ঢাকা অফিস।।
সংশ্লিষ্ট দেশেই প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কর্যক্রম সম্পন্ন করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার প্রাথমিক কার্যক্রম শুরু হওয়ার তিন বছর পার হলেও নানান জটিলতার কারণে এখনো তা বাস্তবায়ন করতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)। পোর্টালের মাধ্যমে অনলাইলে আবেদন নেওয়া শুরু করলেও এখনো তা বাস্তাবায়ন করা যায়নি। পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন সাম্প্রতিক কমিশন কর্মকর্তাদের পরিবর্তে দূতাবাসের মাধ্যমে এনআইডি সেবা কার্যক্রম পরিচালনা করার কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে এক চিঠি দেন। আর এই টানাহেঁচড়ায় এখন আটকে আছে প্রবাসীদের এনআইডি দেওয়ার কার্যক্রম। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
ইসি কর্মকর্তারা জানান, ইতিমধ্যে ছয় দেশ ( মালয়েশিয়া, মালদ্বীপ, সৌদি আরব, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্য) থেকে অনলাইনে সাড়ে চার হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশির ভোটার নিবন্ধনের জন্য আবেদন করেছেন। এখন সেসব আবেদনের স্থানীয় ঠিকানা যাচাই-বাছাইয়ের কাজ চলমান রয়েছে। পরবর্তী পদক্ষেপ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, দূতাবাস ও ইসি সচিবালয়ে চিঠি চালাচালি অব্যাহত রয়েছে।
ইসি সূত্র জানায়, প্রথম দিক থেকে ভোটার নিবন্ধনে বায়োমেট্রিক তথ্য সংগ্রহে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট দেশের দূতাবাসে ইসির এনআইডি উইংয়ের প্রতিনিধি দল যাওয়ার কথা ছিলো। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রীর দেওয়া চিঠিতে এ বিষয়টি টানাহেঁচড়ার পর্যায়ে চলে গেছে। এনআইডি উইংয়ের প্রতিনিধি প্রবাসে যেতে না পারায় আটকে আছে তাদের এনআইডি সেবা কার্যক্রম।
কেএম নূরুল হুদা নেতৃত্বাধীন কমিশন ২০১৯ সালের নভেম্বর মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ভোটারদের অনলাইনে নিবন্ধন শুরু করে। এ ধারাবাহিকতায় কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন বর্তমান কমিশনও প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার প্রক্রিয়া শুরু করতে চায়। তবে বিদ্যমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে আর্থিক কৃচ্ছতা সাধনে দূতাবাসে ইসির লোকবল না পাঠাতে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সিইসিকে দেওয়া পররাষ্ট্র মন্ত্রীর এক চিঠিতে- বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে মিশন আবেদনকারীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করে আবেদনগুলো ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে যাচাই-বাছাই এবং পাসপোর্ট প্রিন্টের জন্য পাঠিয়ে থাকে। প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট প্রিন্ট করার পর ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সেগুলো বিতরণ করার জন্য মিশনগুলোতে ডাকযোগে পাঠায়। স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়ার ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ টেকসই, বাস্তবসম্মত, সাশ্রয়ী ও অধিক প্রবাসীবান্ধব হবে বলে পরামর্শ দেওয়া হয়।
