আসাদুজ্জামান ইমন, ঢাকা অফিস।।
পুরান ঢাকার আদালত প্রাঙ্গণে দিনে-দুপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত দুর্র্ধষ দুই জঙ্গিকে ছিনিয়ে নিয়ে গেছে তাদের সাঙ্গপাঙ্গরা। স্রেফ ফিল্মিস্টাইলে ছিনতাই করে নিয়ে যাওয়া এ দুই জঙ্গি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। তাদের নাম মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির ওরফে ইমরান এবং মো. আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব। রাজধানীর মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় হাজিরার জন্য গতকাল রবিবার দুপুরে এ দুজনসহ চার জঙ্গিকে আদালতে আনা হয়। সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে হাজিরার পর তাদের হাজতখানায় নিয়ে যাওয়া হচ্ছিল। তখন দুপুর পৌনে ১টা। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে দায়িত্বরত পুলিশ ও আনসারের ওপর প্রথমে চার জঙ্গি চড়াও হয়। এর পর তাদের সাঙ্গপাঙ্গরা এগিয়ে এসে চোখে-মুখে ঝাঁজালো গ্যাস স্প্রে করে মারধর শুরু করে। পুলিশকে মারধর করে চার জঙ্গির মধ্যে দুজনকে ছিনিয়ে নেওয়ার পর একটি মোটরসাইকেলে তাদের নিয়ে পালিয়ে যায় এক সহযোগী। তাদের নিয়ে আসা দুটি মোটরসাইকেলের মধ্যে একটি সেখানেই পড়েছিল।
ছিনতাইকালে জঙ্গিদের মারধর ও স্প্রেতে আহত হয়েছেন পুলিশ কনস্টেবল আজাদ, আনসারসহ আরও চারজন। তাদের মধ্যে কনস্টেবল আজাদ রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন। এ কা-ে পালিয়ে যাওয়া দুই জঙ্গিসহ অচেনা আরও ২০ জনের বিরুদ্ধে রাজধানীর কোতোয়ালি থানায় মামলা করেছে পুলিশ। বিস্ময়কর এই জঙ্গি ছিনতাইকান্ডের জন্য পুলিশের নিষ্ক্রিয়তাই দায়ী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি আট আসামির মৃত্যুদন্ড দেন আদালত। ওই আট আসামির মধ্যে দুজন হলো পালিয়ে যাওয়া এ দুই জঙ্গি। ২০১৪ সালে ঢাকা-ময়মনসিংহ রোডের ত্রিশালে পুলিশের প্রিজনভ্যানে হামলা করে প্রায় একই স্টাইলে তিন দুর্র্ধষ জঙ্গিকে ছিনতাই করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্যরা। পলাতক তিন জঙ্গির মধ্যে একজন সেদিনই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যায়। অপর দুই জঙ্গি সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যায়। এ পর্যন্ত তারা আর ধরা পড়েনি।
রাজধানী-সীমান্তে রেড অ্যালার্ট জারি : আদালত থেকে দুই জঙ্গি পালানোর পর পরই রাজধানী ও সীমান্ত এলাকায় রেড অ্যালার্ট (সর্বোচ্চ সতর্কতা গ্রহণ) জারি করা হয়েছে। দেশের আদালতগুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্ট প্রশাসন। ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের ধরতে রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার পথসহ মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পুলিশ। গতকাল দুপুরে ডিএমপি সদরদপ্তর থেকে ঢাকার সব বিভাগের উপকমিশনার (ডিসি), থানার ওসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওয়াকিটকিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। ঢাকার আদালত থেকে ছিনতাই করে নিয়ে যাওয়া দুই জঙ্গি যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে, সে জন্য দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টসহ সীমান্ত এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি চেকপোস্ট ইমিগ্রেশন ওসি মো. বদিউজ্জামান। চেকপোস্ট ও সীমান্তের অবৈধ পথ দিয়ে যেন জঙ্গিরা পালিয়ে যেতে না পারে, সে জন্য স্বরাষ্ট্র্র মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট থানাপুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ইমিগ্রেশন কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা: সদ্য পলাতক দুই জঙ্গিকে ধরিয়ে দেওয়ার জন্য মাথাপিছু ১০ লাখ করে মোট ২০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে পুলিশ সদর দপ্তর। এ কান্ডে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুই জঙ্গির হদিস মেলেনি।
গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী: আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় কারও গাফিলতি থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। গতকাল সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে আরও বলেন, ছিনিয়ে নেওয়ার পর পরই পলাতক জঙ্গিদের ধরতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পুলিশ তাদের হন্যে হয়ে খুঁজছে। আশা করি শিগগিরই তারা ধরা পড়বে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।
ভিডিও ফুটেজে জঙ্গি ছিনতাইয়ের দৃশ্য: জঙ্গি ছিনতাইয়ের দৃশ্যসংবলিত সিসি ক্যামেরার একটি ফুটেজ এসেছে আমাদের সময়ের হাতে। এতে দেখা গেছে- দুপুর পৌনে ১টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে এক সহযোগী কোনো বাধা ছাড়াই দুই জঙ্গিকে নিয়ে একটি মোটরসাইকেলে করে পালিয়ে যাচ্ছে।
৪ জঙ্গিকেই ছিনতাইয়ের টার্গেট ছিল: একাধিক সূত্রে জানা গেছে, হাজিরা দিতে আসা চার জঙ্গিকেই পুলিশের হাত থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল তাদের সহযোগীরা। এ জন্য কয়েক দফা আদালত প্রাঙ্গণে র্যাকি করা হয়। আনুমানিক ২০ সদস্যের একটি জঙ্গি দল ওই চারজনকে ছিনিয়ে নিতে এসেছিল। তারা ঘটনাস্থলেই ছিল। চার জঙ্গিকে প্রিজনভ্যান থেকে আদালতে তোলা এবং আদালত থেকে আবার প্রিজনভ্যানের দিকে আনার পুরো বিষয়টি তারা নজরদারি করার পর যথাসময়ে হামলা চালায়। যে স্পটে হামলা হয়, সেখানে কোনো সিসি ক্যামেরা ছিল না। প্রত্যক্ষদর্শীরা বলছেন, পুরো ঘটনাটি ঘটেছে একদমই ফিল্মিস্টাইলে। প্রকাশ্য দিবালোকে ঘটলেও ভয়ে কেউ তাদের সামনে এগিয়ে যায়নি। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে দিয়ে হাজতখানার উদ্দেশে চার জঙ্গিকে নিয়ে যাচ্ছিলেন এক পুলিশ সদস্য এবং এক আনসার সদস্য। গেটের সামনে আসার পর পরই ওই চার আসামি পুলিশ ও আনসার সদস্যকে কিল-ঘুষি মারতে শুরু করে। বাইরে আরও চারজন লোক দাঁড়ানো ছিল বাইক নিয়ে। ঘুষি দেওয়ায় পুলিশ সদস্য আহত হন এবং তার শরীর থেকে রক্ত বের হয়। আচমকা এমন মারধরে হাতে ধরা দুই আসামিকে ছেড়ে দেন তিনি। আনসার সদস্য তার হাতে থাকা দুই আসামিকে ছাড়েননি। তাকে অনেক মারধর করা হয়েছে। তাকেও ঘুষি দেওয়া হয়েছে, ঝাঁজালো স্প্রে মারা হয়েছে। কিন্তু তিনি আসামি ছাড়েননি। পুলিশ সদস্য যে দুই আসামিকে ছেড়ে দিয়েছেন তারা বাইরে রাখা মোটরসাইকেলে উঠে চলে যায়।
সাঙ্গপাঙ্গদের সিগন্যাল পেয়ে পুলিশের ওপর চড়াও হয় ৪ জঙ্গি: রাস্তার বিপরীত পাশে মোটরসাইকেল নিয়ে অবস্থান করা সাঙ্গপাঙ্গদের সিগন্যাল পেয়েই গেটের কাছে এসে চার আসামি পুলিশকে কিল-ঘুষি মারতে শুরু করে। এর মধ্যে গেটের দারোয়ান ধরতে এলে তাকেও স্প্রে মারা হয়। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পার্কিংয়ে আরও ৩ জন ড্রাইভার ছিলেন, তাদেরও স্প্রে মেরে অজ্ঞান করা হয়। পথচারী ছিলেন অনেক, তাদের মধ্যে প্রথম কয়েকজনকে স্প্রে মারার পর অজ্ঞান হয়ে যাওয়ার কারণে ভয়ে বাকি পথচারীরাও সরে যান। বাইরে জঙ্গিদের আরও কয়েক সদস্য চাকু-ছুরি নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে এমন আশঙ্কায় সামনে এগিয়ে যেতে সাহস পাননি কেউই। জানা গেছে, মোহাম্মদপুর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলার বিচার শুরুর দিন ছিনিয়ে নেওয়া হয় ওই দুই জঙ্গিকে। রবিবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান ২০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৫ জানুয়ারি দিন ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম সারোয়ার জাকির জানান, রবিবার কারাগারে আটক ১২ আসামিকে আদালতে হাজির করা হয়। এ ছাড়া জামিনে থাকা দুই আসামি আদালতে উপস্থিত হন। তাদের উপস্থিতিতে অভিযোগ গঠনে শুনানি অনুষ্ঠিত হয়। তবে পলাতক ছয় আসামি উপস্থিত ছিল না। আদালতে শুনানি শেষে তাদের আদালত থেকে বের করা হয়।
