Home জাতীয় চূড়ান্ত হয়নি ভেন্যু: সবার দৃষ্টি ১০ ডিসেম্বরে

চূড়ান্ত হয়নি ভেন্যু: সবার দৃষ্টি ১০ ডিসেম্বরে

10
ফাইল ফটো

খুলনাঞ্চল রিপোর্ট।।
আর মাত্র চার দিন বাকি। এখনো আগামী ১০ ডিসেম্বরের গণসমাবেশের ভেন্যু চূড়ান্ত হয়নি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুমতি চেয়ে দুই দফা চিঠি দিলেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সম্প্রতি সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের অনুমতি দেয়। এই ভেন্যুকে গণসমাবেশের জন্য অনিরাপদ আখ্যা দিয়ে বিকল্প ভেন্যুতে গণসমাবেশ করার আগ্রহ দেখায় দলটি। এই অবস্থায় সবার দৃষ্টি এখন ১০ ডিসেম্বর বিএনপির ঢাকার গণসমাবেশের দিকে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যেও সেকথা উঠে উঠে এসেছে। গতকাল সোমবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি বলেন, আজকে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। সামনে অস্তিত্ব রক্ষার লড়াই। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বিপন্ন। এমতাবস্থায় আগামী ১০ ডিসেম্বরের দিকে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানুষ তাকিয়ে আছে। গণসমাবেশ যেকোনো মূল্যে আমাদের সফল করতে হবে। মামলা-হামলা গ্রেপ্তার উপেক্ষা করের আমাদেরকে প্রস্তুতি নিতে হবে।

শান্তিপূর্ণ নাকি সহিংসতায় রুপ নেবে: এদিকে, আগামী ১০ ডিসেম্বররের ঢাকার গণসমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে রাজনীতিতে উত্তাপ ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষের মাঝেও উৎকণ্ঠা দেখা দিয়েছে। সবারই জিজ্ঞাসা ওইদিন রাজধানীর পরিবেশ শান্তিপূর্ণ নাকি সহিংসতায় রুপ নেবে। সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া শেষ পর্যন্ত অন্য কোন ভেন্যুতে বিএনপির গণসমাবেশের অনুমতি মিলবে তা নিয়ে বিভিন্ন
শ্রেণি-পেশার মানুষের মধ্যে প্রশ্নের উদ্রেক হয়েছে। এ নিয়ে পুলিশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিএনপি। পুলিশও বিএনপির ১০ ডিসেম্বরের গণসমাবেশ কেন্দ্র করে রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে। এলাকাভিত্তিক ব্লকরেইডও চালাচ্ছে। পুলিশের এই অভিযানের প্রধান লক্ষ্য দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে।

কূটনীতিকদের সাথে আজ বিএনপির বৈঠক: অন্যদিকে, আগামী ১০ ডিসেম্বর ঢাকা গণসমাবেশ নিয়ে সরকারের ভূমিকাসহ দেশের সর্বশেষ রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আজ মঙ্গলবার ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবে বিএনপি। এই বৈঠকে ঢাকায় নিযুক্ত বিদেশি সব দূতাবাসসহ জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিকাল ৩ টায় রাজধানীর হোটেল লেকশোর-এ এই বৈঠক হবে বলে বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন ইস্যু অবহিত করতে এ বৈঠক। বিশেষ করে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে কূটনীতিকদের অবহিত করা হবে। এ ছাড়া সারা দেশে পুলিশের বিশেষ অভিযান, ‘গায়েবি’ মামলা, ঢাকার গণসমাবেশকে কেন্দ্র করে গণগ্রেফতার, বাসায় বাসায় তল্লাশি, গণসমাবেশের ভেন্যু প্রসঙ্গসহ নানা ইস্যু সম্পর্কে কূটনীতিকদের জানানো হবে। এসব বিষয় লিখিত আকারে জানানোর পাশাপাশি বিএনপি নেতারা তাদের বক্তব্যেও তুলে ধরবেন। এ বৈঠকে বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যদের অংশ নেওয়ার কথা রয়েছে।

আরামবাগের পাশে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগা মাঠও আলোচনায়: অন্যদিকে, আগামী ১০ ডিসেম্বর ভেন্যু নিয়ে পুলিশের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে বিএনপি। দলের এক নেতা জানান, নয়াপল্টন না হলেও এর আশপাশের কোনো স্থানে গণসমাবেশ করতে চায় বিএনপি। দলটির আগ্রহ থেকে কাকরাইল, ফকিরাপুল,আরামবাগ কিংবা শান্তিনগর মোড়ের যে কোনো একটি ভেন্যুতে গণসমাবেশ করার কথা পুলিশ জানানো হয়েছে। এসব ভেন্যুর মধ্যে আরামবাগকে বিশেষভাবে বলা হয়েছে। কিন্তু পুলিশ বিএনপিকে খোলা মাঠে গণসমাবেশের জন্য বলেছে। এর জবাবে নতুন ভেন্যুর নাম বলেছে হাই কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগা মাঠ। গতকাল এক অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, নয়াপল্টনে সমাবেশের অনুমতি না দিলে গোটা ঢাকায় সমাবেশ হবে। কিন্তু ঠেকানো যাবে না।

