসিক অবস্থাকে আরও সঙ্গিন করে তুলছে। সমস্যা কাটিয়ে ওঠার ইতিবাচক চিন্তাকে গ্রহণ না করার পরোক্ষ তাড়না তৈরি করছে এমনভাবে যেন সমস্যাকে ভয়াবহ আকারে সত্যি বলে গ্রহণ করতে পারাটাই আসল কাজ, সমাধানের জন্য কোন চেষ্টার দরকার নেই। জনগণের মাঝে স্পষ্টতঃ বিভক্তি তৈরি হচ্ছে। হতাশাচর্চাকারী আরেকজন হতাশাবাদীকেই বন্ধু মনে করছে, এর অন্যথা হলে ভাষার ব্যবহার কদর্য পর্যায়ে নিতেও আপত্তি নেই। সুযোগ পেলে মাঠেও নেমে যায় এরকম বন্ধুর দল। ২০২১ সালের জানুয়ারি মাসে আমেরিকার কংগ্রেস ভবনে হামলা কিংবা কিছুদিন আগে শ্রীলংকার রাষ্ট্রপতি ভবনে হামলা করতে যারা ছুটে গিয়েছিল, তারা কি সমাধানের খোঁজে গিয়েছিল? জনগণকে ম্যাংগো পিপল বলার দিন কবে শেষ হবে? সাধারণ মানুষকে কেন পুতুলের মতো নাচাবে অদৃশ্য হাত? সহিংস ঘটনা ঘটাতে জনগণকে উস্কে দিতে গুজবকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার অবসান হোক্। পিআইডি ফিচার
বিএনপির সঙ্গে মিল রেখে জামায়াতেরও ১০ দফা
ঢাকা অফিস
রাজধানীর গোলাপবাগে শনিবারের গণসমাবেশ ১০ দফা দাবি ঘোষণা করেছে বিএনপি। এ ছাড়া দলটি আগামী ২৪ ডিসেম্বর গণমিছিলের ঘোষণা দিয়েছে। এবার বিএনপির সঙ্গে মিল রেখে একই ধরনের কর্মসূচি ঘোষণা করল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার বিকেলে রাজধানীর একটি মিলনায়তনে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৪ ডিসেম্বর রাজধানী ঢাকাসহ দেশের বিভাগীয় শহর ও জেলায় জেলায় গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেন।
ডা. শফিকুর রহমান বলেন, পর্যায়ক্রমে আরো কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। এ কর্মসূচি সফল করে তোলার জন্য তিনি সব রাজনৈতিক দল, সুশীল সমাজ, সাংবাদিক, শ্রমজীবী, পেশাজীবীসহ সর্বস্তরের জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
জামায়াত ঘোষিত ১০ দফা দাবি:
১. অবিলম্বে বর্তমান অনির্বাচিত জাতীয় সংসদকে বিলুপ্ত করে ক্ষমতাসীন সরকারকে পদত্যাগ করতে হবে এবং ১৯৯৬ সালে সংবিধানে সংযোজিত ধারা ৫৮-খ, গ ও ঘ এর আলোকে নির্বাচনকালীন দলনিরপেক্ষ একটি অন্তর্র্বতীকালীন কেয়ারটেকার সরকার গঠন করতে হবে;
২. কেয়ারটেকার সরকার বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে সবার কাছে নিকট গ্রহণযোগ্য একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবে। উক্ত নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অনিবার্য পূর্বশর্ত হিসেবে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার লক্ষ্যে আরপিও সংশোধন, ইভিএম পদ্ধতি বাতিল ও পেপার ব্যালট এর মাধ্যমে ভোটের ব্যবস্থা নিশ্চিত করবে এবং স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার বাতিল করতে হবে;
৩. বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ সব বিরোধীদলীয় নেতা-কর্মী, আলেম-উলামা, মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের সাজা বাতিল, সব মিথ্যা মামলা প্রত্যাহার, সকল শ্রেণী-পেশার মানুষের ওপর জুলুম-নির্যাতন বন্ধ ও সব রাজনৈতিক কারাবন্দীদের অবিলম্বে মুক্তি দিতে হবে;
৪. অবিলম্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সব দলের অফিস খুলে দেওয়া, রাজনৈতিক উদ্দেশ্যে স্থগিতকৃত জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেওয়া এবং দেশে রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সভাসহ সব ধরনের সভা-সমাবেশ ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে হবে। সব দলকে স্বাধীনভাবে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি পালনে প্রশাসন ও সরকারি দল কর্তৃক সব প্রকার হস্তক্ষেপ বন্ধ করতে হবে। স্বৈরাচারী কায়দায় বিরোধী কণ্ঠকে স্তব্ধ করার লক্ষ্যে নতুন মামলা ও নেতা-কর্মীদের গ্রেপ্তার বন্ধ করতে হবে;
৫. ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮, সন্ত্রাস দমন আইন-২০০৯ এবং বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪সহ মৌলিক মানবাধিকার হরণকারী সব কালা-কানুন বাতিল করতে হবে;
৬. বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস, সার ও পানিসহ সেবা খাতসমূহে মূল্যবৃদ্ধির গণবিরোধী সরকারি সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং কৃষি ও শিক্ষা উপকরণ, শিশুখাদ্য, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনয়ন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারকে সিন্ডিকেটমুক্ত করতে হবে। মুদ্রাস্ফীতির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরী নিশ্চিত করা, নারী-শিশু নির্যাতন, শিশুশ্রম বন্ধ করা ও কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে;
৭. গত ১৫ বছরব্যাপী বিদেশে অর্থপাচার, ব্যাংকিং ও আর্থিক খাত, বিদ্যুৎ-জ্বালানি খাত ও শেয়ার বাজারসহ রাষ্ট্রীয় সব ক্ষেত্রে সংঘটিত দুর্নীতি চিহ্নিত করার লক্ষ্যে একটি স্বাধীন শক্তিশালী কমিশন গঠন করতে হবে। সুদ, ঘুষ বন্ধ করাসহ ছাত্র-যুবসমাজের চরিত্র রক্ষা ও মাদকের ছোবল থেকে যুব সমাজকে উদ্ধার এবং ধর্মীয় শিক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করতে হবে;
৮. গত ১৫ বছরে গুমের শিকার সকল নাগরিকদের উদ্ধার করতে হবে এবং বিচারবহির্ভূত হত্যা বন্ধ, আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নির্যাতন বন্ধ ও রাষ্ট্রীয় নির্যাতনের প্রতিটি ঘটনার আইনানুগ বিচারের ব্যবস্থা করে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে। ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি-ঘর, উপাসনালয় ভাঙচুর, অগ্নিসংযোগ ও সম্পত্তি দখলের জন্য দায়ীদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়ায় শাস্তি নিশ্চিত করতে হবে;
৯. আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও বিচার বিভাগকে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের উপযোগী করার লক্ষ্যে সরকারি হস্তক্ষেপ পরিহার করে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে;
১০. সীমান্ত হত্যা বন্ধ ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং জাতিকে দ্বিধা-বিভক্ত করার ষড়যন্ত্র বন্ধ করে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নূরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগরী উত্তরের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সেলিম উদ্দিন।
সাত এমপির পদত্যাগের মাশুল দিতে হবে বিএনপিকে: কাদের
ঢাকা অফিস
বিএনপিকে তাদের ৭ এমপির পদত্যাগের মাশুল দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির ৭ এমপি পদত্যাগ করলে সংসদ অচল হয়ে যাবে, এটা ভাবার কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, পুলিশের উপর হামলা করেছে বিএনপি। পুলিশ কি তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবে? পুলিশ চুপ করে থাকবে? আত্মরক্ষা তো তাদেরও করতে হবে।
শনিবার বিকেলে সাভারের রেডিও কলোনি মাঠে সাভার-ধামরাই উপজেলা এবং আশুলিয়া থানা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
এসময় তিনি আরো বলেন, সমাবেশ ঘিরে বিএনপি দেশজুড়ে পিকনিক খেলা শুরু করেছে। তাদের নয়াপল্টনের কার্যালয়ে ১৬০ বস্তা চাল, হান্ডি-পাতিল, মশারি পাওয়া গেছে। এসব নিয়ে তারা পিকনিক খেলা শুরু করেছে। কোথা থেকে আসে এতো টাকা?
ওবায়দুল কাদের বলেন, তারেক রহমানের অর্থপাচারের টাকা ধরা পড়েছে সিঙ্গাপুরে। দেশে এসে এফবিআই সাক্ষ্য দিয়ে গেছে। সুইস ব্যাংকে টাকা। দেশে দেশে বিলাসবহুল মার্কেট। বিএনপি নয়াপল্টনে ১০ তারিখের সমাবেশ অনুমতি পায়নি। অনুমতি পাওয়ার আগেই তারা সেখানে সমাবেশের প্রস্তুতি নেয়। পুলিশ তল্লাশি করে কী পেলো ১৬০ বস্তা চাল, মশারি। বিএনপি আগেও দেশের বিভিন্ন বিভাগে পিকনিক পার্টি, বনভোজন করেছিলো। ফখরুল সাহেব কোথা থেকে আসে এতো টাকা?
আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, যেই বাংলাদেশে সরকারের বিকল্প সেন্টার হাওয়া ভবন, গাজীপুরে খোয়াব ভবন হয়েছে। আওয়ামী লীগের আহসানুল্লাহ মাস্টার, এ এম এস কিবরিয়া, মমতাজ উদ্দিনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। রক্তের নদীর ধারা বইয়ে দিয়েছে বিএনপি। আপনারা কি সেই বাংলাদেশ চান?
