Home আঞ্চলিক শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়: চাপ ও তদবিরে ২৬ পদের ১২টিতে অস্থায়ীরা বহাল

শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়: চাপ ও তদবিরে ২৬ পদের ১২টিতে অস্থায়ীরা বহাল

64

স্টাফ রিপোর্টার।।
খাতা-কলমে আনুষ্ঠানিক প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি, ১৬টি পদে ২৬জনের নিয়োগের বিপরীতে আবেদন করেন প্রায় দু’হাজার চারশ প্রার্থী। প্রাথমিক বাছাই শেষে লিখিত-মৌখিক ও অন্যান্য প্রক্রিয়ায় সুযোগ পান দু’হাজার চারজন। এরমধ্যে ভাগ্য খুলছে অস্থায়ী হিসেবে কর্মরত ১২জনসহ ২৫ জনের। এ চিত্র দেশের সর্বশেষ অনুমোদিত খুলনার ‘শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যায়’র। এটি দেশের পঞ্চম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।
অভিযোগ উঠেছে, প্রভাবশালীদের চাপ ও তদবিরে সিন্ডিকেট সভার সদস্যদের মতামত উপেক্ষা করে নির্ধারিত অস্থায়ী কর্মচারীদের নিয়োগ চূড়ান্ত করা হচ্ছে। ফলে দীর্ঘ প্রত্যাশিত বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরুতেই অনিয়ম ও দুর্নীতির কবলে পড়েছে। পূর্ব নির্ধারিত প্রার্থীদের চূড়ান্তকরণের মাধ্যমে হাজারও বেকার যুবকদের তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।

খুলনা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর খুলনার মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপনে সম্মতি দেন। ২০২০ সালের ১৩ জুলাই মন্ত্রীসভায় ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, খুলনা-২০২০’ এর খসড়া ও ২০২১ সালের ১ ফেব্রুয়ারি বিলটি সংসদে পাস হয়। গেজেট প্রকাশ হয় ৪ ফেব্রুয়ারি । একই বছর ২৯ এপ্রিল নতুন বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পান জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি ৩ মে উপাচার্য পদে যোগ দেন। উপাচার্য দায়িত্ব গ্রহণের পর পরই প্রভাবশালীরা বিশ্ববিদ্যালয়টিতে নিয়োগ নিয়ে চাপ শুরু করে। এরমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রেজিস্টার, পরিচালক (অর্থ ও হিসাব) পরিচালক (পরিকল্পনা)সহ তিনটি পদে চুক্তিভিক্তিক নিয়োগ দেয়। তাছাড়া কোন বিজ্ঞপ্তি ছাড়া ১৩জনকে বিভিন্ন পদে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়টি দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ৮ আগস্ট দুটি জাতীয় দৈনিক ১৬টি পদের বিপরীতে ২৬জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চাকরির আবেদনে প্রয়োজনীয় কাগজপত্রসহ পঞ্চম থেকে ১০ গ্রেড কর্মচারী পদে ৬০০টাকা ও ১১ থেকে ২০ গ্রেড পদে ৫০০ টাকা বিশ্ববিদ্যালয় হিসেবে জমা দেওয়ার শর্ত দেওয়া হয়। ২৬ জনের বিপরীতে ২ হাজার ৪০০জন চাকুরি প্রার্থী এসব পদে আবেদন করেন। এতে বেকার তরুন-তরুণীরা ব্যয় ১২ লাখ টাকা বিশ্ববিদ্যালয় তহবিলে জমা দেন। নভেম্বরে বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে ২৫জনকে চূড়ান্ত করে নিয়োগ বোর্ড। যার মধ্যে বিশ্ববিদ্যালয়ে আগে থেকে অস্থায়ী হিসেবে নিয়োগপ্রাপ্তদের ১২জন। তবে উপ-কলেজ রেজিস্টারের একটি পদে কোন প্রার্থী পাওয়া যায়নি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগে থেকে নিয়োগ প্রাপ্তদের মধ্যে স্থায়ী হয়েছেন পিএস টু ভিসি একজন, হিসাব রক্ষণ কর্মকর্তা একজন, সেকশন অফিসার তিনটি পদের বিপরীতে একজন, প্রশাসনিক কর্মকর্তা একজনের বিপরীতে একজন, অফিসার সহকারী কাম কম্পিটার টাইপিস্ট দুটি পদে দুইজন, ড্রাইভার একজন, অফিস সহায়ক ছয়জনের বিপরীতে তিনজন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সিন্ডিকেট সদস্য ও চাকুরী প্রত্যাশীদের সাথে কথা বলে জানাগেছে, শিক্ষা কার্যক্রম শুরু ও স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপনের আগেই নিয়োগ দুর্নীতিতে দৃষ্টান্ত স্থাপন করছে খুলনার শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়। ভিসি নিয়োগের পর থেকেই প্রভাবশালীদের তদবির ও চাপে শুরু হয় অস্থায়ী ও চুক্তিভিক্তিক নিয়োগ। এরই ধারাবাকিতকায় এবার লোক দেখানো নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষার পর আগেই নির্ধারিত প্রার্থীদের চুড়ান্ত নিয়োগ দিচ্ছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সিন্ডিকেট সভায় অস্থায়ী হিসেবে কর্মরতদের যোগ্যতার বিষয়ে বয়স ও শিক্ষাগত যোগ্যতার দুটির একটিতে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অথচ শিক্ষা মন্ত্রণালয়ের ২০০৯ সালের ২৫ মার্চের পরিপত্র অনুযায়ী (নং-শা: ১৮/বিবিধ-৮/২০০২ (অংশ-২)/১৬৮) পাবলিক বিশ্ববিদ্যালয় অস্থায়ী বা এ্যাডহক বা চুক্তিভিক্তিক নিয়োগ বন্ধ করা হয়। এসব নিয়োগের ক্ষেত্রে উন্মুক্ত বিজ্ঞপ্তিতে সকল প্রার্থীর সমঅধিকার নিশ্চিত ও কাউকে বিশেষ বিবেচনায় কোন সুযোগ না দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনও এ বিষয়ে একাধিক বার নির্দেশনা জারি করে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর সাংবাদিকদের বলেন, বিজ্ঞপ্তি ছাড়া কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী বা অ্যাডহক নিয়োগ দেওয়া যাবে না। তাছাড়া নিয়োগের ক্ষেত্রে কোন কোন প্রার্থীদের যোগ্যতা শিথিলের সুযোগ নেই। এসব ক্ষেত্রে সকলের সমান অধিকার নিশ্চিত করতে হবে।

শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘পাঁচ সদস্যের নিরপেক্ষ পরিচালনা কমিটির মাধ্যমে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এই কমিটিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্যও ছিলেন। তবে সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী অস্থায়ী কর্মচারীদের কেউ কেউ আবেদনের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতার দুটির একটিতে ছাড় পেয়েছেন। এমন সুযোগের বিষয়ে আমি সিন্ডিকেট সভায় প্রথম ও শেষ বারের সিদ্ধান্ত বলে নোট দিয়েছি। আগামীতে কোন নিয়োগে এ ধরণের সুযোগ দেওয়া হবে না।’ উপাচার্য বলেন, ‘প্রতিটি নিয়োগের ক্ষেত্রেই চাপ থাকে। এ ক্ষেত্রেও স্বাভাবিক। তবে এখানে নিয়োগ কমিটি প্রার্থীদের চূড়ান্ত করেছেন।’