Home আঞ্চলিক নজিরবিহীন ভোগান্তির সাক্ষী ছিলো খুলনা

নজিরবিহীন ভোগান্তির সাক্ষী ছিলো খুলনা

13

 

স্টাফ রিপোর্টার।।

খুলনার তেরখাদা উপজেলার বারাসত গ্রাম থেকে গতকাল শনিবার সকালে ভ্যানযোগে মেয়ে লামিয়াকে নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে নগরীর জেলখানা ঘাটে এসেছিলেন রুহুল আমিন। এসে দেখেন, ঘাটে পারাপার বন্ধ। উপায়ান্তর না পেয়ে যন্ত্রণাকাতর মেয়েকে নিয়ে ভ্যানে করেই ১০ কিলোমিটার ঘুরে রূপসা সেতু পার হয়ে হাসপাতালে পৌঁছাতে হয়েছে তাঁকে।

 

তিনি বলেন, এভাবে যানবাহন বন্ধ করে মানুষকে দুর্ভোগে ফেলা রীতিমতো অন্যায়। যানবাহন বন্ধের সঙ্গে নদীতে নৌকা পারাপার কেন বন্ধ করা হলো- এ প্রশ্নের উত্তর জানতে চান তিনি।

 

বিএনপির সমাবেশ বানচাল করতে গণপরিবহন বন্ধ রাখায় রুহুল আমিনের মতো গতকালও নজিরবিহীন দুর্ভোগের সাক্ষী হন খুলনা ও এর আশপাশের জেলার বাসিন্দারা। বাস, লঞ্চ ও ট্রলারের পর গতকাল ভোর থেকে ট্রেন, অটোরিকশা, ইজিবাইক, এমনকি ফেরিও বন্ধ করে দেওয়া হয়। খুলনার জেলখানা ঘাট ও নগরঘাটে বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। ভৈরব ও রূপসা নদীর সব ঘাটে ট্রলার চলাচল বন্ধ ছিল শুক্রবার রাত থেকেই।

 

তবে বিএনপির সমাবেশ শেষেই চালু হয় বাস চলাচল। দুই দিনের ধর্মঘট শেষে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে বিভিন্ন রুটে বাস ছেড়ে যায়। একই সময়ে রূপসা ও জেলখানা ঘাটে যাত্রী পারাপার শুরু হয়েছে। রাত ১০টায় কয়রাগামী লঞ্চও যথাসময়ে ছেড়ে যাবে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।

 

কিন্তু এর আগে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন অসুস্থ রোগী ও তাঁদের স্বজনরা। খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে যেতে তাঁদের কয়েক কিলোমিটার পথ ঘুরতে হয়েছে। খুলনার গুরুত্বপূর্ণ চার ঘাটে ট্রলার ও ফেরি বন্ধ থাকায় ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়েছে যাত্রীদের।

 

সকাল ৭টার দিকে নগরীর জেলখানা ঘাটে গিয়ে দেখা যায়, অসংখ্য মানুষ অপেক্ষা করছেন। ফেরি ও ট্রলার চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তাঁরা। সুমন শেখ ও তাঁর স্ত্রী জুলিয়া পারভীন জানান, তাঁরা ট্রেনে ঢাকা থেকে খুলনায় এসেছেন। নদী পার হয়ে তেরখাদায় বাড়িতে যাবেন। কিন্তু ট্রলার না চলায় দুই ঘণ্টা ধরে দাঁড়িয়ে রয়েছেন।

 

নগরীর রূপসা ঘাট, কাস্টম ঘাট, কালীবাড়ি ঘাট, বিআইডব্লিউটিএ খেয়াঘাটে গিয়ে দেখা যায়, ট্রলার চলাচল বন্ধ রয়েছে। রূপসা ঘাটের দুই প্রান্তে অসংখ্য মানুষ অপেক্ষা করছেন। রূপসা ঘাটে কথা হয় জয়নাল শেখ ও ইউনুস মোড়ল নামের দুই যাত্রীর সঙ্গে। তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সমাবেশ বিএনপির, আর বড় দুর্ভোগ জনগণের।

 

সকাল সোয়া ৭টায় বিআইডব্লিউটিএ লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ঘাটে ছয়টি লঞ্চ পন্টুনের সঙ্গে বাঁধা রয়েছে। তবে লঞ্চঘাটে কোনো যাত্রী নেই, একেবারেই ফাঁকা।

 

