Home আঞ্চলিক তানু হত্যায় মূলহোতা ফরিদসহ গ্রেফতার ৯, পিস্তল উদ্ধার

তানু হত্যায় মূলহোতা ফরিদসহ গ্রেফতার ৯, পিস্তল উদ্ধার

10

 

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম তানু ভুঁইয়া হত্যার ঘটনায় জড়িত মূলহোতা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ফরিদ শেখসহ ৯ জনকে পুলিশ গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত এক রাউন্ড গুলিভর্তি পিস্তলটি। শনিবার গভীর রাতে বাগেরহাট পুলিশ পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার বালিডাঙ্গা গ্রাম থেকে তাদের গ্রেফতার করে। পুলিশের কাছে ফরিদ শেখ গুলি করে তানু ভুঁইয়াকে হত্যার কথা স্বীকার করেছে। মূল হত্যাকারী ফরিদ শেখসহ ওই আসামিরা শনিবার রাত থেকে ফরিদের ফুফুর বাড়ি ইন্দুরকানীর বালিডাঙ্গার একটি ঘরে অবস্থান করছিলেন। রোববার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

রোববার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস বিফিং করে পুলিশ সুপার কেএম আরিফুল হক এসব তথ্য জানান। পুলিশ সুপার জানান, নিহত তানু ভুঁইয়া ও ফরিদ শেখ একে অন্যের আত্মীয় ও প্রতিবেশী। এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক বেচাকেনা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডটি ঘটেছে। তাদের উভয়ের নামে একাধিক মামলা রয়েছে। তিনি জানান, শনিবার রাতে শহরের বাসাবাটি পদ্মপুকুর মোড়ে নুরে আলম তানু ভুঁইয়াকে গুলি করে হত্যার ঘটনায় নিহতের স্ত্রী কানিজ ফাতেমা রাখী বাদী হয়ে রোববার রাতে ১৭ জনের নাম উল্লেখ করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ এ হত্যা মামলায় এজাহার নামীয় ৮ আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত এই ৯ জনের মধ্যে কবির ছাড়া সবাই হত্যা মামলার এজহারভুক্ত আসামি। অন্য আসামিদের গ্রেফতারে তৎপরতা চালাচ্ছে পুলিশ।

তানু ভুঁইয়া হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামিদের মধ্যে রয়েছে- কিলিং মিশনে অংশ নেওয়া প্রধান ঘাতক ফরিদ শেখ (২৮), মনির (২৬), রাতুল (২৭), সিরাজুল (২৭), আলআমিন (৩০), সুমন ((২৬), সোহাগ (২৫), মুকুল শেখ (৫৩) ও কবির (৫০)। এদের মধ্যে সোহাগের বাড়ি শহরতলীর কাড়াপাড়া এলাকায়; অন্য সবার বাড়ি বাগেরহাটের বাসাবাটি এলাকায়।

এদিকে বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম তানু ভুঁইয়া হত্যাকাণ্ডের প্রতিবাদে জেলা বিএনপি ৪ দিনের ঘোষিত কর্মসূচি চলাকালে রোববার সকালে দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে শহরের পুরাতন বাজার মোড়ে বিক্ষোভ মিছিল-সমাবেশ শুরু করলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়।