Home জাতীয় সালমান রুশদি এক চোখে দেখছেন না, এক হাত অবশ

সালমান রুশদি এক চোখে দেখছেন না, এক হাত অবশ

10

 

খুলনাঞ্চল ডেস্ক।।

ম্যান বুকারজয়ী বিশ্বখ্যাত লেখক সালমান রুশদির ওপর নিউইয়র্কে হামলার দুই মাসের মাথায় তিনি তাঁর এক চোখে দেখতে পারছেন না। এছাড়া তাঁর একটি হাত অবশ হয়ে গেছে। তাঁর এজেন্ট এ তথ্য নিশ্চিত করেছেন বলে আজ রোববার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়েছে।

 

রুশদি এখনো হাসপাতালে আছেন কিনা তা বলতে রাজি হননি এজেন্ট। ওই হামলা রুশদির জন্য কতটা ভয়াবহ ছিল তা সম্প্রতি এক সাক্ষাৎকারে অ্যান্ড্রু ওয়াইলি তুলে ধরেছেন।

 

তিনি বলেন, রুশদির আঘাত ছিল গুরুতর। তিনি তাঁর এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। তাঁর ঘাড়ে তিনটি গুরুতর ক্ষত ছিল। বাহুর নার্ভ কেটে যাওয়ায় তাঁর একটি হাত অবশ হয়ে গেছে। তাঁর বুকে ও ঘাড়ে আরও প্রায় ১৫টি ক্ষত রয়েছে। এটি একটি নৃশংস হামলা ছিল।

 

গত ১২ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের শিটোকোয়া ইনস্টিটিউটে সাহিত্যবিষয়ক একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন ৭৫ বছর বয়সী এই সাহিত্যিক। সে সময় হাদি মাতার (২৪) নামের এক লেবানিজ বংশোদ্ভূত মার্কিন নাগরিক হঠাৎ করেই দৌড়ে মঞ্চে উঠে এসে তাঁকে ঘুসি ও ছুরিকাঘাত করতে থাকে। মেঝেতে পড়ে যান রুশদি। তাঁর পেট ও ঘাড়ে ছুরিকাঘাত করা হয়।

 

গুরুতরভাবে আহত রুশদিকে তখন হেলিকপ্টারে করে পেনসিলভানিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর অস্ত্রোপচার হয়। রুশদির এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি সে সময় জানিয়েছিলেন, রুশদি একটি চোখ হারাতে বসেছেন। তাঁর হাতের নার্ভগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে। ছুরিকাঘাতে লিভারও ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

এই হামলার পর বিশ্বের বহু লেখক, সাহিত্যিক ও সাংবাদিক নিন্দা জানান সামাজিক যোগাযোগমাধ্যমে।

 

সালমান রুশদির জন্ম ভারতের মুম্বাইয়ে। ১৪ বছর বয়সে তিনি যুক্তরাজ্যে যান। সেখানে পড়াশোনা শেষে লেখালেখি শুরু করেন। ‘মিডনাইট চিলড্রেন’ উপন্যাসের জন্য ১৯৮১ সালে বুকার পুরস্কার লাভ করেন। এ বইটির পর তিনি পেশাদার লেখকে পরিণত হন। এর আগপর্যন্ত তিনি যুক্তরাজ্যে কপিরাইটার হিসেবে কাজ করেছেন।

 

১৯৮৮ সালে তাঁর চতুর্থ উপন্যাস ‘দ্য স্যাটানিক ভার্সেস’ প্রকাশিত হওয়ার পর ধর্ম অবমাননার অভিযোগ তুলে পরের বছর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি এই লেখককে হত্যার ফতোয়া দিয়েছিলেন। সেই ফতোয়ার তিন দশক পর নিউইয়র্কে এই হামলা চালানো হয়। হামলার পরপরই ঘাতক হাদি মাতারকে গ্রেপ্তার করা হয়। ওই হামলার দুই সপ্তাহ আগে অবশ্য রুশদি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, হামলার ভয় কেটে গেছে, তিনি স্বাভাবিক জীবনযাপন করছেন।