স্টাফ রিপোর্টার।।
খুলনা রেলস্টেশনের সামনে ভিক্ষা করছিলেন মো. সাইফুল ইসলাম নামের এক বৃদ্ধ। ২০১৬ সালে ভিক্ষা ছেড়ে অন্য পেশায় যাওয়ার জন্য তাকে আর্থিক সহযোগিতা দিয়েছিল জেলা প্রশাসন। স্ত্রীকে নিয়ে থাকেন রেলকলোনি বস্তিতে। তবে জেলা প্রশাসন থেকে কোনো সহযোগিতা পাননি দাবি করে বলেন, ভিক্ষা না করলে পেট চলবে কীভাবে? খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের গেটে বেলা সোয়া ১১টার দিকে ভিক্ষা করছিলেন সালেহা বেগম নামের আরেক ভিক্ষুক। প্যারালাইজড একমাত্র মেয়েকে নিয়ে থাকেন নতুন রাস্তা মোড়ের বস্তিতে। তিনি বলেন, স্বামী মারা যাওয়ার পর বেশ কয়েক বছর ধরে ভিক্ষা করেন তিনি। নিজেও অনেক অসুস্থ্য, কাজ করতে পারেন না। বাধ্য হয়েই ভিক্ষা করেন। জেলা প্রশাসন থেকে কোনো সহযোগিতা পাননি বলে দাবি তারও। শুধু এই ২ জনই নয়, খুলনা মহানগরীর রেল স্টেশন, লঞ্চ ঘাট, বাস টার্মিনাল, বিভিন্ন মার্কেট, রেস্টুরেন্ট, ধর্মীয় প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ভিক্ষা করছেন অসংখ্য ভিক্ষুক। ২০১৬ ও ২০১৭ সালে খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে যাদেরকে পুনর্বাসন করা হয়েছিল তাদের প্রায় সবাই আবার ফিরে গেছে আগের পেশায়। এর সঙ্গে যুক্ত হয়েছে বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা নতুন ভিক্ষুক। ২০১৭ সালের ৮মে ‘ভিক্ষুক মুক্ত খুলনা’ ঘোষণা করা হলেও তা এখন শুধু নামেই সীমাবদ্ধ। তেমন কোনো কাজেই আসেনি মহতী সেই উদ্যোগ। খুলনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খুলনাকে ভিক্ষুকমুক্ত করতে ২০১৬ সালের আগস্টে জেলা প্রশাসনের কাজ শুরু হয়। তখন ৩ হাজার ৫৯৫ জন ভিক্ষুকের নাম নিবন্ধন করা হয়। এরপর তিনটি ধাপে তাদেরকে প্রায় ৪০ লাখ টাকার পুনর্বাসন সামগ্রি দেয়া হয়।
ভিক্ষুকদেরকে পুনর্বাসনের জন্য ভ্যান-রিকশা, সেলাই মেশিন, হাঁস-মুরগি, মুদি দোকান, পুরাতন কাপড় বিক্রি, কাঁচামালের ব্যবসা, পিঠা তৈরি, ওজন মাপা মেশিন, ঝাল-মুড়ি ও চানাচুর বিক্রি, ডিম বিক্রি, আগরবাতি তৈরির মালামাল, টক দই বিক্রি, ঠোঙ্গা বিক্রি, হাড়ি-পাতিল বিক্রি, শাক-সবজি বিক্রির ভ্যান গাড়ি, চা এর দোকানের উপকরণসহ ১৪ প্রকার উপকরণ সামগ্রি দেয়া হয়েছিল। এরপর ২০১৭ সালের ৮ মে খুলনাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করে জেলা প্রশাসন।
কিন্তু বেশিরভাগ ভিক্ষুক ফিরে গেছে তাদের আগের পেশায়। তাদের কারও দাবি, পুনর্বাসন সামগ্রি ছিল অপর্যাপ্ত। অভাবের তাড়নায় পুনর্বাসন সামগ্রি বিক্রি করে দেন অনেকে। আবার কেউ বলছেন, তখন তালিকায় নাম না ওঠায় পুনর্বাসন সামগ্রি পাননি।
