স্টাফ রিপোর্টার।।
জ্ঞাত আয় বহির্ভূত প্রায় ১ কোটি ২৭ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে যশোর সদরের সাবেক সাব রেজিস্ট্রার মো. শাহজাহান আলীর বিরুদ্ধে মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেন বাদী হয়ে সোমবার খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, মো. শাহজাহান আলী সাব রেজিস্ট্রার হিসেবে চাকরি করে দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করে তার নামে এই সম্পদ অর্জন করে নিজ দখলে রেখেছেন। তিনি বর্তমানে পিআরএল এ রয়েছেন। মো. শাহজাহানের বাড়ি খুলনার কয়রা উপজেলার জায়গিরমহল গ্রামে। বর্তমানে তিনি নগরীর শিপইয়ার্ড এলাকার আলতাপ হোসেন সড়কের ডাক্তার বাড়ি গলির বাসিন্দা।
মামলার এজাহারে তার বিরুদ্ধে দুদকে ১ কোটি ৩১ লাখ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে দুদকে মিথ্যা তথ্য প্রদান এবং ১ কোটি ২৭ লাখ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ নিজ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, মো. শাহজাহান ২০২০ সালের ১৫ ডিসেম্বর দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন। সেখানে তিনি মোট ১ কোটি ২১ লাখ টাকার সম্পদ থাকার ঘোষণা দেন। কিন্তু যাচাই করে তার আরও স্থাবর ও অস্থাবর সম্পদ পাওয়া গেছে। মামলাটি তদন্তকালে অভিযোগের সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











































