Home আঞ্চলিক খুলনায় জ্যোতি সেফ হোমে শিশু ধর্ষনের ঘটনায় মামলা : ধর্ষককে গ্রেফতারের দাবিতে...

খুলনায় জ্যোতি সেফ হোমে শিশু ধর্ষনের ঘটনায় মামলা : ধর্ষককে গ্রেফতারের দাবিতে মানবন্ধন

97

 

স্টাফ রিপোর্টার।।

নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন বউ বাজার এলাকায় জ্যোতি সেফ হোমে এক মেয়ে শিশু (১০) ধর্ষনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার ভুক্তভোগীর মা বাদি হয়ে মো: শরিফুল (১৭) কে আসামি করে সোনাডাঙ্গা মডেল থানায় ধর্ষন মামলা দায়ের করেন। যার মামলা নং-১১। ধর্ষক শরিফুল খুলনা সদর থানাধীন ৪নং ঘাট এলাকার বাসিন্দা সাহেব আলীর পুত্র।

এদিকে ধর্ষককে গ্রেফতারের দাবিতে রোববার বিকেলে নগরীতে প্রেসক্লাবের সামনে জনউদ্যোগ, খুলনার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মমতাজুলক হক বলেন, জ্যোতি সেফ হোমে শিশু ধর্ষনের অভিযোগে ভুক্তভোগীর মা বাদি হয়ে একজনের নাম উল্লেখ করে ধর্ষনের মামলা দায়ের করেন।

মামলায় ধর্ষনের শিকার শিশুটির মা উল্লেখ করেন, তার মেয়ে (১০) তয় শ্রেণীর ছাত্রী। মেয়েটির মা বাসা বাড়িতে কাজ করে। সেই কারণে তার মেয়েকে সোনাডাঙ্গা মডেলথানাধীন এম এ বারী সড়কস্থ পুরাতন বৌ-বাজার সংলগ্ন ‘জ্যোতি সেফ হোম’ নামক এনজিওতে ৪-৫ বছর ধরে রাখে। ওই সেফ হোমে শরিফুলও থাকে। গত ১৪ অক্টোবর জ্যোতি সেফ হোমের পরিচালক রূনা তাকে ডেকে বলে তার মেয়ের যৌনাঙ্গ ফুলে ঘা হয়ে অসুস্থ হয়ে পড়েছে এবং তার মেয়েকে বাসায় নিয়ে যাওয়ার জন্য বলে। শিশুটির মা তাকে নিয়ে বাসায় যায় এবং স্থানীয় এক ধাত্রীকে দেখালে সে বলে আমার মেয়ে কেউ ধর্ষন করেছে। পরবর্তীতে মা তার মেয়ের কাছে জানতে চাইলে সব কিছু বলে দেয়। শিশুটি তার মাকে বলে, শরিফুল বিভিন্ন সময়ে তাকে ৪-৫ বার জোর পুর্বক ধর্ষণ করে। জ্যোতি সেফ হোম নামক এনজিও এর নিচ তলায় ছেলেদের ঘুমানোর রুম। গত  ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় উক্ত রূমের অন্যান্য ছেলেরা ৩য় তলায় খেলা করার জন্য গেলে ওই সময় রূমের ভিতর কেউ না থাকায় শরিফুল তার মেয়েকে জোরপুর্বক ধর্ষন করেন।

এদিকে রবিবার বিকেলে সাড়ে ৪টায় খুলনা প্রেস ক্লাবের সামনে জনউদ্যোগ,খুলনার আয়োজনে খুলনায় সেফ হোমে শিশু ধর্ষনের অভিযুক্তদের আইনের আওতায়  এনে বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনের সভাপতিত্ব করেন জনউদ্যোগ নারী সেলের আহবায়ক এ্যাডঃ শামীমা সুলতানা শীলু। সভা পরিচালনা করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী এ্যাডঃ মোমিনুল ইসলাম ও জনউদ্যোগ,খুলনার সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জনউদ্যোগের উপদেষ্ঠা ও মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি শ্যামল সিংহ রায়, সম্মিলিত নারী অধিকারের সুতপা বেদজ্ঞ, মহিলা পরিষদের অজন্তা দাস, পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন, বৃহত্তর আরা খুলনাবাসীর ডাঃ মোঃ নাসির উদ্দীন, খুলনা উন্নয়ন ফোরামের কো-চেয়ারপরসন ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু,মোঃ আফিস ইকবাল, পরিবর্তন খুলনার শিরিন পারভীন.ছায়াবৃক্ষের মাহবুব আলম বাদশা,সোনালী দিন প্রতিবন্ধী সংস্থারসাজেদা ইসলাম, সালমা জাহান,মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক এ্যাডঃ জাহানারা পারভীন, উল্লাসিনী সরকার,রেজাউল আলম চৌধুরী বিপ্লব প্রমুখ। মানবন্ধনে বক্তারা বলেন, সেফ হোমগুলো শিশুদের জন্য নিরাপদ করে গড়ে তুলতে হবে। নতুবা শিশুদের ঝুঁকি আরো বেড়ে যাবে। কন্যা শিশুদের নিরাপত্তাহীনতার বিষয়টি আমাদের দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। প্রতিনিয়তই কোথাও না কোথাও কন্যা শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে। দেশে প্রচলিত কুসংস্কার, সামাজিক অসচেতনতা, অশিক্ষা, পর্যাপ্ত জ্ঞানের অভাব প্রভৃতি কারণে ছেলে শিশুদের তুলনায় কন্যা শিশুরা নানা দিক দিয়ে বৈষম্যপূর্ণ অবস্থানে রয়েছে। উচ্চবিত্ত পরিবার থেকে নিম্নবিত্ত কোথাও নিরাপদে নেই কন্যা শিশুরা। বক্তারা বলেন, খুলনায় সেফ হোমে শিশু ধর্ষনের অভিযুক্তদের আইনের আওতায়  এনে বিচার ও শাস্তির দাবি করেন। পাশাপাশি খুলনায় অনিরাপদ সেফ হোমগুলো বন্ধের দাবি জানান।

উল্লেখ্য, ভিকটিমের মা তার মেয়েকে শারীরিক পরীক্ষার জন্য গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে এসে গাইনী ওয়ার্ডে ভর্তি করেন। পরের দিন কর্তব্যরত চিকিৎসক তাকে ওসিসিতে রেফার্ড করেন।  ধর্ষনের শিকার মেয়ের মা জানায়, এর আগে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে ডাক্তারের কাছে যান। ওই সময় চিকিৎসকরা জানান, মেয়েটি গোপনাঙ্গে গুরুত্বর ক্ষত রয়েছে।