বিএনপিকে উদ্দেশ্য করে কাদের বলেন, আজকে পল্টনে গেলেন না। হাফ ডিফিট হয়ে গেছে। ঢাকা আজ শেখ হাসিনার কর্মীদের দখলে।
তারেক রহমানের আর কত টাকা আছে জানতে চেয়ে তিনি বলেন, এখন তারা লবিস্ট নিয়োগ করেছে। কিছুদিন আগে র্যাবের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। সব ফাঁস হয়ে গেছে। ব্রিটিশ ল ইয়ার টবি ক্যাডম্যান আল জাজিরায় সাক্ষাৎকারে বলেছেন, তিনি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রে র্যাব, পুলিশের ওপর নিষেধাজ্ঞার জন্য লবি করেছেন। যুক্তরাষ্ট্র শুনেছে, যুক্তরাজ্য শোনেনি। স্বয়ং আল জাজিরায় এ কথা বলেছেন তিনি।
জনসভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি, বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ বক্তব্য রাখেন।
বিএনপির ৭ এমপির সংসদ থেকে পদত্যাগের ঘোষণা
ঢাকা অফিস
গোলাপবাগের গণসমাবেশ থেকে বিএনপির সাত এমপির জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেয়া হয়েছে। শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ সাত এমপির পদত্যাগের এ ঘোষণা দেন।
সিরাজ বলেন, আমি নির্বাচিত এমপি, কিন্তু অনির্বাচিত সংসদ। সাড়ে তিন বছর এই সংসদে ছিলাম। এই সংসদে জনগণের কোন কথা আওয়ামী লীগ বলে নাই। আওয়ামী লীগ এই সংসদকে বানিয়েছে বন্দনার বাক্স। যেখানে শেখ হাসিনার বন্দনা ছাড়া আর কোন বন্দনা চলে না।
তিনি বলেন, বর্তমান সংসদ জনগণের সংসদ নয়। যে কারণে আজ লক্ষ লক্ষ জনতা জড়ো হয়েছে, কারণ একটায় এই সংসদকে জনতার সংসদ বানাতে হবে। এই সংসদে আসতে হবে জনগণের অধিকার নিয়ে। জনগণের ভোটে নির্বাচিতরা আসবেন এই সংসদে। আমরা সাতজন এমপি এই সংসদে আছি। আমাদের স্থায়ী কমিটিতে সিদ্ধান্ত হয়েছে, এই বিশাল জনসমুদ্রকে সাক্ষী রেখে আমরা সংসদ থেকে পদত্যাগের ঘোষণা করলাম। সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সঞ্চালনায় রয়েছেন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু।
পদত্যাগ করা বিএনপির সাত এমপি হলেন- বগুড়া-৬ আসনে গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনে মোশাররফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান জাহিদ ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।
পুলিশের পাশাপাশি আ.লীগের নেতাকর্মীদের সড়কে অবস্থান
ঢাকা অফিস
বিএনপির গণসমাবেশেকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ ও সহযোগী সাংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন।
শুক্রবার বিকাল থেকে যাত্রাবাড়ী মোড, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়, মাতুয়াইল মেডিকেলের সামন, সাইনবোর্ড, যাত্রাবাড়ি-ডেমরা সড়কের কাজলাব্রিজ,ঢাকা মাওয়া সড়কের দোলাইয়েরপাড়, পোস্তগোলা, শ্যামপুর বাজার অবস্থান নিয়েছেন। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের লোক বিক্ষোভ মিছিল করতে দেখা যায়। এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বৃহস্পতি-শুক্রবার রাতে এবং শনিবার পাড়া-মহল্লায় মিছিল বের করেন।
ঢাকা মহানগর দক্ষিণ কদমতলী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক বলেন, বিএনপি যাতে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে এবং মানুষের জান মালের ক্ষতি না করে সেজন্য আমাদের এ অবস্থান।
মানুষের জান মালের স্বার্থে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের আজকের অবস্থানের বিষয় ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম অনু বলেন, এদেশের মানুষ আরও শান্তি চায় না।
আবহাওয়া তথ্য প্রদর্শনের সব বোর্ড অকেজো
চুয়াডাঙ্গা প্রতিনিধি
কৃষকদের কৃষি আবহাওয়া বিষয়ে তথ্য জানাতে স্থাপিত ডিসপ্লে বোর্ডগুলো সব পাখির বাসায় পরিণত হয়েছে। অকেজো বোর্ডগুলো পাখিদের কাজে লাগলেও কৃষকের কোনো কাজেই লাগছে না।
বৈরী আবহাওয়া থেকে কৃষককে রক্ষা করতে ‘কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্প’ হাতে নেওয়া হয়। এর মাধ্যমে তিন দিন আগের ও পরের আবহাওয়া সম্পর্কিত দশ ধরনের তথ্য কৃষকের পাওয়ার কথা থাকলেও কোনো তথ্যই পাচ্ছেন না। কেননা তথ্য সংগ্রহের জন্য যেসব যন্ত্রপাতি রয়েছে এর সিংহভাগই শুরু থেকে অকেজো। এতে প্রকল্পটি মুখ থুবড়ে পড়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে ২০১৬ সালে চুয়াডাঙ্গার চারটি উপজেলার ৩২টি ইউনিয়নে এ প্রকল্পের কাজ শুরু হয়ে পর্যায়ক্রমে শেষ হয়। তথ্য সরবরাহের জন্য চারটি উপজেলা কৃষি অফিসে কিয়স্ক মেশিন থাকলেও সেগুলো কাজে না আসায় বন্ধ রাখতে হয় উপজেলা কৃষি কর্মকর্তাদের। ৬২টি ট্যাবের মধ্যে ৫২টি অচল, ৩২টি অটোম্যাটিক রেইনগেজের ২৭টি অচল এবং ৩২টি ডিসপ্লে বোর্ড সবগুলোই অচল অবস্থায় রয়েছে। সোলার প্যানেলগুলোর বেশিরভাগই অকেজো।
ট্যাবগুলো রয়েছে উপসহকারী কৃষি কর্মকর্তাদের বাড়িতে। এগুলো কাজে না লাগায় বাসাবাড়িতেই রাখেন তাঁরা। ট্যাবের সিম কার্ডগুলোতে প্রয়োজনীয় ইন্টারনেট সুবিধা না থাকায় কাজে আসে না। বেশিরভাগ ট্যাব চালু হয় না, অনেকগুলোর ব্যাটারিও নষ্ট। ডিসপ্লে বোর্ডগুলোর অক্ষরগুলো ভেতরে ঢুকে গিয়ে ব্যবহারের অনুপযোগী। অটোম্যাটিক রেইনগেজ ও সোলার প্যানেলের কোনো সংযোগ নেই। রেইনগেজের প্লাস্টিকের পাইপের মতো অংশগুলো ভেঙে নিচে পড়ে আছে। সোলার প্যানেলগুলোর কোনো সংযোগ নেই অটোম্যাটিক রেইনগেজের সঙ্গে।
কৃষি আবহাওয়া ডিসপ্লে বোর্ডগুলো স্থাপন করা হয়েছে ইউনিয়ন পরিষদের ভবনে। অটোম্যাটিক রেইনগেজ মেশিন ও সোলার প্যানেলগুলো স্থাপন করা হয়েছে ছাদে। অযত্ন-অবহেলায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে যন্ত্রপাতিগুলো। তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাতের পরিমাণ, আলোকঘণ্টা, ঝড়ের পূর্বাভাসসহ আবহওয়ার ১০টি বিষয়ে তথ্য প্রদর্শনের কথা থাকলেও ডিসপ্লে বোর্ডগুলো একটি তথ্য দিতেও সক্ষম নয়।
কৃষকরা জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল নষ্ট হওয়ায় চুয়াডাঙ্গার চারটি উপজেলার ২ লাখ ৫৫ হাজার কৃষককে ক্ষতির মুখে পড়তে হয়।
শংকরচন্দ্র গ্রামের কৃষক ও ইউনিয়ন কৃষক জোটের সাংগঠনিক সম্পাদক তাহাজ উদ্দিন বলেন, এ প্রকল্পের কার্যক্রম সম্পর্কে তাঁরা কিছুই জানেন না। এতে ফসল রোপণ ও কাটার সময় বৈরী আবহাওয়ার মুখে পড়তে হয়। উপসহকারী কৃষি কর্মকর্তারা আবহাওয়া সম্পর্কে কৃষকদের তথ্য দিয়ে সহযোগিতা করেন না। ইউনিয়ন পরিষদে এসে আবহাওয়ার তথ্য দিয়ে তাঁদের যে দায়িত্ব পালন করার কথা তাও করতে দেখা যায় না। আবহাওয়ার সঠিক তথ্য জানতে পারলে ফসল নিয়ে তাঁরা দুশ্চিন্তামুক্ত ও নিরাপদ থাকতে পারতেন বলে জানান তিনি।
জাফরপুর গ্রামের কৃষক লাল্টু মিয়া বলেন, তাঁরা যে আবহাওয়া বিষয়ে তথ্য পাবেন সেটাই কোনোদিন শোনেননি। আবহাওয়ার তথ্য ইউনিয়ন পরিষদে গেলে পাবেন নাকি কৃষি কর্মকর্তাদের কাছ থেকে পাবেন সেটাও জানেন না। কৃষি কর্মকর্তা তাঁদের কোনোদিন কিছু বলেননি।
চুয়াডাঙ্গা শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম বলেন, ইউনিয়ন পরিষদে কৃষি অফিস থেকে আবহাওয়া সম্পর্কে তথ্য দেওয়ার জন্য বোর্ড টাঙিয়ে রাখা হয়েছে। কিন্তু লোক দেখানো ছাড়া এর কোনো কাজ নেই। সরকারের টাকা নষ্ট করে বিলাসী প্রকল্প নেওয়া ঠিক হয়নি।
