Home খেলাধুলা রানের চাপে পিষ্ট হয়ে হারলো বাংলাদেশ, ধবল ধোলাই এড়ালো ভারত

রানের চাপে পিষ্ট হয়ে হারলো বাংলাদেশ, ধবল ধোলাই এড়ালো ভারত

14

স্পোর্টস ডেস্ক।।

তিন ম্যাচ সিরিজের টানা দুটি জিতে জিতে সিরিজ জয় করেছিল বাংলাদেশ। অধিনায়ক হিসেবে বেশ ভালো অভিষেক হলো লিটন দাসের। কিন্তু সিরিজের শেষ ম্যাচে লজ্জার এক হারে একটু ম্লান হয়েছে সিরিজ জয়টা। সেই সঙ্গে হাতছাড়া হয়েছে হোয়াইটওয়াশ।

সাগরিকা খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ভারতের ছুঁড়ে দেওয়া ৪১০ রানের চাপে পিষ্ট হয়েছে বাংলাদেশ। যেখানে ইশান কিষান একাই রান করেছেন ২১০, সেখানে বাংলাদেশ দল গুটিয়ে গেছে ১৮২ রানে। তার মানে ইশান কিষানের রান থেকেও ২৮ রান দূরে ছিল বাংলাদেশ। সব মিলিয়ে ২২৭ রানে হেরেছে সাকিব আল হাসানরা।

শনিবার (১০ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে টস জিতে ভারতকে ব্যাটের আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক লিটন। ইশান কিষানের অসাধারণ ডাবল সেঞ্চুরি (২১০) ও বিরাট কোহিল (১১৩) শতকে আট উইকেট হারিয়ে ৪০৯ রান সংগ্রহ করে সফরকারীরা।

৪১০ রানের লক্ষ্যে খেলতে নেমে ধীরগতির শুরু করেন দুই ওপেনার এনামুল হক বিজয় ও লিটন দাস। পঞ্চম ওভারে আক্রমণে এসেই ৩৩ রানের ওপেনিং জুটি ভেঙে দেন আকসার প্যাটেল। সবচেয়ে বেশি আগ্রাসী লিটনের ইনিংসটাও বেশি দূর যায়নি। দলীয় ৪৭ রানে সিরাজের বলে লিটন ক্যাচ তুলে ২৯ রানে ফিরেছেন।

এরপর হতাশ করেন মুশফিক। চাপ কমানোর বদলে উল্টো দলকে বিপদেই ফেলে যান তিনি। করেন মাত্র সাত রান। ইয়াসিরকে সঙ্গে নিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন সাকিব। করেন ৩৪ রানের জুটি। কিন্তু ইয়াসিরকে (২৫) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন উমরান মালিক।

হাফসেঞ্চুরি থেকে আর সাত রান দূরে থাকতেই সাকিবকে বোল্ড করেছেন কুলদীপ যাদব।সাকিবের ফেরার পর পরই মূলত প্রতিরোধ দুর্বল হয়ে যায় বাংলাদেশের। তার পর বাকি ব্যাটাররা মাথা তুলে দাঁড়াতে পারেননি। একে একে মাহমুদউল্লাহ (২০), আফিফ (৮), মেহেদী মিরাজ (৩) ভারতীয় বোলারদের কাছে পরাস্ত হয়।

ভারতের হয়ে ৩০ রানে তিন উইকেট নেন শার্দুল ঠাকুর। দুটি করে উইকেট নেন আকসার প্যাটেল ও উমরান মালিক। এছাড়া একটি করে নিয়েছেন মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও ওয়াশিংটন সুন্দর।

প্রথমবারের সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেওয়া ইশান কিষান ম্যাচসেরা হন। অন্যদিকে বাংলাদেশের সিরিজ জয়ের নায়ক মেহেদি হাসান মিরাজ হন সিরিজ সেরা।