Home জাতীয় বিচার বিভাগের ডিজিটালাইজেশনে আসছে বড় প্রকল্প

বিচার বিভাগের ডিজিটালাইজেশনে আসছে বড় প্রকল্প

8

ঢাকা অফিস।।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিচার বিভাগকে ডিজিটালাইজেশন করতে ২ হাজার ২২৬ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) জাতীয় সংসদে বিএনপি দলীয় সদস্য মো. মোশাররফ হোসেনের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘ই-জুডিশিয়ারি’ শীর্ষক নামে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। এটি শিগগিরই একনেক বৈঠকে উত্থাপন করা হবে।

মন্ত্রী জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে বিচার বিভাগ ডিজিটালাইজেশন প্রক্রিয়া তরান্বিত হবে। এতে দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক বিচার ব্যবস্থা নিশ্চিত হবে।

আনিসুল হক বলেন, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে প্রতিটি আদালতকে ই-কোর্ট রুমে পরিণত করা হবে। আটক দুর্ধর্ষ আসামিদের আদালতে হাজির না করে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে বিচারকার্য পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, প্রতিটি আদালত ও বিচারকার্যের সঙ্গে সম্পৃক্ত থানা, হাসপাতাল, কারাগারসহ সবাইকে সেন্ট্রাল নেটওয়ার্কের সংযুক্ত করা সম্ভব হবে। এতে বিচারপ্রার্থী জনগণের সময় ও অর্থের সাশ্রয় হবে। সূত্র : বাসস