চুয়াডাঙ্গা সদরের আলোকদিয়া ইউনিয়ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা হাকিমুর রহমান বলেন, নষ্ট ট্যাবগুলো তো সঙ্গে করে মাঠে নিয়ে যাওয়া সম্ভব নয়। বাসায় রাখতে হয় বাধ্য হয়ে। সব কৃষককে আবহাওয়া সম্পর্কে বলা সম্ভব হয় না। কিছু ট্যাব চালু হলেও কার্যকারিতা নেই।
চুয়াডাঙ্গা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা সাজ্জাত আহম্মেদ জানান, প্রকল্পের শুরু থেকেই রেইনগেজ মেশিন নষ্ট ছিল। মেশিন ঠিক করার পর বুঝিয়ে দেওয়ার কথা ছিল। এখনও বুঝে পাইনি।
চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহা যন্ত্রপাতি অচলের বিষয়টি স্বীকার করে বলেন, যন্ত্রপাতি অচল থাকার তথ্য উল্লেখ করে প্রকল্প পরিচালককে বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে। এ ধরনের সমস্যার সমাধান করা গেলে কৃষকরা আবহাওয়া সম্পর্কে সঠিক সময়ে সঠিক তথ্য পাবে। সমস্যার দ্রুত সমাধান হবে। কৃষকরাও উপকৃত হবেন।
গুম বন্ধসহ সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে
স্টাফ রিপোর্টার
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হলে মুক্তিযুদ্ধের মূল চেতনা, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এ লক্ষ্যে মানবতাবিরোধী অপরাধ, গুম, বিচারবহির্ভূত হত্যা, রাজনৈতিক প্রতিপক্ষের সভা-সমাবেশে বাধা, গণমাধ্যমের স্বাধীনতা হরণ, ডিজিটাল নিরাপত্তা আইনসহ সব ধরেনের নিবর্তনমূলক আইন বাতিল করা। মানুষের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ও এর কর্মীদের হয়রানিসহ সব ধরণের অন্যায় অবিচারের অবসান ঘটাতে জনগণকে সংগঠিত হয়ে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এছাড়া সাধারণ জনগণের সামনে আর কোনো পথ খোলা নেই।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে শুক্রবার মানবাধিকার সংগঠন ‘অধিকার’ ও গুমের শিকার পরিবারগুলোর সদস্যদের নিয়ে গঠিত সংগঠন ‘মায়ের ডাক’ খুলনা ইউনিটের পক্ষ থেকে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। বেলা ১১টায় নগরীর শান্তিধাম মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন অধিকারের খুলনার ফোকাল পারসন ও সাংবাদিক মুহাম্মদ নূরুজ্জামান। এতে দিবসের ‘অধিকার’ ও ‘মায়ের ডাক’র বিবৃতি পড়ে শোনান ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা ও হয়রানির শিকার দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি মো. রাশিদুল ইসলাম।
মানববন্ধনে বক্তব্য দেন নাগরিক ঐক্য খুলনা মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট ড. মো. জাকির হোসেন, ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা ও হয়রানির শিকার এনটিভির খুলনা ব্যুরো প্রধান মুহাম্মদ আবু তৈয়ব, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনা জেলার সমন্বয়ক অ্যাডভোকেট মো. মমিনুল ইসলাম, খুলনায় পুলিশ কর্তৃক দুই চোখ উপড়ে ফেলা ক্ষুদ্র ব্যবসায়ী মো. শাহজালাল হাওলাদার ও তার স্ত্রী রাহেলা বেগম, সাতক্ষীরায় গুমের শিকার হোমিও চিকিৎসক মোখলেসুর রহমান জনির বাবা মো. আব্দুর রাশেদ, বেনাপোলে গুমের শিকার কলেজছাত্র মো. রেজোয়ান হোসেনের ভাই মো. রিপন হোসেন ও মানবাধিকারকর্মী শেখ আব্দুল হালিম।
‘বীরনিবাস’ পেয়ে খুশি তাঁরা
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া শহরের আড়ূয়াপাড়ার আবদুল জলিল সড়কের বাসিন্দা নাহিদা হোসেন। ২০ বছর আগে মুক্তিযোদ্ধা স্বামী আক্কাস আলী মারা যাওয়ার পর ৬ ছেলেমেয়ে নিয়ে পড়েন বিপাকে। ছেলেমেয়েদের নিয়ে মাথা গোজার ঠাঁই ছিল না তাঁর। থাকতেন জরাজীর্ণ ঘরে। সরকারের দেওয়া ভাতায় সংসার কোনো রকমে চলে। নিজের ৩ শতক জায়গা থাকলেও বাড়ি করার সামর্থ্য ছিল না। এ অবস্থায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্প থেকে পেয়েছেন ভবন। ‘বীরনিবাস’ নামের এ ভবন পেয়ে খুশি নাহিদা ও তাঁর পরিবারের লোকজন।
নাহিদার মতো জাফিরন নেসা, দুলাল কুমার চক্রবর্তীদের মতো জেলার আড়াই শতাধিক মুক্তিযোদ্ধা পরিবারেও বইছে আনন্দের বন্যা। শেষ বয়সে এসে থাকার ঘর পেয়ে খুশি তাঁরা।
জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড সূত্রে জানা গেছে, জেলায় সব মিলিয়ে দুই কিস্তিতে বরাদ্দ দেওয়া হয়েছে ২৫৫টি ভবন। এর মধ্যে দৌলতপুরে ৭০টি, মিরপুরে ৫৯টি, সদরে ৪৭টি, কুমারখালীতে ৫১টি, খোকসায় ৩২টি ও ভেড়ামারায় ২৮টি।
প্রতিটি ঘর নির্মাণের বরাদ্দ ১৪ লাখ টাকার বেশি। ৩ শতকের একটু বেশি জায়গার ওপর এসব ঘর নির্মাণ করা হয়। প্রতিটি একতলা ভবনে আছে তিনটি শোবার কক্ষ, দুটি শৌচাগার, ড্রয়িং, রান্নাঘর ও বারান্দা। চলতি মাসের মধ্যে বেশিরভাগ হস্তান্তর করা হবে।
আড়ূয়াপাড়া এলাকার বাসিন্দা নাহিদা হোসেন বলেন, প্রায় ২০ বছর আগে মুক্তিযোদ্ধা স্বামী মারা যান। এরপর ছেলেমেয়েদের নিয়ে বিপাকে পড়েন। তখন সংসার চালাতেই হিমশিম খেতে হয়। ভাই ও আত্মীয়স্বজনদের কাছ থেকে সাহায্য-সহযোগিতা নিয়ে কোনো রকমে খেয়ে, না খেয়ে তাদের লেখাপড়া চালিয়ে যায়। পরে বর্তমান সরকার ভাতার অর্থ বাড়িয়ে দিলে সমস্যা কিছুটা কমে আসে। ঘর ছিল না। নতুন ঘর পেয়েছি। কোনোদিন আশা করিনি, দালান বাড়িতে থাকতে পারব। সেই শখও শেখ হাসিনা পূরণ করলেন। এখন আর কোনো কষ্ট নেই।
নাহিদার বাড়ি থেকে কিছুদূর এগিয়ে মূল সড়কের পাশেই জাফিরন নেসার বাড়ি। তাঁর সন্তানরা প্রতিষ্ঠিত। তবে জাফিরন থাকতেন টিনের ঘরে। সেই ঘর সরিয়ে নতুন একতলা ভবন নির্মাণ করে দেওয়া হয়েছে।
জাফিরন নেসা বলেন, ‘খুবই আনন্দ লাগছে। হাসিনা আমাকে ঘর দিয়েছেন। তাঁর জন্য সবসময় দোয়া করি। এমন ঘর পেয়ে সবাই খুশি। ঈদের মতো আনন্দ চলছে। আমি আর কই দিনই বাঁচব, অনেক বয়স হয়েছে। শেষ বয়সে এসে ঘর পাব ভাবিনি।’
মিলপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা দুলাল কুমার চক্রবর্তী ঘর পেয়েছেন বিজয়ের এ মাসে। বাকিটা জীবন ভালোভাবে কাটাতে পারবেন বলেও জানান তিনি। এ ধরনের কাজে যুক্ত থাকতে পেরে গর্বিত মনে করেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস জানান, অসচ্ছল মুক্তিযোদ্ধা যাঁদের জমি আছে ঘর করার সামর্থ্য নেই, তাঁদের বাছাই করে এ ঘর দেওয়া হচ্ছে। ২২টি ঘর হস্তান্তরের জন্য এখন পুরোপুরি প্রস্তুত। বাকিগুলোর কাজও শেষ পর্যায়ে।
ঘূর্ণিঝড় মানদৌস: হঠাৎ উত্তাল কুয়াকাটা সমুদ্র সৈকত
খুলনাঞ্চল রিপোর্ট
ঘূর্ণিঝড় মানদৌস’র প্রভাবে কুয়াকাটা সমুদ্র সৈকত হঠাৎ উত্তাল হয়ে উঠেছে এবং উঁচু ঢেউ আঁচড়ে পড়ছে সৈকতের তীরে। এর ফলে ট্যুরিস্ট বোটগুলো নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, হঠাৎ করে শনিবার দুপুর থেকে কুয়াকাটা সমুদ্র সৈকত উত্তাল হয়ে উঠেছে। পর্যটকদের ভ্রমণের জন্য প্রস্তুত রাখা প্রায় অর্ধশতাধিক স্পিড বোট সৈকত থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
এ বিষয়ে কুয়াকাটা ট্যুরিস্ট স্পিড বোট মালিক সমিতির সভাপতি জনি আলমগীর জানিয়েছেন, ‘বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় সমুদ্র হঠাৎ উত্তাল হয়ে উঠেছে এবং ট্যুরিস্ট অনেক কমে গেছে। এর ফলে কুয়াকাটা সৈকত থেকে ট্যুরিস্ট বোটগুলো সরিয়ে নেওয়া হয়েছে।
