ঢাকা অফিস||
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনের মতো নির্বাচন চায় না। এ বিষয়ে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দেয়া হয়েছে। ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। মঙ্গলবার (১৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
রাশেদা সুলতানা জানান, গাইবান্ধা-৫ আসনের ভোটে অনিয়ম নিয়ে দ্বিতীয় প্রতিবেদনটি ইসি হাতে পেয়েছে। দুটি তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণের মাঝপথে নির্বাচন বন্ধ করে দেয় ইসি। ভোট চলাকালে সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে ৫১টি ভোটকেন্দ্রে ব্যাপক অনিয়ম দেখতে পেয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে অনিয়মের ঘটনা তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি ৫১টি ভোটকেন্দ্রের ঘটনা তদন্ত করে গত ২৭ অক্টোবর ইসিকে প্রতিবেদন দেয়। পরে গাইবান্ধা-৫ আসনের বাকি ৯৪টি ভোটকেন্দ্রে অনিয়ম ছিল কি-না, তা সিসি ক্যামেরার ফুটেজ দেখে পর্যবেক্ষণ প্রতিবেদন দিতে নির্দেশ দেয় ইসি। সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কমিটি ওই প্রতিবেদন জমা দেয়।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, কমিটি ইসিকে প্রতিবেদন দিয়েছে। তবে নির্বাচন কমিশনাররা এখনও প্রতিবেদন নিয়ে আলোচনা করেননি। শিগগির এটি নিয়ে তারা বসবেন। যারা দোষী সাব্যস্ত হবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে কী ব্যবস্থা বা কীভাবে ব্যবস্থা নেয়া হবে, এসব বিষয়ে এখন কিছু বলা সম্ভব নয়।
গাইবান্ধার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে রাশেদা সুলতানা বলেন, গাইবান্ধা-৫ আসনে নির্বাচনের পর জেলা পরিষদ, পার্বতীপুর পৌরসভা ও ফরিদপুরে উপনির্বাচন ভালো হয়েছে। মাঠ প্রশাসন ইসিকে সহযোগিতা করবে না—এ ধরনের কোনো বিষয় মনে হচ্ছে না। নির্বাচন ধারাবাহিকভাবে চলছে, মাঠ প্রশাসন ভালোই সাড়া দিচ্ছে। এছাড়া ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচন আগের মতোই ইভিএমেই হবে বলেও জানান এই নির্বাচন কমিশনার।











