সকাল পৌনে ৮টায় সোনাডাঙ্গা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, কোনো বাস ছেড়ে যাচ্ছে না, আবার কোনো বাস খুলনায়ও আসছে না। তবে শুক্রবারের তুলনায় বাস টার্মিনালে যাত্রী ছিল কম। অধিকাংশ যাত্রী ধর্মঘটের বিষয়টি এরই মধ্যে অবগত হয়েছেন। সে কারণে বাস টার্মিনালে যাত্রী কম বলে জানান পরিবহন শ্রমিকরা।

 

চাঁপাইনবাবগঞ্জ থেকে সাতক্ষীরায় বোনের বাড়িতে যাওয়ার জন্য ট্রেনে করে সকালে খুলনায় আসেন হামিদ আলী। সোনাডাঙ্গা বাস টার্মিনালে ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করতে দেখা যায় তাঁকে। তিনি জানান, সাতক্ষীরার কালীগঞ্জে বোনের বাড়িতে যাবেন; কিন্তু বাস চলাচল যে বন্ধ থাকবে, তা তাঁর জানা ছিল না। এখন কীভাবে যাবেন, বুঝতে পারছেন না।

 

খুলনা-যশোর মহাসড়ক, কেডিএ অ্যাভিনিউসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দিনভর ব্যক্তিগত যানবাহনের সংখ্যাও ছিল খুব কম। নগরীর ডাকবাংলো এলাকার আশপাশের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ ছিল।

 

বাস, লঞ্চ ও ট্রলার বন্ধ থাকায় সাধারণ মানুষের পাশাপাশি হাসপাতালে রোগী আনা-নেওয়ায় চরম দুর্ভোগ দেখা দেয়। সড়ক ও নদীপথে সব পরিবহন বন্ধ থাকার সুযোগে অ্যাম্বুলেন্স ভাড়াও বাড়িয়ে দেওয়া হয়। খুমেক হাসপাতালে গিয়ে দেখা যায়, বাইরে থেকে অনেকেই ভ্যান ও ইজিবাইকে করে রোগী নিয়ে আসছেন। আবার দূরের রোগী যাঁরা, তাঁরা ছাড়পত্র পেয়েও হাসপাতালেই বসে আছেন।

 

কয়রা উপজেলার সালমা খাতুনের অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করানো হয়েছে। গত শুক্রবার তাঁকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে তাঁর ছাড়পত্র দেওয়া হয়েছে। কিন্তু কীভাবে নবজাতককে নিয়ে দূরের পথে বাড়ি ফিরবেন- সেই দুশ্চিন্তায় তিনি।

 

সালমার স্বামী সাইফুল ইসলাম বলেন, শহরে তাঁদের কোনো আত্মীয়স্বজন নেই। এদিকে গাড়িসহ লঞ্চও বন্ধ। গাড়ি না ছাড়া পর্যন্ত হাসপাতালেই থাকতে চান তিনি। একই দুরবস্থার কথা জানালেন নড়াইলের অহিদুজ্জামান। তিনি এসেছিলেন তাঁর বাবার চিকিৎসা করাতে। শুক্রবার তাঁর বাবার ছাড়পত্র দেওয়া হলেও গতকালও হাসপাতালের বারান্দায় পড়ে ছিলেন তাঁরা।

 

খুমেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আশরাফ হোসেন বলেন, সুস্থ হয়েও অনেকে ছাড়পত্র নিতে চাইছেন না। আবার ছাড়পত্র নিয়েও অনেকে হাসপাতাল ছাড়ছেন না। মানবিক কারণে তাঁদের সরাতে পারছি না।

 

এদিকে ছাড়পত্র পাওয়া রোগী না যাওয়ায় নতুন ভর্তি রোগীদের নিয়ে বিড়ম্বনায় পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শয্যা না পেয়ে বারান্দা ও মেঝেতে ভিড় বেড়েছে। বারান্দায় অবস্থানরত রোগীর স্বজনরা অভিযোগ করেন, গত দুই দিন হাসপাতালের বারান্দা ও মেঝেতেও ঠাঁই হয়নি অনেক রোগীর। যাঁরা আছেন, ঠিকমতো সেবা পাচ্ছেন না বলেও জানান তাঁরা।

 

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. রবিউল হাসান বলেন, গত দুই দিনে হাসপাতালের ইনডোর ও আউটডোরে রোগীর চাপ বেড়েছে। সে অনুযায়ী আমরা সাধ্যমতো সেবা দেওয়ারও চেষ্টা করে যাচ্ছি। ভর্তি রোগীদের ক্ষেত্রে যতটুকু সুযোগ-সুবিধা পাওয়ার কথা, তাঁরা তা পাচ্ছেন না।

 