ওই চিঠিতে ইসি সচিবালয় প্রস্তাবিত প্রতিনিধিদল মিশনে গিয়ে প্রবাসী বাংলাদেশিদের বায়োমেট্রিক তথ্য নেওয়ার পরিবর্তে মিশনের কর্মকর্তাদের মাধ্যমে বায়োমেট্রিক তথ্য নেওয়া বর্তমান কৃচ্ছসাধন নীতির আলোকে অধিকতর সমীচীন হবে। এজন্য সংশ্লিষ্ট মিশনগুলোতে বায়োমেট্রিক তথ্য সংগ্রহের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করা যেতে পারে।
ইসি কর্মকর্তারা জানান, প্রবাসী বাংলাদেশিদের এনআইডি দেওয়ার বিষয়ে ২০১৯ সালের ৯ মে সাবেক সিইসি কেএম নূরুল হুদাকে চিঠি দেন পররাষ্ট্র মন্ত্রী মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। চলতি বছর ২০ মার্চ বর্তমান সিইসি কাজী হাবিবুল আউয়ালকে চিঠি দেন পররাষ্ট্র মন্ত্রী। এই চিঠির প্রেক্ষিতে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত বিষয় অবহিত করে পররাষ্ট্র মন্ত্রীকে চিঠি দেন। এরপর সম্প্রতি ইসির প্রতিনিধিদের প্রবাসে গিয়ে বায়োমেট্রিক নেওয়ার পরিবর্তে মিশনের কর্মকর্তাদের মাধ্যমে বায়োমেট্রিক তথ্য গ্রহণ করা বর্তমান কৃচ্ছসাধন নীতির আলোকে অধিকতর সমীচিন হবে বলে জানানো হয়।
ইসি কর্মকর্তারা আরও জানান, ভোটার নিবন্ধনের রেজিস্ট্রেশন অফিসার হচ্ছেন উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তারা। তাই এই নিবন্ধন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দূতাবাসগুলোতে ইসির প্রতিনিধি থাকা অবশ্যই প্রয়োজন।
এছাড়া প্রবাসে পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে বায়োমেট্রিকের কাজ কিভাবে সম্পন্ন করতে তা জানতে চেয়ে পাসপোর্ট অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান ইসি কর্মকর্তারা।
ইসি সূত্র জানায়, করোনা মহামারির কারণে এতোদিন প্রবাসীদের এনআইডি দেওয়ার কাজটি আগায়নি। যেসব আবেদন পাওয়া গেছে দেশে স্থানীয়ভাবে সরেজমিন তদন্ত করে সব ধরনের প্রস্তুতি রাখা হলেও কোনো দেশে এনআইডি দেওয়া যায়নি। নতুন কমিশন আসার পর গত জুনে বিশেষ টিম পাঠিয়ে জরুরিভাবে প্রবাসী বাংলাদেশিদের এনআইডি দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে কুয়েতের রাষ্ট্রদূত। এমন পরিস্থিতিতে দূতাবাসে স্পট রেজিস্ট্রেশন করে কাজ করার বিষয়ে কর্মপরিকল্পনাও দিয়েছে ইসি সচিবালয়। কাজ শুরু করা গেলে এ ধারাবাহিকতায় সব দূতাবাসে এনআইডি সেবা দেওয়া হবে।
ছয় দেশ থেকে ৪,৬৯৯ আবেদন:
ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি উইং) নিবন্ধন ও প্রবাসী শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার বলেন, এ পর্যন্ত ছয়টি দেশ থেকে অনলাইনে ভোটার নিবন্ধনে ৪ হাজার ৬৯৯টি আবেদন পাওয়া গেছে। এরমধ্যে মালয়েশিয়ায় ৪৬০ জন, মালদ্বীপের ৩৬, সৌদি আরবের ১ হাজার ৫৩৮ জন, সিঙ্গাপুরের ৩৪২ জন, সংযুক্ত আরব আমিরাতের ১ হাজার ২৮৩ জন এবং যুক্তরাজ্যের ১ হাজার ৩১ জনের আবেদন রয়েছে।
তিনি আরও বলেন, টানাটানি না করে কমিশন, মন্ত্রণালয় ও দূতাবাসগুলোর সমন্বয়ের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও এনআইডি দেওয়ার কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।
ইসির দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন ভোটার রয়েছে। এরমধ্যে ৫ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৫২৯ জন পুরুষ, ৫ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ২৭ জন নারী এবং ৪৫৪ জন হিজড়া ভোটার রয়েছেন।











