কুয়াকাটা ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের (টোয়াব) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘আকাশ মেঘলা রয়েছে এবং সমুদ্রও কিছুটা উত্তাল হয়ে উঠেছে। এছাড়া ঢাকার বিএনপির গণসমাবেশকে ঘিরে বাস ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় পর্যটকদের উপস্থিতি একেবারে কম। শতকরা মাত্র ২০ ভাগ পর্যটক রয়েছে। এতে কুয়াকাটা ব্যবসায়ীদের ব্যবসায় মন্দা চলছে।’
পটুয়াখালীর আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ মাহবুবা সুখি জানান, ঘূর্ণিঝড় মানদৌস বাংলাদেশে কোনো প্রভাব ফেলবে না। ইতোমধ্যে এটি ভারতের উত্তর তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম করেছে। এ কারণে বাংলাদেশের চারটি সমুদ্র বন্দরকে ২ নম্বর সতর্কতা দেখাতে বলা হয়েছে। গভীর সমুদ্রে অবস্থানরত মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি চলে আসতে বলা হয়েছে। আকাশ মেঘলা রয়েছে এবং এ অবস্থা আরও দুই-একদিন থাকবে বলে নিশ্চিত করেছেন এই আবহাওয়া কর্মকর্তা।
সাধারণ মানুষ আ.লীগকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে: রুমিন ফারহানা
ঢাকা অফিস
ঢাকায় বিএনপির গণসমাবেশের মঞ্চে দেওয়া বক্তব্যে সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, ‘উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম শুধু মানুষ আর মানুষ। আজকে বাংলাদেশে শুধু একটাই দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। বিএনপি সাধারণ মানুষের দল, বিএনপি গণমানুষের দল, বিএনপি আপনার দল, বিএনপি আমার দল। আওয়ামী লীগ বলে আর কোনো দল বাংলাদেশে নাই। সাধারণ মানুষ আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়েছে বহু আগে।’ শনিবার দুপুরে রাজধানীর গোলপবাগে বিএনপির গণসমাবেশে এ কথা বলেন তিনি।
জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘যেই সংসদ বিনাভোটের, যে সংসদ হাসিনার মতো ভোট চোরের সংসদ, সেই সংসদে থাকার কোনো মানে হয় না। সরকারের যে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা, বিরোধী দলের ওপর নির্যাতন ও বীভৎস লুটপাট; এই সবকিছুর প্রতিবাদে আজকে আমি পদত্যাগ করছি।’
সংক্ষিপ্ত বক্তব্যে রুমিন ফারহানা আরও বলেন, ‘গতকাল ইমেইলে পদত্যাগপত্র পাঠানো হয়েছে। শনিবার ছুটির দিন। আগামীকাল ইনশাআল্লাহ সাক্ষর করা পদত্যাগপত্র হাতে হাতে জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দিয়ে আসব।’
রুমিন ফারহানা বলেন, ‘দলের সিদ্ধান্তে আমরা সংসদে যোগ দেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্থায়ী কমিটি আমাকে একমাত্র সংরক্ষিত আসনের সদস্য হিসেবে সংসদে পাঠায়। তখন আমরা বলেছিলাম, যতটুকু সুযোগ পাব পুরোটাই কাজে লাগানোর চেষ্টা করব। এই সংসদে থাকা আর না থাকার মধ্যে কোনো পার্থক্য নাই।’
বিএনপির গণসমাবেশের মঞ্চে সংসদ সদস্য পদ থেকে ইস্তফা নেওয়ার ঘোষণা দিয়েছেন সাতজন। বিএনপিদলীয় ছয় সংসদ সদস্য শনিবার এ ঘোষণা দেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে আটজন সংসদ সদস্য নির্বাচিত হন। এদের মধ্যে বিএনপি থেকে নির্বাচিত হন ছয়জন। বাকি দু’জন গণফোরামের। পরে এমপির সংখ্যার ভিত্তিতে একটি সংরক্ষিত আসনও পায় বিএনপি। বিএনপির ছয় সংসদ সদস্য হলেন- বগুড়া-৪ আসনে মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনে গোলাম মোহাম্মদ সিরাজ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মো. হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আবদুস সাত্তার ও ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান। সংরক্ষিত আসনে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা।
সকালে খেতে গিয়ে পোড়া ধানের ছাই দেখলেন কৃষক
কুষ্টিয়া প্রতিনিধি
খেতে গিয়ে কৃষক রেজাউল মণ্ডল দেখতে পান ধান পুড়ে ছাই হয়ে পড়ে আছে। শনিবার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের মোহাম্মপুর গ্রামে ছবি: প্রথম আলো
কয়েক দিন আগে খেতের ধান কেটে খেতেই রেখেছিলেন কৃষক রেজাউল মণ্ডল। শনিবার সকালে ধান মাড়াই করার জন্য বাড়ির উঠানে নেওয়া কথা ছিল। কিন্তু খেতে গিয়ে রেজাউল দেখতে পান, ধান পুড়ে ছাই হয়ে পড়ে আছে। রাতের আঁধারে দুর্বৃত্তরা ধানের গাদায় আগুন লাগিয়ে সব শেষ করে দিয়েছে। গতকাল শুক্রবার রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের মোহাম্মপুর গ্রামে এ ঘটনা ঘটে।
রেজাউল মণ্ডলের তিন বিঘা খেতে ধানের কয়েকটি গাদা (স্তূপ) ছিল। রেজাউল অভিযোগ করেন, তিন বিঘা জমির সব ধান পুড়িয়ে ফেলা হয়েছে। পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন।
দুপুরে রেজাউল মণ্ডলের ছোট ভাই এনামুল হক বলেন, তাঁরা কৃষক পরিবার। কৃষিকাজ করে সংসার চালান। মাঠে তাঁদের বিভিন্ন ধরনের আবাদ রয়েছে। তাঁর ভাই রেজাউলের তিন বিঘা জমিতে আবাদ করা স্বর্ণা জাতের ধান ৪–৫ দিন আগে কাটা হয়। সেগুলো খেতেই একাধিক গাদা তৈরি করে রাখা ছিল। আজ সেগুলো বাড়ির উঠানে নিয়ে মাড়াই করার প্রস্তুতিও নিয়েছিলেন। এরই মধ্যে শুক্রবার দিবাগত রাতে বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখে সবাই ঘুমিয়ে যান। সকাল ৮টার দিকে খেতে গিয়ে দেখতে পান, তাঁদের জমির ধান পুড়ে ছাই হয়ে পড়ে আছে। এতে হতাশ হয়ে পড়েছেন তাঁর ভাই রেজাউল। তিনি অভিযোগ দিতে মিরপুর থানায় গেছেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, বিষয়টি জানতে পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। থানায় অভিযোগ নেওয়া হচ্ছে।
আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুদ্দিন মুকুল বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। মাঠের জমিতে রাখা ধানের গাদায় আগুন দেওয়ার ঘটনায় গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত।
ক্ষতিগ্রস্ত কৃষক রেজাউল ইসলাম বলেন, ‘শত্রুতা করেই আমার এত বড় ক্ষতি করা হয়েছে। আমার জমির ধানগুলো কী দোষ করল? জমিতে রাখা ধানগুলো আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। মানুষের সঙ্গে বিরোধ থাকতে পারে, কিন্তু ফসলের কী অপরাধ? এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের কঠিন শাস্তি চাই।’
বিশ্বকাপের উন্মাদনা নেই কয়রার নিম্ন আয়ের মানুষের কাছে
কয়রা প্রতিনিধি
খুলনার সর্বদক্ষিণের কয়রা উপজেলার গোবরা গ্রাম। গ্রামের পাশ দিয়ে এঁকেবেঁকে বয়ে গেছে কপোতাক্ষ নদ। কপোতাক্ষের বেড়িবাঁধ ধরে সামনে এগোতেই দেখা হয় লেয়াকত ঢালীর সঙ্গে। বাঁধের পাশেই তাঁর বাস। বিশ্বকাপে কোন দল পছন্দ?—এমন প্রশ্ন শুনে স্থানীয় ভাষায় তিনি বলছিলেন, ‘বিশ্বকাপ দিয়ে কি পেট ভরবে? একদিন গাঙে মাছ না ধরলি প্যাটে ভাত যায় না। তাই বিশ্বকাপ খেলা নিয়ে মাতামাতি করার সময় নেই আমার।’
লেয়াকত ঢালীর এমন জবাবে সহজেই বোঝা যায়, দেশের বিভিন্ন প্রান্তের মতো সুন্দরবনসংলগ্ন উপকূলীয় উপজেলা কয়রার জনপদে নিম্ন আয়ের মানুষের কাছে আনন্দের আতিশয্য নিয়ে আসতে পারেনি কাতার বিশ্বকাপ।
বেড়িবাঁধের ওপর দিয়ে হেঁটে যেতে যেতে এ নিয়ে কথা হয় উপকূলীয় কয়রার কয়েকজনের সঙ্গে। তাঁদের একজন খুটিঘাটা গ্রামের শ্রমিক মো. আবদুল্লাহ বলেন, ‘বিশ্বকাপ নিয়ে মাতামাতি শহরের দিকে আছে। আমাদের গ্রামগুলোতে নেই। সারা দিন পরিশ্রম করে মজুরি নিয়ে বাড়ি ফিরতে রাত হয়ে যায়। এরপর খাওয়াদাওয়া শেষ করে ঘুমানোর সময় চিন্তা করতে হয় পরের দিনের খাবারের জন্য। সে জায়গায় বিশ্বকাপ নিয়ে ভাববার সময় কই?’