ট্রেনও বন্ধ: সকাল থেকে বিকেল পর্যন্ত খুলনায় কোনো ট্রেন আসেনি। খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বলেন, সকাল ৬টা ৪৫ মিনিটে খুলনা থেকে বেতনা এক্সপ্রেস নামে একটি ট্রেন ছেড়ে যাওয়ার কথা ছিল, সেটি যায়নি। আর রাজশাহী থেকে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন দুপুর ১২টা ১০ মিনিটে খুলনায় আসার কথা ছিল, সেটি এসেছে বিকেল ৫টার দিকে।

 

হেঁটে বাড়ি ফেরার চেষ্টা: সকাল থেকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে কোনো গণপরিবহন চলাচল করেনি। খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে নগরীর গল্লামারী ও ডুমুরিয়ার সড়কগুলোতে মাঝেমধ্যে দু-একটি ইজিবাইক ও রিকশা চলাচল করতে দেখা গেছে। তবে খুলনা-সাতক্ষীরা মহাসড়কসহ গল্লামারী এলাকায় বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে। এসব এলাকায় দোকানপাট স্বাভাবিকভাবে খোলা থাকলেও কোনো ক্রেতার ভিড় ছিল না। দূরপাল্লার মানুষকে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে।

 

বটিয়াঘাটার কৈয়া বাজার এলাকার বাসিন্দা হিমাংশু গোলদার জানান, তাঁর এক আত্মীয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি আছেন। তাই তাঁকে দেখতে সকাল ৯টায় বাড়ি থেকে বের হয়েছিলেন। সাড়ে ১১টা পর্যন্ত অপেক্ষা করেও কোনো গাড়ি না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। এমন দুর্ভোগ ছিল শত শত মানুষের।

 

ভারত থেকে এসে বিপাকে: যশোর অফিস জানায়, অঘোষিত বাস ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শুক্রবার থেকে খুলনাগামী বাস চলাচল বন্ধ থাকায় প্রথম দিনের মতো গতকালও যাত্রীরা সীমাহীন দুর্ভোগের শিকার হন। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ থেকে ছেড়ে আসা বাস যশোরে আটকে ছিল। একই সঙ্গে আঞ্চলিক রুটের বাস চলাচলও বন্ধ রয়েছে। যাত্রীরা ভেঙে ভেঙে বিকল্প যানবাহনে গন্তব্যে যাচ্ছেন। এ জন্য তাঁদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। এদিকে বাস চলাচল বন্ধ থাকায় ট্রেন ছিল খুলনাগামী যাত্রীদের ভরসা। শনিবার সকাল থেকে বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচলও।

 

যশোর টার্মিনালে পিরোজপুর মঠবাড়িয়ার মালতি রানী জানান, তিনি দেড় মাস ভারতের কলকাতার একটি ক্লিনিকে চিকিৎসা শেষে গতকাল সকালে বেনাপোল দিয়ে যশোরে আসেন। বেনাপোল থেকে আঞ্চলিক রুটের বাসে করে যশোর টার্মিনালে এসে তিনি খুলনাগামী কোনো বাস না পেয়ে ভোগান্তিতে পড়েছেন। ক্ষুব্ধ এই নারী বলেন, কলকাতা থেকে অপারেশন শেষে শনিবার সকালে যশোর পৌঁছেছি। অসুস্থ শরীর নিয়ে একটা বাস কাউন্টারে চার-পাঁচ ঘণ্টা বসে আছি, কোনো উপায় পাচ্ছি না।

 

সাতক্ষীরা ও মেহেরপুরে দুর্ভোগ: সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরা-খুলনা রুটে বাস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। পলাশপোল গ্রামের লতিফুল ইসলাম বলেন, জরুরিভাবে পরিবার নিয়ে খুলনায় যাওয়া দরকার। বাড়ি থেকে বেরিয়ে দেখেন, খুলনার বাস বন্ধ। তাই বিপাকে পড়েছেন পরিবার-পরিজন নিয়ে। কাটা লাইনে যাচ্ছেন। ইজিবাইক চালকরা ভাড়া বেশি আদায় করছেন।

 

মেহেরপুর থেকে খুলনাগামী যানবাহন চলাচল শনিবারও বন্ধ ছিল। এতে দুর্ভোগে পড়েন মেহেরপুর থেকে খুলনাগামী সাধারণ যাত্রীরা। মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের নুর হোসেন বলেন, আমার বোনের মেয়ের বিয়ে ছিল যশোরে। গাড়ি বন্ধ থাকায় যেতে পারলাম। আমার ভগ্নিপতি মারা গেছেন। আমরা বিয়ের আয়োজনে অগ্রভাগে থাকার কথা থাকলেও যেতে পারিনি। আমার বোনটি ফোন দিয়ে কান্নাকাটি করছিল।