ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহের মহেশপুর ও হরিণাকুন্ডু উপজেলা থেকে সাতটি ককটেল ও ৯টি পেট্রল বোমা জব্দ করেছে পুলিশ। এদিকে কালীগঞ্জের বারোবাজার ইউনিয়ন আওয়ামী লীগের অফিসের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে।
রোববার (৪ ডিসেম্বর) রাতে পৃথক ঘটনায় তিনটি মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
বারোবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘রোববার রাত সাড়ে ১০টার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে বসে কয়েকজন আলোচনা করছিলাম। এ সময় কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে এসে ককটেল ছুড়ে পালিয়ে যায়।’
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা বলেন, বারোবাজার ককটেল বিস্ফোরণের ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি মামলা হয়েছে।
এদিকে মহেশপুর থানার পরিদর্শক (তদন্ত) ইসমাইল হোসেন বলেন, রোববার ১১টার দিকে একটি নম্বর থেকে ফোন দিয়ে জানানো হয় পৌর শহরের মহিলা কলেজপাড়ার একটি ঝোপের মধ্যে ককটেল সদৃশবস্তু পড়ে আছে। পুলিশ গিয়ে বাজারের ব্যাগ থেকে তিনটি ককটেল ও চারটি পেট্রলবোমা জব্দ করে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
জেলার হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, দিনগত রাত ১টার দিকে পৌর শহরের বল্টুর মোড় থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি পেট্রলবোমা ও চারটি ককটেল জব্দ করা হয়। নাশকতার উদ্দেশ্যে এগুলো রাখা হতে পারে।











