কাতার বিশ্বকাপ নিয়ে যখন সর্বত্র আলোচনা, তখন উপকূলের দিন এনে দিন খাওয়া মানুষদের ব্যস্ত থাকতে হচ্ছে দুই বেলা খাবার জোগাড়ে। কাকডাকা ভোর থেকে সন্ধ্যা নামা পর্যন্ত, প্রায় বিরামহীন খেটে যান তাঁরা। বিশ্বকাপ তাই তাদের কাছে গুরুত্বহীন।
উত্তর বেদকাশী এলাকার ভ্যানচালক আক্তারুল ইসলাম বলেন, ‘বিশ্বকাপ খেলার কথা শুনে ছেলে জার্সি কিনতে চাইছিল। একটা জার্সির দাম দুই থেকে আড়াই শ টাকা। সারা দিনে আয় হয় ৩০০ থেকে ৪০০ টাকা। তরকারি তো দূরের কথা, এক বেলার জন্য যে দেড়-দুই কেজি চাল প্রয়োজন, সেটাও ঘরে নেই। দিনের রোজগার দিনেই শেষ হয়ে যায়। জার্সি কেনার সামর্থ্য কই আমার?’
কপোতাক্ষের বুকে খেয়া পারাপারের মাঝি জালাল উদ্দীন যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। কপোতাক্ষের এক পাড়ে কয়রা সদর ইউনিয়ন, অন্য পাড়ে শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়ন। এক-দুইজন যাত্রী হলেই ছোট্ট নৌকাটি এক পাড় থেকে অন্য পাড়ে নিয়ে যান জালাল। দিনভর নৌকা চালিয়ে ২০০ কিংবা ২৫০ টাকা মেলে। এ দিয়েই কোনোমতে চালিয়ে নিতে হয় সংসার। জালাল বলেন, নিম্ন আয়ের মানুষের দিন কাটছে কষ্টে। রাত জেগে বিশ্বকাপ খেলা দেখার সময় নেই তাদের।
উপকূলের মানুষের অবস্থা নিয়ে জানতে চাইলে কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম বলেন, ‘নদীভাঙনকবলিত কয়রায় বিশ্বকাপ নিয়ে উল্লাস করার তেমন সময় পায় না এখানকার মানুষ। তারপরও খেটে খাওয়া এসব মানুষের একটু বিনোদনের জন্য বেশ কিছু মফস্বল এলাকায় প্রজেক্টরের ব্যবস্থা রয়েছে খেলা দেখার জন্য।’
ঘূর্ণিঝড় মানদৌসের আঘাত, তামিলনাড়ুতে নিহত ৪
খুলনাঞ্চল ডেস্ক
ভারতের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মানদৌস। এতে তামিলনাড়ু রাজ্যে অন্তত চারজনের প্রাণহানি হয়েছে। উপকূলে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ৭৫ কিলোমিটার। যদিও ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ার পর দুর্বল হয়ে যায়। খবর এনডিটিভির।
চেন্নাইয়ের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেখানে ১১৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তাছাড়া শত শত গাছ উপড়ে গেছে। এক্ষেত্রে এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এর আগে প্রবল ঘূর্ণিঝড় ‘মানদৌস’ দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এটি শুক্রবার রাতে ভারতের উত্তর তামিলনাড়ু, পুন্ডুচেরি এবং অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করাতে পারে বলে জানানো হয়েছিল।
বাংলাদেশের চারটি সমুদ্রবন্দরেও ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত বহাল রাখা হয়েছিল। তবে এটি দেড় হাজার কিলোমিটারেরও বেশি দূরে থাকায় বাংলাদেশে ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব পড়বে না বলেও আগেই জানায় আবহাওয়াবিদরা।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শুক্রবার (৯ ডিসেম্বর) এক বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-৮) জানায়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মানদৌস’ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি শুক্রবার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৬৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ৬৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
এতে আরও বলা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল।
অবশেষে সব শঙ্কা কাটিয়ে তামিলনাড়ুতে শুক্রবার গভীর রাতে আঘাত হানে মানদৌস। মূলত ভারতের দক্ষিণাঞ্চলজুড়েই এর প্রভাব পড়েছে। অনেক জায়গায় পানিতে তলিয়ে গেছে। এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা।
স্কুলছাত্রীকে শ্বাসরোধে হত্যা, মাসহ গ্রেফতার ৫
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে রিয়া খাতুন (৯) নামের এক তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে ওই ছাত্রীর মা, নানা-নানি, ও মামা-মামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৯ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার বাগুলাট ইউনিয়নের মধুপুর দুর্গাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আসামিরা হলেন- শিশুর মা শিল্পী খাতুন (২৩), মামা রফিকুল ইসলাম (২৮), মামি রুনা খাতুন (২৩), নানা মোহাম্মদ আলী (৫২) ও নানি রেহেনা খাতুন। তাদের উপজেলার বাগুলাট ইউনিয়নের মধুপুর দুর্গাপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
নিহত রিয়া খাতুন মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। উপজেলার যদুবয়রা ইউনিয়নের দহকুলা গ্রামের ভ্যানচালক মো. রাইহান ওরফে বাচ্চুর মেয়ে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে নানাবাড়ির গোয়ালঘর থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছিল। এ বিষয়ে ওই দিন রাতেই থানায় একটি অপমৃত্যু মামলা হয়। শুক্রবার সকালে মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্তে ওই ছাত্রীকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে উল্লেখ করা হয়েছে। পরে শুক্রবার রাত ১২টার পরে মা, নানা, নানি, মামা ও মামিকে আসামি করে নিহত ওই ছাত্রীর বাবা মো. রায়হান একটি হত্যা মামলা করেন।
মো. রায়হান জানান, চার বছর আগে মেয়ের মা অন্য একজনকে বিয়ে করেছেন। মেয়ে কখনও মায়ের কাছে, কখনও নানিরবাড়িতে থাকত। হঠাৎ ৬ অক্টোবর খবর পাই মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু আত্মহত্যার কোনো কারণ খুঁজে না পাওয়ায় ময়নাতদন্ত করেছিলাম।
তিনি আরও বলেন, শুক্রবার পুলিশের মাধ্যমে জানতে পারি মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। রাতে থানায় মামলা করেছি। আসামিদের উপযুক্ত শাস্তি চাই।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনে শ্বাসরোধ করে হত্যার বিষয় উল্লেখ করা হয়েছে। থানায় মেয়ের বাবা মামলা করেছেন। মামলায় মেয়ের মা, নানা, নানি, মামা ও মামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে তাদের সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক সহায়-সম্পত্তির জেরে রিয়াকে হত্যা করা হয়েছে।
বিনামূল্যে পাঠকের দুয়ারে পৌঁছে যাবে বই
যশোর অফিস
বই পড়ায় উদ্বুদ্ধ করতে যশোরে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ‘সপ্তাহে একটি বই পড়ি’ সংগঠনটি। বিনা খরচে পাঠকের বাড়িতে বই পৌঁছে দেবে তারা। শুক্রবার (৯ ডিসেম্বর) এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
অনলাইনে ফরম পূরণ করে বইয়ের চাহিদা জানাতে হবে। এরপর ‘সপ্তাহে একটি বই পড়ি’র স্বেচ্ছাসেবকরা পাঠকের বাড়িতে বিনা খরচেই পৌঁছে দিবে বই। প্রতি শনিবার পাঠকরা এ সুবিধা পাবেন। একই সঙ্গে সপ্তাহে একটি বই পড়ার পাঠচক্র চলমান থাকবে।
যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শাহজাহান কবীরের উদ্যোগে এ ব্যতিক্রমী আন্দোলন চলছে। এরই মধ্যে শহরজুড়ে সাড়াও মিলেছে।
শুক্রবার বিকেলে যশোর টাউন হল ময়দানে ‘সপ্তাহে একটি বই পড়ি’র উদ্যোগের আরও একটি নতুন কার্যক্রম ‘সাংস্কৃতিক গ্রন্থাগার’ ও ‘বইয়ের বন্ধু’ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আহসান হাবীব। উদ্বোধক ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক হোসেন উদ্দীন হোসেন, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু ও সাংবাদিক গবেষক সাজেদ রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সপ্তাহে একটি বই পড়ির উদ্যোক্তা যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শাহজাহান কবীর।
তিনি বলেন, ‘বইয়ের বন্ধু’ উদ্যোগটির প্রবক্তা ‘সপ্তাহে একটি বই পড়ি’ নামক সংগঠনের। যেটি এরই ইতোমধ্যে বই পঠন পাঠন ও বই পড়তে উৎসাহিতকরণের ক্ষেত্রে যশোরকে অতিক্রম করে পুরো দেশব্যাপী আলোড়ন তুলেছে। ‘বইয়ের বন্ধু’ হলো ‘সপ্তাহে একটি বই পড়ি’র অঙ্গসংগঠন সাংস্কৃতিক গ্রন্থাগারের অধীন ‘ফ্রি বুক হোম ডেলিভারি সার্ভিস’। যার মূল উদ্দেশ্য হলো পাঠকের দোরগোড়ায় তার কাঙ্ক্ষিত শ্রেষ্ঠ বইটি পৌঁছে দিয়ে আসা এবং উন্নত পাঠক শ্রেণি তৈরিতে সহায়তা করা।