নগরীর ফেরিঘাট মোড়ে ভিক্ষা করার সময় বৃদ্ধ ইসলাম মিয়া বলেন, তার বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাঁধপাড়া এলাকায়। এখন থাকেন খুলনা রেলওয়ে স্টেশনে। খুলনার স্থায়ী বাসিন্দা না হওয়ায় তিনি তখন জেলা প্রশাসনের সহযোগিতা পাননি।
সরেজমিনে গত বেশ কয়েকদিন খুলনা রেলওয়ে স্টেশন, লঞ্চ ঘাট, সোনাডাঙ্গা বাস টার্মিনাল, রূপসা ঘাট, জেলখানা ফেরিঘাট, চেম্বার ভবনের পাশে, পূর্ব রূপসা বাসস্ট্যান্ডে গিয়ে অসংখ্য ভিক্ষুক দেখা গেছে। খুলনা শপিং কমপ্লেক্স, ক্লে রোড, মীনা বাজারের মোড়ে মিষ্টি মহলের সামনে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের গেট, ময়লাপোতা মোড়ের সন্ধ্যা বাজার, নিউমার্কেটের ৪টি গেটেও দেখা গেছে অনেক ভিক্ষুক। শুক্রবার জুম্মার নামাজের পর প্রতিটি মসজিদ ও কবরস্থানের গেটেই অসংখ্য ভিক্ষুককে দেখা যায়।
নগরীর জিরো পয়েন্ট এলাকার ৮/১০টি রেস্টুরেন্টে দিনভর ক্রেতা সমাগম থাকে ব্যাপক। এসব রেস্টুরেন্টের সামনে কেউ একজন ভিক্ষুককে টাকা দিলে মুহুর্তের মধ্যে ৮/১০ জন ভিক্ষুক তাকে ঘিরে ধরে হাত পাতে। এসব ভিক্ষুকদের অধিকাংশই বৃদ্ধ, শারীরিকভাবে অসুস্থ্যসহ অর্থাভাবে জর্জরিত। এছাড়া জেলার নয়টি উপজেলায় ভিক্ষুকরা বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করছেন।
এ ব্যাপারে খুলনা নাগরিক সমাজ এর সদস্য সচিব অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বলেন, ঠিকমতো তদারকির অভাবে জেলা প্রশাসনের মহৎ এই উদ্যোগ ভেস্তে গেছে। পুনর্বাসিত ভিক্ষুকরা সবাই তাদের আগের পেশায় ফিরে গেছে। ভিক্ষুকদের যে পুনর্বাসন সামগ্রি দেওয়া হয়েছিল তা পর্যাপ্ত ছিল না। তিনি বলেন, করোনা পরবর্তী সময়ে কাজ হারিয়ে অনেকে আর্থিক সংকটে পড়েছে। তাদেরও কেউ কেউ নতুন করে ভিক্ষাবৃত্তি করতে বাধ্য হচ্ছে।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদিকুর রহমান ‘ভিক্ষুক মুক্ত খুলনা’ আর আগের মতো নেই বলে স্বীকার করেন। তিনি বলেন, কিছু সংখ্যক ভিক্ষুক অভ্যাসগতভাবে আবার আগের পেশায় ফিরে গেছে। তাদেরকে যে পুনর্বাসন সামগ্রি দেওয়া হয়েছিল তাতে তাদের আর ভিক্ষা করা লাগতো না। এছাড়া বিভাগীয় এই নগরীতে নতুন করে কিছু সংখ্যক ভিক্ষুক যুক্ত হয়েছে।
তিনি আরও বলেন, ভিক্ষুকদের পুনর্বাসনে জেলা প্রশাসনের কাছে এখন কিছু ফান্ড আছে। কিন্তু কীভাবে কী করলে তা ভিক্ষুকদের উপকারে আসবে সে বিষয়ে তারা চিন্তাভাবনা করছেন। এছাড়া উর্ধ্বতন কর্তৃপক্ষও বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছেন। এ ব্যাপারে শিগগিরই আবারও ইতিবাচক পদক্ষেপ নেয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।











































