মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি।।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউপির নেবুতলা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করলে নারী-পুরুষ ও শিশুসহ ৮জনকে আটক করেছে ৫৮ বিজিবি। গতকাল রবিবার ভোররাতে সীমান্ত পিলার ৫১/৬-এস হতে আনুমানিক ২০০ গজ দেশের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়। বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে।
আটককৃতরা হলেন, ফরিদপুর জেলার টুকান হাওলাদারের ছেলে মানিক হাওলাদার (৩২), বাগেরহাটের জাকির আকনের ছেলে বিল্লাল আকন (২২), গোপালগঞ্জ জেলার জিন্দার আলী শেখের ছেলে বেলাল শেখ (৩০), যশোরের এজার আলী মোল্যার ছেলে জাহাঙ্গীর মোল্যা (৩৪) একই জেলার জাহিদ আলীর স্ত্রী চায়না খাতুন (২৩) তার চার বছরের শিশুকন্যা (জুই), সাতক্ষিরা জেলার আজিজুল ইসলামের মেয়ে আরিনা খাতুন (১৬) ও মাদারীপুর শিবচরের নওয়াব মাতুব্বরের ছেলে শওকত আলী (২৮)।
বিজিবির অতিরিক্ত পরিচালক মসলিম মোঃ তারেক জানান, রাতের আঁধারে অবৈধ ভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে তাদের আটক করা হয়। আটককৃত সকলেই বাংলাদেশী নাগরিক। তাদের বিরুদ্ধে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।











