১৭ বছর ধরে গাছের গুঁড়ি দিয়ে ভাস্কর্য বানাচ্ছেন লতিফ
খুলনাঞ্চল রিপোর্ট
ফরিদপুর পৌর শহরের বাসিন্দা বাহারুল লতিফ (৬২)। একজন প্রতিভাবান ভাস্কর্য শিল্পী। সাধারণ মানুষের চোখে অকেজো ও পরিত্যক্ত গাছের শেকড়, গুঁড়ি বা কাঠ তার হাতের ছোঁয়ায় হয়ে ওঠে এক একটি শিল্পকর্ম। যা মানুষের মন ও দৃষ্টি কাড়ে।
খোঁজ নিয়ে জানা গেছে, এসএসসি পাসের পরেই থেমে যায় বাহারুলের পড়াশোনা। ছোট বেলা থেকেই আঁকাআঁকিতে প্রবল ঝোঁক ছিল তার। ১৯৮০ সালে শিশু চিত্রকর্মে জাতীয় শিশু একাডেমি পুরস্কার পান। ভাস্কর্য তৈরির কাজও তিনি একাই শিখেছেন।
২০০৫ সাল থেকে কাঠে ভাস্কর্য তৈরি শুরু করেন বাহারুল। ২০১২ সালে তার তৈরি ভাস্কর্য স্থান পেয়েছে জাতীয় যাদুঘরে। এতে আছে ১৯টি দেশীয় প্রজাতির প্রাণী। তার এ শিল্পকর্ম দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতেও প্রচারিত হয়েছে।
২০১৫ সালে ফরিদপুর শিল্পকলা একাডেমি সম্মাননা পুরস্কার পেয়েছেন বাহারুল। ২০১৬ সালে গাছের শিকড় দিয়ে তৈরি স্পার্ক ৭১ নামের মুক্তিযুদ্ধের একটি ভাস্কর্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন তিনি।
বাহারুলের বাড়ি গিয়ে দেখা যায়, দৃষ্টিনন্দন সব শিল্পকর্ম। কাঠে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, কবি-সাহিত্যিক, মনীষী, বিখ্যাত ব্যক্তির ভাস্কর্য তৈরি করেছেন তিনি। তার হাতের ছোঁয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কবি কাজী নজরুল ইসলাম, কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসুদন দত্ত, পল্লীকবি জসীম উদ্দীন, মাদার তেরেসা, বাউল সম্রাট শাহ আব্দুল করিম, কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ, নেলসন মেন্ডলাসহ আরও অনেক গুণী ব্যক্তির ছবি কাঠে ফুটে উঠেছে। আছে গ্রাম বাংলার ঐতিহ্যও। পাশাপাশি তার শিল্পকর্মে ফুটে উঠেছে রায়ের বাজার বধ্যভূমির গণহত্যার চিত্র, প্রাকৃতিক দুর্যোগে কলা গাছের ভেলায় পারাপারের দৃশ্য, দেশের সাতজন শহীদ বীরশ্রেষ্ঠ, অত্যাচারিত শ্রমিকের আর্তনাদসহ ইত্যাদি।
বাহারুল বলেন, কেউ আমাকে যখন বলে আপনার হাতের তৈরি কাঠের শিল্পকর্ম জাতীয় যাদুঘরে দেখে এলাম, খুবই আনন্দ পাই। যেহেতু আমি শিল্পকর্মটির জন্য সম্মানী নিয়েছি তাই আমার নাম উল্লেখ করা হয়নি। হয়তো আমি একদিন থাকবো না তবে আমার হাতের শিল্পকর্মটি থেকে যাবে। আমার সন্তান এবং ভবিষ্যৎ প্রজন্ম দেখতে পাবে শিল্পকর্মটি এটা ভেবে ভীষণ ভালো লাগে। বগুড়ার শীবগঞ্জ যাদুঘরেও আমার শিল্পকর্ম আছে।
তিনি আরও বলেন, আমি হাতুড়ি-বাটাল দিয়েই সব সময় কাজ করেছি। তাতে অনেক সময় লাগে। এতে একেকটা ভাস্কর্য তৈরি করতে তিন-চার মাস সময় লাগে। ধৈর্য ও পরিশ্রম হিসেবে তেমন মূল্য জোটে না। তবুও নেশাপেশা আর পেটের দায়ে এ ভাস্কর্য তৈরি করি। কিন্তু আর্থিক অসঙ্গতি ও অভাবের কারণে আধুনিক যন্ত্রপাতি কেনা সম্ভব হচ্ছে না। তাহলে সময়ও কম লাগতো।
প্রায় শতাধিক কাঠের ভাস্কর্য তার সংরক্ষণে আছে। এগুলো সরকারিভাবে দেশি ও আন্তর্জাতিকভাবে প্রদর্শনীর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, সবাই তাকে ভাস্কর্য শিল্পী হিসেবে চেনেন। এ কাজে তার আলাদা কিছু গুণ আছে। সে ছোটবেলা থেকে মূলত আর্টের কাজ করলেও প্রায় ১৭ বছর ধরে কাঠের ভাস্কর্য তৈরি করেন। তবে সে আর্থিকভাবে অসচ্ছল। সরকার বা কোনো বেসরকারি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা পেলে সে নিজেকে বড় ভাস্কর্য শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারতো।
বাহারুল লতিফের কাছ থেকে কাঠের ভাস্কর্য ও শিল্পকর্ম ক্রয় করা ফরিদপুর শহরের কামরুজ্জামান হীরা, মো. দাউদুজ্জামান দাউদ বলেন, গাছের শেকড়-বাকড় দিয়ে যে এত সুন্দর ভাস্কর্য তৈরি করা যায়, তা জানা ছিল না। যা তার মেধা ও হাতের গুণ। তার এ শিল্পকর্ম আন্তর্জাতিক মানের। আশা করি একদিন দেশে ছড়িয়ে বিদেশেও তার শিল্পকর্ম পরিচিতি পাবে।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী বলেন, তার হাতের কারুকার্য সরাসরি দেখা হয়নি। সময় করে একসময় তার এ শিল্প কর্ম দেখতে যাবো।
সহযোগিতার বিষয়ে তিনি বলেন, তাকে এ বিষয়ে নিয়ম কানুনের ভিত্তিতে সর্বাত্মক সাহায্য সহযোগিতার চেষ্টা করা হবে।
ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার বলেন, আমি সদ্য যোগদান করেছি। এখনো তার বিষয়ে কিছু জানা হয়নি। এরপরও তার সাহায্য সহযোগিতা ও প্রদর্শনীর বিষয়ে তিনি লিখিত আবেদন করলে নিয়ম কানুনের ভিত্তিতে সর্বাত্মক চেষ্টা করা হবে। প্রশাসন থেকে বিভিন্ন মেলা ও অনুষ্ঠানে তার এ শিল্পকর্ম তুলে ধরা যে পারে।
প্রবাসী ভোটার নিয়ে টানাহেঁচড়া
ঢাকা অফিস
সংশ্লিষ্ট দেশেই প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কর্যক্রম সম্পন্ন করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার প্রাথমিক কার্যক্রম শুরু হওয়ার তিন বছর পার হলেও নানান জটিলতার কারণে এখনো তা বাস্তবায়ন করতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)। পোর্টালের মাধ্যমে অনলাইলে আবেদন নেওয়া শুরু করলেও এখনো তা বাস্তাবায়ন করা যায়নি। পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন সাম্প্রতিক কমিশন কর্মকর্তাদের পরিবর্তে দূতাবাসের মাধ্যমে এনআইডি সেবা কার্যক্রম পরিচালনা করার কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে এক চিঠি দেন। আর এই টানাহেঁচড়ায় এখন আটকে আছে প্রবাসীদের এনআইডি দেওয়ার কার্যক্রম। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
ইসি কর্মকর্তারা জানান, ইতিমধ্যে ছয় দেশ ( মালয়েশিয়া, মালদ্বীপ, সৌদি আরব, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্য) থেকে অনলাইনে সাড়ে চার হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশির ভোটার নিবন্ধনের জন্য আবেদন করেছেন। এখন সেসব আবেদনের স্থানীয় ঠিকানা যাচাই-বাছাইয়ের কাজ চলমান রয়েছে। পরবর্তী পদক্ষেপ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, দূতাবাস ও ইসি সচিবালয়ে চিঠি চালাচালি অব্যাহত রয়েছে।
ইসি সূত্র জানায়, প্রথম দিক থেকে ভোটার নিবন্ধনে বায়োমেট্রিক তথ্য সংগ্রহে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট দেশের দূতাবাসে ইসির এনআইডি উইংয়ের প্রতিনিধি দল যাওয়ার কথা ছিলো। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রীর দেওয়া চিঠিতে এ বিষয়টি টানাহেঁচড়ার পর্যায়ে চলে গেছে। এনআইডি উইংয়ের প্রতিনিধি প্রবাসে যেতে না পারায় আটকে আছে তাদের এনআইডি সেবা কার্যক্রম।
কেএম নূরুল হুদা নেতৃত্বাধীন কমিশন ২০১৯ সালের নভেম্বর মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ভোটারদের অনলাইনে নিবন্ধন শুরু করে। এ ধারাবাহিকতায় কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন বর্তমান কমিশনও প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার প্রক্রিয়া শুরু করতে চায়। তবে বিদ্যমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে আর্থিক কৃচ্ছতা সাধনে দূতাবাসে ইসির লোকবল না পাঠাতে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সিইসিকে দেওয়া পররাষ্ট্র মন্ত্রীর এক চিঠিতে- বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে মিশন আবেদনকারীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করে আবেদনগুলো ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে যাচাই-বাছাই এবং পাসপোর্ট প্রিন্টের জন্য পাঠিয়ে থাকে। প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট প্রিন্ট করার পর ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সেগুলো বিতরণ করার জন্য মিশনগুলোতে ডাকযোগে পাঠায়। স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়ার ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ টেকসই, বাস্তবসম্মত, সাশ্রয়ী ও অধিক প্রবাসীবান্ধব হবে বলে পরামর্শ দেওয়া হয়।
