ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাশেদুল ইসলাম নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আবু সুফিয়ান ও হুজাইফা নামে তার দুই শিশু সন্তান আহত হয়েছে।
বুধবার রাত দশটার দিকে শহরের ট্রাক টার্মিনাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল শহরের কাঞ্চননগর উত্তরপাড়া এলাকার শামসুল হকের ছেলে। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ পৌর শাখার সাধারণ সম্পাদক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, রাত দশটার দিকে রাশেদুল ইসলাম শহরের খাজুরা এলাকার একটি ওয়াজ মাহফিল থেকে দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। তাদের বহনকারী যানটি শহরের ট্রাক টার্মিনাল এলাকায় পৌঁছলে অপর দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাশেদুল গুরুতর হন। এ সময় তার দুই শিশু সন্তানও আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক রাশেদুলকে মৃত ঘোষণা করেন। আহত দুই শিশু হাসপাতালে চিকিৎসাধীন আছে।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











