ডিএমপির তদন্ত কমিটি, ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন: আদালত থেকে দীপন হত্যা মামলার মৃত্যুদ-প্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে ডিএমপি। রবিবার বিকালে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে (ক্রাইম অ্যান্ড অপস) সভাপতি করে গঠিত কমিটির বাকি চার সদস্য হলেন- ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন), যুগ্ম কমিশনার (সিটিটিসি), ডিএমপির লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ও ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সিআরও)। আদেশে বলা হয়েছে, দীপন হত্যা মামলার সাজাপ্রাপ্ত দুই আসামি ঢাকার আদালত থেকে ‘পলাতক’ হওয়ার ঘটনায় এ সংক্রান্ত দায়দায়িত্ব নির্ধারণ এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে বিস্তারিত সুপারিশমালা প্রণয়নের লক্ষ্যে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিকে পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ৩ কার্যদিবসের মধ্যে ডিএমপি কমিশনারের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় গতকাল দিনভর রাজধানীর বিভিন্ন সড়কে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন থাকতে দেখা গেছে। দুই জঙ্গির ঢাকার বাইরে যাওয়া ঠেকাতে পুলিশের পাশাপাশি তৎপর দেখা গেছে সোয়াত, এটিইউ ও র্যাব সদস্যদের।
পলাতকদের দ্রুত গ্রেপ্তারের আশা ডিএমপির: দ্রুত রবিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, পুলিশের চোখে স্প্রে মেরে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের গেট থেকে দুই আসামিকে কারা ছিনিয়ে নিয়েছেন, তাদের সম্পর্কে তথ্য পেয়েছি। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হব। দুজন আসামিকে কয়েকজন জঙ্গি এসে পুলিশকে আক্রমণ করে ছিনিয়ে নিয়ে যায়। এ-সংক্রান্ত একটি মামলা হয়েছে। মামলায় আব্দুস সবুর ও আরাফাত রহমানসহ ২০ জনকে এজহারনামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের সার্বিক নিরাপত্তার বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছি। ইতোমধ্যে যারা পালিয়েছে, তাদের গ্রেপ্তার করার কাজ শুরু হয়েছে। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা দাবি করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন আর রশীদ বলেন, পলাতক জঙ্গি শামীমের বাড়ি সুনামগঞ্জের ছাতকের মাধবপুর গ্রামে। সোহেলের বাড়ি লালমনিরহাটের আদিতমারীর ভেটোশ্বর গ্রামে। চোখে স্প্রে করার কারণে দায়িত্বরতরা কিছু দেখতে পারেননি। ঘটনার পর পরই আমাদের গোয়েন্দা সদস্যরা আসামিদের ধরার জন্য কাজ শুরু করেছেন। ঢাকার সব পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। আশপাশের অলিগলিতে তল্লাশি করা হচ্ছে। আশা করছি খুব দ্রুতই তাদের গ্রেপ্তারে আমরা সক্ষম হব।
গত বছরের ১০ ফেব্রুয়ারি জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় বহিষ্কৃত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়াসহ আটজনের মৃত্যুদ-ের রায় দেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ আদেশ দেন। দ-প্রাপ্ত আসামিদের মধ্যে দুজন গতকাল পালিয়ে যাওয়া সামির ও সাজিদ। অন্য আসামিরা হলেন- আকরাম হোসেন, আবদুস সবুর সামাদ ওরফে সুজন ওরফে রাজু ওরফে সাদ, খাইরুল ইসলাম ওরফে জামিল ওরফে জিসান, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন ওরফে শাহরিয়ার এবং শেখ আবদুল্লাহ ওরফে জুবায়ের ওরফে জায়েদ ওরফে জাবেদ ওরফে আবু ওমায়ের। তাদের মধ্যে জিয়া ও আকরাম পলাতক। ২০১৫ সালের ৩১ অক্টোবর রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের নিজ অফিসে জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সেদিন বিকালে তার স্ত্রী শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৮ সালের ১৫ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার ফজলুর রহমান। চার্জশিটে ৮ জনকে অভিযুক্ত এবং ১১ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়। ২০১৯ সালের ১৩ অক্টোবর ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্য চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হকসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।











