ওই চিঠিতে ইসি সচিবালয় প্রস্তাবিত প্রতিনিধিদল মিশনে গিয়ে প্রবাসী বাংলাদেশিদের বায়োমেট্রিক তথ্য নেওয়ার পরিবর্তে মিশনের কর্মকর্তাদের মাধ্যমে বায়োমেট্রিক তথ্য নেওয়া বর্তমান কৃচ্ছসাধন নীতির আলোকে অধিকতর সমীচীন হবে। এজন্য সংশ্লিষ্ট মিশনগুলোতে বায়োমেট্রিক তথ্য সংগ্রহের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করা যেতে পারে।
ইসি কর্মকর্তারা জানান, প্রবাসী বাংলাদেশিদের এনআইডি দেওয়ার বিষয়ে ২০১৯ সালের ৯ মে সাবেক সিইসি কেএম নূরুল হুদাকে চিঠি দেন পররাষ্ট্র মন্ত্রী মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। চলতি বছর ২০ মার্চ বর্তমান সিইসি কাজী হাবিবুল আউয়ালকে চিঠি দেন পররাষ্ট্র মন্ত্রী। এই চিঠির প্রেক্ষিতে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত বিষয় অবহিত করে পররাষ্ট্র মন্ত্রীকে চিঠি দেন। এরপর সম্প্রতি ইসির প্রতিনিধিদের প্রবাসে গিয়ে বায়োমেট্রিক নেওয়ার পরিবর্তে মিশনের কর্মকর্তাদের মাধ্যমে বায়োমেট্রিক তথ্য গ্রহণ করা বর্তমান কৃচ্ছসাধন নীতির আলোকে অধিকতর সমীচিন হবে বলে জানানো হয়।
ইসি কর্মকর্তারা আরও জানান, ভোটার নিবন্ধনের রেজিস্ট্রেশন অফিসার হচ্ছেন উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তারা। তাই এই নিবন্ধন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দূতাবাসগুলোতে ইসির প্রতিনিধি থাকা অবশ্যই প্রয়োজন।
এছাড়া প্রবাসে পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে বায়োমেট্রিকের কাজ কিভাবে সম্পন্ন করতে তা জানতে চেয়ে পাসপোর্ট অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান ইসি কর্মকর্তারা।
ইসি সূত্র জানায়, করোনা মহামারির কারণে এতোদিন প্রবাসীদের এনআইডি দেওয়ার কাজটি আগায়নি। যেসব আবেদন পাওয়া গেছে দেশে স্থানীয়ভাবে সরেজমিন তদন্ত করে সব ধরনের প্রস্তুতি রাখা হলেও কোনো দেশে এনআইডি দেওয়া যায়নি। নতুন কমিশন আসার পর গত জুনে বিশেষ টিম পাঠিয়ে জরুরিভাবে প্রবাসী বাংলাদেশিদের এনআইডি দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে কুয়েতের রাষ্ট্রদূত। এমন পরিস্থিতিতে দূতাবাসে স্পট রেজিস্ট্রেশন করে কাজ করার বিষয়ে কর্মপরিকল্পনাও দিয়েছে ইসি সচিবালয়। কাজ শুরু করা গেলে এ ধারাবাহিকতায় সব দূতাবাসে এনআইডি সেবা দেওয়া হবে।
ছয় দেশ থেকে ৪,৬৯৯ আবেদন:
ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি উইং) নিবন্ধন ও প্রবাসী শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার বলেন, এ পর্যন্ত ছয়টি দেশ থেকে অনলাইনে ভোটার নিবন্ধনে ৪ হাজার ৬৯৯টি আবেদন পাওয়া গেছে। এরমধ্যে মালয়েশিয়ায় ৪৬০ জন, মালদ্বীপের ৩৬, সৌদি আরবের ১ হাজার ৫৩৮ জন, সিঙ্গাপুরের ৩৪২ জন, সংযুক্ত আরব আমিরাতের ১ হাজার ২৮৩ জন এবং যুক্তরাজ্যের ১ হাজার ৩১ জনের আবেদন রয়েছে।
তিনি আরও বলেন, টানাটানি না করে কমিশন, মন্ত্রণালয় ও দূতাবাসগুলোর সমন্বয়ের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও এনআইডি দেওয়ার কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।
ইসির দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন ভোটার রয়েছে। এরমধ্যে ৫ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৫২৯ জন পুরুষ, ৫ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ২৭ জন নারী এবং ৪৫৪ জন হিজড়া ভোটার রয়েছেন।
ব্রাজিল-আর্জেন্টিনার খেলা নিয়ে বিতণ্ডা, নিহত ৩
খুলনাঞ্চল রিপোর্ট
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার খেলা নিয়ে বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাত ও মারধরে সাভার, বাগেরহাট ও হবিগঞ্জের বাহুবলে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- বাগেরহাটের মোরেলগঞ্জের টুটুল হাওলদার, সাভারের হাসান ও বাহুবলের আব্দুস সহিদ।
বাগেরহাট প্রতিনিধি জানান, শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিসাখালী গ্রামে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ শেষে তর্ক-বিতর্কের জের ধরে টুটুলকে ছুরিকাঘাত করে বাবুল হাওলাদার নামে এক যুবক। পরে গুরুতর আহত অবস্থায় টুটুলকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত টুটুল গুলিশাখালী গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে। অভিযুক্ত বাবুল একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
ওদিকে সাভার পৌর এলাকার ডগরমোড়ায় শুক্রবার দিবাগত রাতে ব্রাজিল-ক্রোয়েশিয়ার খেলা দেখার সময় বাক-বিতন্ডায় ছুরিকাঘাতে স্থানীয় আর্জের্ন্টিনা সমর্থক জুতা কারখানার এক শ্রমিক নিহত হয়েছে। নিহতের নাম- মোঃ হাসান মিয়া (২৬)। তিনি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার ছিদ্দিক মিয়ার ছেলে। খেলাকে কেন্দ্র করে হাসান মিয়া নিহত হওয়ার খবর শনিবার সকালে এর সত্যতা নিশ্চিত করেছেন সাভার মডেল থানার (এসআই) সুদীপ কুমার গোপ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাভার পৌর এলাকার ৭নং ওয়ার্ডের ডগরমোড়া এলাকার সাভার উদয়ন একাডেমি এবং হানাডা স্কুলার্স স্কুল সংলগ্ন শফিকের চা দোকানে কাতার বিশ্বকাপ-২০২২ শুরু হওয়ার পর থেকে দোকানের ভেতর বড় পর্দায় খেলা দেখেন দোকানের কাষ্টমার, স্থানীয় ও পথচারীরা। শুক্রবার দিবাগত রাত ৯টার সময় এরই ধারাবাহিকতায় ব্রাজিল- ক্রোয়েশিয়ার খেলা শুরু হলে সবাই খেলা দেখা শুরু করেন। এক পর্যায়ে ব্রাজিল যখন প্রথম গোল করেন ব্রাজিল সমর্থকরা উল্লাস করতে থাকেন।
এরই মধ্যে ক্রোয়েশিয়া গোল দিলে খেলায় সমতা ফিরে আসে । পরবর্তীতে টাইব্রেকারে যখন ব্রাজিল হারে তখন আর্জেন্টিনা সমর্থক হাসান মিয়া ব্রাজিল সমর্থকদের তিরস্কার করলে ব্রাজিল সমর্থক কয়েকজন কিশোর আর্জেন্টিনা সমর্থক হাসান মিয়ার সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েন। রাত ১২টার সময় এক পর্যায়ে ব্রাজিল সমর্থক কিশোর গ্রুপটি হাসান মিয়াকে ছুরিকাঘাত করলে স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯ ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। কিশোর গ্রুপটি তখন পালিয়ে যায়। ছুরিকাঘাত হওয়া হাসান মিয়া কে সাভার এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ১ জন কে আটক করা হয়েছে। নিহত হাসান শফিকের চা দোকান সংলগ্ন মনির হোসেনের জুতার কারখানার শ্রমিক ছিল। স্থানীয় একটি সূত্রমতে- ডগরমোড়ায় দীর্ঘদিন থেকে একটি কিশোর গ্রুপ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। এ গ্রুপটি বিভিন্ন স্থান থেকে তাদের সমপর্যায়ের বয়স কিশোরদের ধরে এনে মারধর করার অভিযোগ উঠেছে। আশ-পাশের বাড়ির মালিকগন তাদের কিছু বললে বাড়ির মালিকদের কিশোর গ্রুপটি বিভিন্ন ভাবে হুমকি-ধামকি প্রদান করেন।
সাভার মডেল থানার (এসআই) সুদীপ কুমার গোপ জানান- নিহতের লাশ উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
এদিকে বাহুবলে ফুটবল বিশ্বকাপ উন্মাদনার জের ধরে প্রতিপক্ষের হামলায় শাহ মোঃ আব্দুস সহিদ (৫৫) নামের এক আর্জেন্টিনা সমর্থকের পিতা নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ১১টায় উপজেলার সাতকাপন ইউনিয়নের আদিত্যপুর গ্রামে। নিহত শাহ মোঃ আব্দুস সহিদ উপজেলার সাতকাপন ইউনিয়নের আদিত্যপুর গ্রামের মৃত শাহ দেওয়ান আলীর পুত্র।
জানা যায়, শুক্রবার রাতে ব্রাজিল দল ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট থেকে বিদায় নিলে আর্জেন্টিনা সমর্থকরা আদিত্যপুর গ্রামে আনন্দ মিছিল বের করে। মিছিল চলাকালীন সময়ে নিহত শাহ মোঃ আব্দুস সহিদের ছেলে আর্জেন্টিনা সমর্থক শাহ মোঃ রোকন মিয়ার সাথে একই গ্রামের টেনু মিয়ার ছেলে ব্রাজিল সমর্থক সজিব মিয়ার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে শনিবার সকাল ১১টার দিকে হাওর থেকে ফেরার পথে শাহ মোঃ আব্দুস সহিদকে একা পেয়ে টেনু মিয়ার লোকজন অতর্কিত হামলা চালায়। হামলার এক পর্যায়ে প্রতিপক্ষের ফিকলের আঘাতে মারাত্মক আহত হন শাহ মোঃ আব্দুস সহিদ। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রজিত কুমার দাস জানান, শুক্রবার রাতে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের মাঝে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে সকালে আব্দুস সহিদের উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। পরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সহিদ মৃত্যবরণ করেন। ঘটনার সাথে জড়িতের গ্রেফতারে অভিযান চলছে।