হঠকারী সিদ্ধান্ত নয়: বিএনপির গুরুত্বপূর্ণ একাধিক নেতা বলেন, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে দলের গুরুত্বপূর্ণ নেতারা হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়ার পক্ষে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সে পথে না গিয়ে পরিস্থিতি বিবেচনা করে দলটি নিয়মতান্ত্রিক কর্মসূচির পক্ষে অবস্থান নেয়। তারাই ধারাবাহিকতায় ১০ বিভাগীয় সদরে গণসমাবেশের ডাক দেয় দলটি। স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ি, গত ১২ অক্টোবর চট্টগ্রাম গণসমাবেশের মধ্যদিয়ে গণসমাবেশ গুরু করে। গত ৩ ডিসেম্বর রাজশাহী সমাবেশের মধ্যদিয়ে ঢাকার বাইরে গণসমাবেশ শেষ করে। শেষ গণসমাবেশ রাজধানী ঢাকায় আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এই গণসমাবেশ সফল করতে দায়িত্বপ্রাপ্ত নেতারা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ধরপাকড় করলেও হঠাকারী কোনো সিদ্ধান্তে যাবে না বিএনপি।

শান্তিপূর্ণ গণসমাবেশ করতে শীর্ষ নেতৃত্বের নির্দেশনা: বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা জানান, নানা বাধা উপেক্ষা করে বিভাগীয় গণসমাবেশে নেতাকর্মী ও সমর্থকসহ সাধারণ মানুষও অংশ নেয়। সাধারণ মানুষের সাথে বিএনপির এই সংযোগ কোনো অবস্থায় বিচ্ছিন্ন করতে চায় না দলের শীর্ষ নেতৃত্ব। এ কারণে ঢাকার গণসমাবেশ শান্তিপূর্ণভাবে সফল করতে দলের শীর্ষ নেতৃত্ব (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের নির্দেশনা দিয়েছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আগামী ১০ ডিসেম্বর শান্তিপূর্ণ ঢাকা গণসমাবেশের মধ্যদিয়ে আমাদের আন্দোলনের প্রথম ধাপ শেষ হবে। এরপর আমরা আন্দোলনের দ্বিতীয় ধাপ শুরু করব। বিএনপি হচ্ছে, গণতান্ত্রিক দল,গোপনের কোনো কাজ করে না। ভোটাধিকার, গণতন্ত্র এবং দেশের মানুষকে মুক্ত করতে যা যা করা দরকার হবে, আমরা দেশের মানুষকে সাথে নিয়ে তাই করা হবে। আগামী ১০ ডিসেম্বর গণসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান গয়েশ্বর।

২৪ ঘন্টায় গ্রেপ্তার ১৩১৯ নেতাকর্মী: জনদূর্ভোগ ও নিরাপত্তা বিবেচনায় রাজধানীর ভেতরে কোনো ব্যস্ত সড়কে বিএনপির সমাবেশের অনুমতি দেওয়া হবে না বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। যে কোনো ধরণের নাশকতা ঠেকাতে গ্রেপ্তার অভিযানের পাশাপাশি অনলাইনে সাইবার পেট্রলিং করছে পুলিশ। উস্কানিসহ যে কোনো ধরণের অপরাধের পরিকল্পনা ও গুজব ছাড়লে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। পুলিশ সদরদপ্তর সূত্র জানিয়েছে, গতকাল সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘন্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৩১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপি জানায়, ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি) ২৫৫ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে, গ্রেপ্তার হওয়া অধিকাংশই বিভিন্ন রাজনৈতিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। যে কোনো ধরণের নাশকতা প্রতিরোধে রাজনৈতিক মামলার আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে। গ্রেপ্তারে বিএনপি-জামায়াতের মধ্য সারির নেতাদের বেশি প্রধান্য দেওয়া হচ্ছে।

রাস্তায় সমাবেশের অনুমতি নয় : ডিএমপি কমিশনার: ঢাকা মহানগর পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। এর বাইরে খোলা মাঠ ছাড়া রাস্তাঘাটে কোনো সমাবেশের অনুমতি দেওয়া হবে না। বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা বিকল্প কোনো স্থানে সমাবেশের প্রস্তাব পাইনি। গত রবিবার ডিএমপির সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের আলোচনা হয়েছে। সেখানে ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ করার বিষয়ে নয়াপল্টন ও সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে তৃতীয় কোনো স্থানের বিষয়টি আসে।
অনলাইনে সাইবার পেট্রলিং করছে পুলিশ: আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী এবং তাদের গোয়েন্দা ইউনিটগুলো অনলাইনের নজরদারি বাড়ানো হয়েছে। অনলাইনে অপপ্রচার কিংবা গুজব ছড়িয়ে কেউ যেন কোনও ধরনের স্বার্থ হাসিল করতে না পারে সে বিষয়ে তারা তৎপরতা চালাচ্ছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, যে কোনও ধরনের নাশকতা সৃষ্টির পাঁয়তারা রুখতে অভিযানের পাশাপাশি সাইবার ওয়ার্ল্ডে মনিটরিং জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে সাদা পোশাকে র‌্যাব সদস্য। সাইবার ওয়ার্ল্ডে কেউ উসকানিমূলক বক্তব্য দিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে কিনা সেটিও নজরদারিতে রাখা হয়েছে। উদ্ভূত যেকোনও পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব সর্বদা প্রস্তুত রয়েছে।- আমাদের সময়