আ’লীগকে শক্তিশালী করতে নেতাকর্মীদের নিঃস্বার্থভাবে কাজ করতে হবে: বাবু এমপি
এইচ এম এ হাশেম, কপিলমুনি ঃ
খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, আ’লীগকে শক্তিশালী করতে নেতাকর্মীদের তৃনমূল থেকেই নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। আ’লীগ বরাবরই দেশের স্বার্থে ও দেশের উন্নয়নে কাজ করে থাকে। তাই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো আ’লীগকে ক্ষমতায় আনতে হবে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কপিলমুনি ইউনিয়ন শাখা আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
শনিবার বিকালে কপিলমুনি ইউনিয়ন আ’লীগের দলীয় কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৃপ্তি রঞ্জন সেনের সভাপতিত্বে ও সাঃ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়াদ্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শিহাবউদ্দীন ফিরোজ বুলু, কৃষকলীগ নেতা সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, ইউনিয়ন আ’লীগের সভাপতি যুগোল কিশোর দে, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, প্যানেল মেয়র শেখ মাহাবুবুর রহমান রঞ্জু, যুবলীগ নেতা ও কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গাজী আব্দুর রাজ্জাক রাজু, যুবনেতা এম এম আজিজুল হাকিম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের গফ্ফার খাঁ, গাজী মিজানুর রহমান, আলহাজ্ব রফিকুল ইসলাম, মাহাফুজুল হক কিনু, মোঃ জাহাঙ্গীর আলম, উজ্জ্বল মন্ডল, অসিত মন্ডল, মোঃ কামরুজ্জামান, ওয়াহিদুজ্জামান মোড়ল, ইউপি সদস্য ইউনুস আলী মোড়ল, দীপংকর মন্ডল, ইদ্রিস আলী, মোস্তাফিজুর রহমান মিন্টু, তানজিম মুস্তাফিজ বচ্চু, মোঃ ইমরান হোসেন মোল্লা প্রমূখ ।
কপিলমুনিতে পল্লী দলিত সংস্থার উদ্যোগে মানবাধিকার দিবস পালন
কপিলমুনি(খুলনা) প্রতিনিধি ঃ
কপিলমুনির দঃ সলুয়া পল্লী দলিত সংস্থার উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে এক র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার সকাল ১০ টায় শিবু পদ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সরদার ফারুখ আহম্মেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক স্বপন কান্তি ঘোষ, বীর মুক্তিযোদ্ধা নিরাপদ নন্দী, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওয়াদুদ, আল্হাজ্ব শেখ রফিকুল ইসলাম, ইউপি সদস্য শংকর বিশ্বাস প্রমুখ। আলোচনা সভায় বক্তারা মানবাধিকার দিবসের তাৎপর্য ও ভূমিকা সম্পর্কে আলোচনা করেন।
কালীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুলাভাই নিহত ॥ শ্যালক আহত
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে শাহ আলম চঞ্চল (৩৫) নামের এক মটরসাইকেল আরোহী নিহত ও চালক রবিন (৩৬) আহত হয়েছে। নিহত চঞ্চল একজন ইলেকট্রনিক্স মিস্ত্রি। গত ৩ মাস আগেও সে অন্য এক সড়ক দূর্ঘনায় আহত হয়েছিল। নিহতের বাড়ী মহেশপুর উপজেলার জিন্নানগর এলাকার ইসলামপুর গ্রামে। আর আহত রবিনের বাড়ি একই উপজেলার বহরামপুর গ্রামে।
তারা সম্পর্কে শালা -দুলাভাই। দূর্ঘটনার খবর পেয়েই কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে তাদেরকে উদ্ধার করে। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে কালীগঞ্জ শহরের বৈশাখী মোড়ে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার পর জনতার হাতে ট্রাকটি আটক হয়েছে। ঘাতক ট্রাকটির নং যশোর ট- ১১-৩৭৪৯।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চ্ঞল এবং রবিন কালীগঞ্জের চাপরাইল বাজার থেকে ইলেকট্রনিক্্র মিস্ত্রির কাজ করে বাড়ি ফিরছিল। তারা কালীগঞ্জ শহরের হাঙ্গার ফ্রিওয়াল্ড সড়ক দিয়ে এসে বৈশাখী তেল পাম্পের কাছের মহাসড়কে উঠলে জিপসাম বোঝাই যশোর থেকে ছেড়ে আসা ১০ চাকার একটি ট্রাক তাদের মটর সাইকেলের পেছনে ধাক্কা দেয়। এ সময় মটর সাইকেলের পেছনে থাকা চঞ্চল পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। আহত হয় রবিন। কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল মোত্তালিব স্মরণে এক স্মরণ সভা ও দোয়া মাহিফল
খবর বিজ্ঞপ্তি
রামপাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল মোত্তালিব স্মরণে এক স্মরণ সভা ও দোয়া মাহিফল শনিবার বিকেলে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। রামপাল কলেজের সাবেক অধ্যাপক জ্যোতিষ চন্দ্র সমাজপতির সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাগেরহাট-৩ আসনের (রামপাল ও মোংলা উপজেলা) সাবেক সংসদ সদস্য ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। ‘আমরা রামপালবাসী’ এ স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র মরহুম আব্দুল মুত্তালিব-এর স্মৃতিচারণ করে বলেন, মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি দলের জন্য তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক থাকাকালে তিনি দলের জন্য নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। রামপাল আওয়ামী লীগের নেতা-কর্মীসহ স্থানীয় জনসাধারণ মরহুম এ মুক্তিযোদ্ধাকে চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলে সিটি মেয়র উল্লেখ করেন।
উল্লেখ্য, প্রবীণ এ আওয়ামী লীগ নেতা গত ২ নভেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। শুক্রবার বাদ জুম্মা নামাজে জানাযা ও গার্ড অব অনার প্রদান শেষে নগরীর বসুপাড়া কবরখানায় মরহুম বীর মুক্তিযোদ্ধাকে দাফন করা হয়।
খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল সিংহ রায়, সাবেক জেলা জজ শেখ জামাল উদ্দিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা-খুলনাঞ্চলের পরিচালক অধ্যাপক শেখ হারুনার রশিদ, রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোল্লা আব্দুর রউফ, ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, অধ্যক্ষ মোতাহার হোসেন, বিশিষ্ট সমাজসেবক শেখ খালিদ আহমেদসহ রামপালের বিশিষ্ট ব্যক্তিবর্গ মরহুমের স্মৃতিচারণ করে বক্তৃতা করেন। সভা পরিচালনা করেন সাবেক ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন আহমেদ ও এ্যাড. মল্লিক সাইদুর রহমান।
পরে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কেসিসি শিক্ষক সমিতির সভাপতি মাওলানা নাসির উদ্দিন কাশেমী।
ইসলামী আন্দোলন লবণচরা থানার সদস্য তারবিয়াত অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গত শুক্রবার (৯ ডিসেম্বর) রাত ৯ টায় লবণচরা থানা সংলগ্ন ওলামা নগর মিলানায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর আওতাধীন লবণচরা থানার উদ্যোগে সদস্য তারবিয়াত থানা সভাপতি মাওলানা মোঃ দ্বীন ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারী আলহাজ্ব মোঃ সফিউল ইসলামের পরিচালনায় প্রধানঅতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন মহানগর কমিটির জয়েন্ট সেক্রেটারী মুফতি ইমরান হুসাইন, সহ-প্রশিক্ষন সম্পাদক এইচ এম খালিদ সাইফুল্লাহ।
আরোও উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা আবু সাইদ, মাওঃ নাসিম উদ্দিন, মোঃ শরিফুল ইসলাম, গাজী ফেরদাউস সুমন, মোঃ মঈন উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, মোঃ মমিনুল ইসলাম নাসিব সহ নেতৃবৃন্দ। তারবিয়াতে আগামী ২ রা জানুয়ারী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সম্মেলন’২৩ এ যোগদান সহ বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।










































